উত্তর কোরিয়ায় নির্বাচন কীভাবে হয়?
১৭ বছরের বেশি বয়সী প্রত্যেক নাগরিক ভোটার। ভোটের দিন তাঁদের সকাল সকাল ভোটকেন্দ্রে যেতেই হবে। যেন দীর্ঘ লাইন দেখা যায়। ব্যালট পেপারে একটাই নাম থাকে। আর কিছু না। আপনাকে সিল দিতে হবে না। টিকচিহ্নও না। ব্যালট পেপারটা বাক্সে ঢোকাতে হবে। আপনি গোপন ঘরে ঢুকে ব্যালট পেপারের নামটা কেটে দিতে পারেন। তা করতে পারেন, যদি আপনার ঘাড়ে দুটি মাথা থাকে। তবে কোরিয়ানদের একটা করে মাথা থাকায় তাঁরা প্রকাশ্যেই ব্যালট পেপার বাক্সে ঢোকানোর কাজটি সারেন।
ভোট দেওয়া শেষ হলে রাস্তায় গিয়ে ভোটারদের তাঁদের প্রাণপ্রিয় নেতাকে ভোট দেওয়ার জন্য আনন্দ করতে হবে। এটা করাও বাধ্যতামূলক। কেউ আনন্দ প্রকাশে ব্যর্থ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
কম্বোডিয়ার কীভাবে ভোট হলো?
কম্বোডিয়ায় শাসক দল সিপিপি। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দলটিকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়। কাজেই শুধু শাসক দলই ভোট করেছে। এখন সমস্যা হচ্ছে, ভোটাররা যদি ভোটকেন্দ্রে গোপন ঘরে ঢুকে ব্যালট পেপার নষ্ট করেন, বা ব্যালট পেপারে বাজে কোনো কথা লিখে ফেলেন? সে জন্য এ ধরনের কাজ বন্ধ করার আইন পাস করা হয়েছে। ভোট বয়কটের ডাক দেওয়াকে কঠোর হাতে দমন করা গেছে। বিরোধী নেতাদের গ্রেপ্তার করে একটা সুষ্ঠু ভোটে একমাত্র প্রতিদ্বন্দ্বী দল নিরঙ্কুশ জয় লাভ করেছে। এরপর জনগণ শাসকদলের পতাকার মতো আকাশি-নীল জামা পরে রাস্তায় উল্লাস প্রকাশ করেছে।
হতাশাবাদী ও আশাবাদীর পার্থক্য
হতাশাবাদী আর আশাবাদীর মধ্যে পার্থক্য জানেন? মার্কিনদের মতো হতাশাবাদীরা বলে থাকে, উত্তর কোরিয়া আর কম্বোডিয়ায় ভোট হয়নি। ওগুলো গণতন্ত্র নয়, মতপ্রকাশের স্বাধীনতা ওই সব দেশে নেই। কাজেই তারা নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে।
আর একজন আশাবাদী কী বলেছে জানেন? না। ওই দুই দেশের নির্বাচন অত খারাপ নয়। ওখানে তো ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছেন।
কোরিয়ানরা কেন দাঁতের ডাক্তারের কাছে যায় না?
এবার একটা উত্তর কোরিয়ান কৌতুক। একজন আঙুর বিক্রেতা হাঁকাচ্ছেন, আমার আঙুর কিনুন। ভেতরে বিচি নেই।
তার আঙুর দেদার বিক্রি হয়ে গেল।
একজন বাঙালি চিনাবাদাম বিক্রেতা তাই দেখে হাঁকতে লাগল, আমার বাদাম কিনুন। ভেতরে বিচি নেই।
কথা কম। কথা কম।
কোরিয়ানরা কেন দাঁতের ডাক্তারের কাছে যায় না? কারণ, ডাক্তার তাঁদের মুখ খুলতে বলবেন।