পাশে আরেকজনের জন্য জায়গা খালি রেখে ছবি তোলার রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: আসিফ

প্রায় মধ্যরাতে মাখন আমাকে ফোন করে বলল, ‘দোস্ত, আমার তো খুব অস্থির লাগছে!’

আমি খুব ভয় পেয়ে গেলাম, ‘কেমন লাগছে তোর? পেটে ব্যথা করছে? বমি পাচ্ছে?’

মাখন প্রায় কাঁদো কাঁদো স্বরে বলল, ‘আরে ব্যাটা, ওই রকম অস্থিরতা না। আমার অন্য রকম অস্থির লাগছে।’

অস্থিরটা কেমন, সেটা আমি কী করে বুঝব! বিরক্ত হয়ে মাখনকে বললাম, ‘কিছু লক্ষ্মণ বল। দেখি লক্ষ্মণ দেখে রোগ ধরতে পারি কি না।’

মাখন আমার চেয়ে দ্বিগুণ বিরক্ত হয়ে বলল, ‘তোকে বলছি, আমার অস্থির লাগছে; এটাই কি সবচেয়ে বড় লক্ষ্মণ না!’

আমি দেখলাম, মাখনের কথায় যুক্তি আছে। অস্থিরতাও একটা লক্ষ্মণ হতে পারে। আমি এবার আমার পেটে যত রোগের নাম আছে সব একে একে বের করি—‘ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয়, যক্ষ্মা, হুপিং কাশি, ডিপথেরিয়া, এডিস মশা...।’

মাখন আমাকে ঝাড়ি মেরে বলল, ‘এডিস মশা কি কোনো রোগ, ব্যাটা বুরবক! ভাগ্য ভালো তুই মেডিকেলে চান্স পাস নাই! ডাক্তার হলে তো সব রোগী মেরে ফেলতি!’

মাখনের কথায় এবার সব ডাক্তারকে আমার শ্রেণিশত্রু মনে হতে লাগল! আমি চুপ হয়ে গেলাম।

‘কিরে, তুই হঠাৎ চুপচাপ হয়ে গেলি ক্যান! আমাকে কিছু একটা সাজেশন দে। আমার তো এখনই তিনতলা থেকে লাফ দিয়ে মরে যেতে ইচ্ছে করছে।’

আমি অবাক হয়ে গেলাম, ‘তিনতলা থেকে লাফ দিতে ইচ্ছে করছে, এটা আবার কী ধরনের রোগ!’

আমার মতো আন্তর্জাতিক মানের বেকুবকে প্যাঁচানো কথা বলে কাজ হবে না বুঝতে পেরে মাখন এবার সোজা পথ ধরল, ‘ইদানীং ফেসবুকে তুই আমার প্রোফাইল পিকগুলো দেখে কিছু বুঝতে পারছিস না?’

আমি আবারও অবাক হলাম, ‘খুব সুন্দর ছবি। ক্যামেরার কাজ ভালো। অসাধারণ ফটোগ্রাফি। আমি তো তোর ছবিতে কমেন্ট করেও এই কথাগুলো বলেছি।’

মাখন পারলে মোবাইল ফোনের ভেতর থেকে আমাকে একটা ঘুষি মারে। সে প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, ‘ওরে খোদা, এটা আমি কাকে ফোন করলাম!’

আমার হঠাৎ করে মনে হলো, ‘ইদানীং তোর প্রোফাইল ছবিগুলো সব একই ধরনের। পুরো ছবিটার এক পাশে তুই। অন্য পাশ পুরোটা খালি। ঘটনা কী?’

মাখন এবার একটু খুশি হলো, ‘এই তো বুদ্ধু, এবার তোর মাথা খুলেছে! কেন আমি আমার পাশে পুরো জায়গাটা খালি রাখছি, সেটা কি একবারও তোর মাথায় আসেনি?’

আমি অবাক হয়ে বললাম, ‘আমি তো ভেবেছি এটা ছবি তোলার নতুন কোনো স্টাইল। আমিও এই পোজে কয়েকটা ছবি তুলব ভেবেছিলাম। ভালো ক্যামেরার অভাবে পারছি না!’

মাখন হতাশ হয়ে বলল, ‘এটা কোনো নতুন স্টাইল না রে, গাধা! আমি আমার পাশে আরেকজনের জন্য এই জায়গাটা খালি রাখছি, এটা বোঝানোর জন্যই এ রকম ছবি।’

এবার সবকিছু আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। মাখনের এই অস্থিরতা তো সেই অস্থিরতা নয়। এই অস্থিরতা একবার জাগলে মন উদাস হয়ে যায়, গলার কাছে একটা কান্না এসে দলা পাকায়, সবকিছু মরুভূমির মতো লাগে। আমি বেশ নরম সুরে মাখনকে বলি, ‘তুই সেই পুরোনো স্টাইলে যাসনি কেন? তোর সিঙ্গেল খাটটা ফেলে দিয়ে একটা ডাবল খাট কিনে নিয়ে এলেই তো তোর বাবা সবকিছু বুঝে ফেলতেন। তোর বাবা সেকেলে মানুষ। তাঁকে তো প্রাচীন পদ্ধতি দিয়েই বোঝাতে হবে।’

মাখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ‘সেকেলে হলে কী হবে দোস্ত, বাবার তো ফেসবুকে আইডি আছে! বাবা আমার ফেসবুক ফ্রেন্ড! আমি ফেসবুকে এই স্টাইলের বেশ কয়েকটা ছবি দেওয়ার পর একদিন লজ্জা-শরমের মাথা খেয়ে বাবার সামনে দাঁড়ালাম...’

আমি অবাক হই, ‘লজ্জা-শরমের কী আছে! তিনি না তোর ফেসবুক ফ্রেন্ড!’

মাখন রেগে যায়, ‘ফেসবুকে ফ্রেন্ড হলে কী হবে, বাস্তবে তো বাবা। আমি খুব আগ্রহ নিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, “আমার ছবিগুলো কেমন হচ্ছে?”’

আমার খুব কৌতূহল হলো, ‘তারপর? তিনি কী বললেন?’

মাখন বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ‘বাবাও তোর মতো একই কমেন্ট করেছেন। অসাধারণ ফটোগ্রাফি। এই ছবি এক্সিবিশনে যাওয়া উচিত। পুরস্কার পাওয়ার মতো ছবি।’

আমি হাসতে থাকি, ‘দেখেছিস, আমি বলেছিলাম না, ছবি খুব ভালো হয়েছে। তুই ছবিগুলো এক্সিবিশনে দিয়ে দে।’

মাখন আমার কথা শুনতেই পেল না বোধ হয়। বলল, ‘আমি আর বেশি দিন বাঁচব না, দোস্ত। এত অস্থিরতা নিয়ে কেউ বেশি দিন বাঁচে না! তোর কাছে যা টাকা পাই ওগুলো দিয়ে যাস। মরার আগে একজন ভালো ফটোগ্রাফারকে দিয়ে আরও কিছু ছবি তুলে যাই। স্মৃতি হিসেবে থাকুক।’

আমি নিরীহ সুরে বলি, ‘তোর বাসাটা তো তিনতলা। ওখান থেকে লাফিয়ে পড়লে হাত-পা ভেঙে বাসায় বসে থাকবি। তার চেয়ে আমার বাসায় চলে আয়।’

মাখন আগ্রহী হলো, ‘তোর বাসায় গিয়ে কী করব?’

‘আমার বাসা সাততলায়। এত উঁচু থেকে লাফ দিলে ভালো-মন্দ কিছু একটা হয়ে যেতে পারে!’

মাখনের গালি শুরু হওয়ার আগেই আমি ফোনের লাইন কেটে দিলাম। আমারও কেমন যেন অস্থির লাগছে!