নাপিতের হুমকি
নাপিত কাঁচি চালাতে চালাতে নেতাকে বললেন, ‘স্যার, আপনি নাকি ঘুষের টাকায় চলেন; লোকজন তো খ্যাপা! আপনার কইলাম খবর আছে!’
নেতা ধমকে উঠলেন, ‘চুপ কর, ব্যাটা!’
পরদিন চুল কাটাতে গেলেন এক সরকারি কর্তা। নাপিত বললেন, ‘স্যার, আপনি নাকি বিশাল দুর্নীতিবাজ, লোকজন তো খ্যাপা! আপনার কইলাম খবর আছে!’
সরকারি কর্তাও ধমক দিলেন, ‘মুখ বন্ধ রাখ, ব্যাটা!’
কদিন পর নাপিতের দোকান ঘেরাও করল পুলিশ। ক্যাঁক করে ধরে শুরু করল জেরা, ‘এই ব্যাটা নাপিত, তুই নাকি কাস্টমারদের আজেবাজে কথা বলিস? তোর উদ্দেশ্য কী?’
নাপিত আমতা আমতা করলেন, ‘স্যার, এইসব বললে ভয়ে ওনাদের চুল খাড়া হয়া যায়, আমার চুল কাটতে সুবিধা। তাই বলি!’
বন্ধুর জন্য
প্রথম বন্ধু জিজ্ঞেস করল, ‘শোন, দোস্ত, আমি মরে গেলে তুই অন্তত দুই শ টাকা খরচ করে আমাকে শেষ দেখা দেখতে আসতি না, বল?’
দ্বিতীয় বন্ধু বলল, ‘যেতাম, নিশ্চয়ই যেতাম! কিন্তু হঠাৎ এই প্রশ্ন...?’
প্রথম বন্ধু বলল, ‘তাহলে শোন, সেই শ দুয়েক টাকা তুই এখন আমাকে দে; আর আমি যখন মরব, তখন তোকে আর আসতে হবে না।’
মোটিভেশন
মোটিভেশনাল স্পিকারের কাছে গেছে হতাশ যুবক।
মোটিভেশনাল স্পিকার জিজ্ঞেস করলেন, ‘নিজেকে নিয়ে আপনি হতাশ?’
হতাশ যুবক মাথা নেড়ে বলল, ‘হ্যাঁ!’
মোটিভেশনাল স্পিকার জানতে চাইলেন, ‘কোথাও যাওয়ার জায়গা নেই? ভীষণ একা আপনি?’
এবারও হতাশ যুবক মাথা নেড়ে বলল, ‘হ্যাঁ!’
মোটিভেশনাল স্পিকার বললেন, ‘এসব সমস্যা সমাধানের আগে “না” বলা শিখুন। তারপর প্রশ্নগুলোর উত্তর দিন।’
বুদ্ধি থাকলে
বাসা রং করা হচ্ছে। তার মধ্যে বাবুলের বন্ধু জমির বাসায় এসে হাজির।
বাবুলের স্ত্রী টুম্পা গেল খেপে।
টুম্পা: তোমার কি আক্কেলজ্ঞান আর হবে না?
বাবুল: কেন, কী হয়েছে?
টুম্পা: ঘরদোর রং করা হচ্ছে, চারদিক লন্ডভন্ড অবস্থা; আর তুমি তোমার বন্ধুকে দাওয়াত করে বসলে!
বাবুল: আরে, জিনিসপত্র সরাতে আরেকটা লোক দরকার বলেই না ওকে দাওয়াত দিলাম!
পুরোনো সম্পর্ক
ছোট্ট নাবিল নতুন একটা বই দেখেছে বন্ধুর কাছে।
এক পৃষ্ঠা পড়েই পুরো বইটা পড়ার জন্য মন আঁকুপাঁকু করছে।
বড় বোন পিয়ালকে বলল, ‘আপু, মায়ের কাছে বই কেনার টাকা চা না প্লিজ!’
পিয়াল বলল, ‘তুই চা না! মা তো শুধু আমার না, তোরও।’
নাবিল বলল, ‘তা তো চাইতেই পারি, কিন্তু মায়ের সঙ্গে তোর সম্পর্ক তো আমার চেয়ে অনেক বেশি পুরোনো, ঠিক না?’
ট্রেডমিলে সময়
হাবুর ওজন বেড়ে গেছে। তাই গেল ডাক্তারের কাছে।
ডাক্তার বললেন, ‘আপনার তো ওজন কমানো খুব জরুরি।’
হাবু বলল, ‘তাহলে কী করব, ডাক্তার সাহেব?’
ডাক্তারের পরামর্শ, ‘আপনার উচিত ট্রেডমিলে অ্যাটলিস্ট এক ঘণ্টা কাটানো।’
হাবুর প্রশ্ন, ‘ট্রেডমিলে এক ঘণ্টা বসে কাটালেও হবে?’