তাই তো আশায় আবদুল করিম মেসেঞ্জারে থাকি

এসে গেছেন ঋতুরাজ বসন্ত। এই বসন্ত বাতাসের জাদুতে মুগ্ধ হয়েই শাহ আবদুল করিম লিখেছিলেন সেই বিখ্যাত গানটি, ‘বসন্ত বাতাসে সইগো’। কিন্তু একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগে যদি গানটি লেখা হতো, তাহলে সেটা গীতিকার কীভাবে লিখতেন? মাথার ঘাম ভুঁড়িতে ফেলে ভাবার চেষ্টা করেছেন আসফিদুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সাদ্দাম হোসেন

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ

আমার বাড়ি আসে

সইগো, বসন্ত বাতাসে…

বন্ধুর বাড়ির ফুলের গন্ধ ছিল অত্যন্ত শক্তিশালী, ঠিক আগেকার দিনের ইলিশ মাছের মতো। সে সময় ইলিশ মাছ রান্না করলে পুরো এলাকা গন্ধে ম-ম করত, যেমন করত বন্ধুর বাড়ির ফুল। কিন্তু পরিবেশ বিপর্যয়ের কারণে এখনকার সময়ে এসে ফুলের গন্ধও হয়ে গেছে দুর্বল। তাই বসন্ত বাতাসে সেটা গীতিকারের বাড়ি পর্যন্ত পৌঁছাত না। বরং তার চেয়ে বন্ধুর বাড়ির এয়ার ফ্রেশনারের গন্ধ আসার সম্ভাবনা অনেক বেশি। সে ক্ষেত্রে গানটা লেখা হতো এভাবে—

বসন্ত বাতাসে সইগো

বসন্ত বাতাসে

বন্ধুর এয়ার ফ্রেশনারের গন্ধ

আমার বাড়ি আসে

সইগো, বসন্ত বাতাসে…

বন্ধুর বাড়ির ফুলবাগানে

নানান রঙের ফুল

ফুলের গন্ধে মন আনন্দে

ভ্রমর হয় আকুল

সইগো, বসন্ত বাতাসে…

বন্ধুর বাড়ির ফুলবাগানে একদা নানা রঙের ফুল ফুটত। আর সেই ফুলের গন্ধে ভ্রমরও নাকি হয়ে যেত ‘ক্রেজি’! তবে এখনকার সময়ে বন্ধুর বাড়িতে ফুলবাগানের বদলে বাঁশবাগান থাকার সম্ভাবনা অনেক বেশি। কারণ, বিভিন্ন স্থাপনা নির্মাণে বাঁশের ব্যবহার দিনকে দিন বেড়েই চলেছে। তখন গীতিকার এই অংশটুকু এভাবে লিখতেন—

বন্ধুর বাড়ির বাঁশবাগান যে

ভীষণ ভীষণ ‘কুল’

সেই বাঁশেরও আকার দেখে

ঠিকাদার আকুল

সইগো, বসন্ত বাতাসে…

ছবি: হাসান মাহমুদ

বন্ধুর বাড়ির ফুলের বন

বাড়ির পূর্বধারে

সেথায় বসে বাজায় বাঁশি

মন নিল তার সুরে

সইগো, বসন্ত বাতাসে…

বন্ধুর বাড়ির পূর্ব দিকে ফুলের বন, সেখানে বসে বন্ধু বাঁশি বাজিয়ে গীতিকারের মন হরণ করেছিলেন। তবে আধুনিক যুগে বন্ধুর বাড়িতে বাগান থাকা মোটামুটি অসম্ভব ব্যাপার। বাগানের জায়গায় উঠে যেত বিশাল অট্টালিকা। আর সেই অট্টালিকার ছাদে উঠে বন্ধু ফেসবুকের লাইভে আসতেন। ফেসবুকের সেই লাইভ দেখে গীতিকার হয়তো এভাবে লিখতেন—

বন্ধুর বাড়ির সুন্দর ছাদ

আমার ছাদের পাশে

সেই ছাদেতে বন্ধু আমার

ফেসবুক লাইভে আসে

সইগো, বসন্ত বাতাসে…

মন নিল তার বাঁশির তানে

রূপে নিল আঁখি

তাই তো পাগল আবদুল করিম

আশায় চেয়ে থাকি

সইগো, বসন্ত বাতাসে…

ছবি: সংগৃহীত

বাঁশির সুরে সেই সময় মন নিয়ে টানাটানি করা গেলেও এখন সেটা একেবারেই অসম্ভব। তার বদলে এখন ফেসবুকে প্রোফাইল পিকচার দিয়েই মানুষের মন কেড়ে নেওয়া সহজ। যুগের সঙ্গে তাল মিলিয়ে গীতিকার এভাবে লিখতে পারতেন—

মন গেল তার প্রোফাইল পিকে

সেলফি দিল পাখি

তাই তো আশায় আবদুল করিম

মেসেঞ্জারে থাকি

সইগো, বসন্ত বাতাসে…