বইমেলায় যাওয়া পাঠকের মধ্যে আপনি কোন রকমের?

বইমেলায় পাঠকের আছে নানা রকমফের। টক, মিষ্টি, ঝাল—সব ধরনের পাঠককে তুলে এনেছেন আরেক পাঠক সঞ্জয় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবনা: ইউশা রহমান, আঁকা: মিষ্টি

সৌজন্য কপি পাঠক

গবেষণা করে পাওয়া গেছে, এই গোত্রভুক্তরা আদৌ কোনো পাঠকের পর্যায়ে পড়ে কি না সন্দেহ। এদের কাজই হচ্ছে স্বল্প পরিচিত, মাঝারি পরিচিত, পরিচিত—সবার কাছে ‘সৌজন্য কপি’ চেয়ে বেড়ানো।

ক্যাটালগ সংগ্রাহক পাঠক

এরা বইমেলায় সবচেয়ে ফুরফুরে মেজাজে থাকে। বই কেনার ইচ্ছা নেই, তাই নেই পড়ার চিন্তাও। এরা সব স্টলে যাবে এবং ক্যাটালগ সংগ্রহ করবে। এরা ভারী এবং কিউট কিউট ক্যাটালগগুলো সংগ্রহ করে। তবে ভাববেন না যে এরা সেগুলো কষ্ট করে বাসা পর্যন্ত বয়ে নিয়ে যায়। বইমেলা থেকে বের হলেই তাদের ফেলে যাওয়া ক্যাটালগ দেখতে পাবেন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে।

অংশগ্রহণই বড় কথা পাঠক

‘বইমেলায় গেলি, কয়টা বই কিনলি?’ এই প্রশ্নের উত্তরে তাদের একটাই উত্তর, ‘আজকে ক্যাটালগ নিয়া আসছি। নেক্সট বার বই কিনব।’ বলা বাহুল্য এদের ‘নেক্সট বার’ কখনো আসে কি না সন্দেহ। এদের কাছে বইমেলায় যাওয়া মানে অংশগ্রহণই বড় কথা।

সেলফি কিং/কুইন পাঠক

এরা স্টলে যাবে; সুন্দর, নজরকাড়া প্রচ্ছদের বই এক হাতে নেবে, অন্য হাত চলে যাবে পকেটে/ভ্যানিটি ব্যাগে। স্টলের মালিক বেজায় খুশি। এ রকম পাঠকই তো চাই। আসবে, দেখবে, এক হাতে বই নেবে এবং অন্য হাতে টাকা দেবে। কিন্তু স্টলের মালিককে হতাশ করে দিয়ে বইটা নিয়ে হরেক রকম ভঙিমায় তারা তুলতে থাকে সেলফি।

খাদকশ্রেণির পাঠক

এরা যথাসম্ভব বইমেলাকে রেস্তোরাঁর মেলা মনে করে। মেলায় ঢোকার সঙ্গে সঙ্গেই খাবার দোকান খুঁজতে থাকে এরা। ঠিকমতো খুঁজে না পেলে ‘এটা কোনো বইমেলা হইল’ বলে বিরক্তি প্রকাশ করতে ছাড়বে না।

অটোগ্রাফ শিকারি পাঠক

এদের বইমেলায় যাওয়ার একটাই উদ্দেশ্য—বিখ্যাত সাহিত্যিকদের অটোগ্রাফ সংগ্রহ করা। ব্যাপারটা ততক্ষণই ভালো থাকত যতক্ষণ তারা কেবল অটোগ্রাফ নিয়েই ক্ষান্ত থাকত। অটোগ্রাফ নেওয়ার সময় এরা বলবে, ‘আমি আপনার সব লেখাই পড়েছি।’ কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে—এই প্রশ্নের উত্তরে অধিকাংশ সময় তারা খুব বিনয়ের সঙ্গে অন্য বা কাল্পনিক লেখকের বইয়ের নাম বলবে।

টিভিতে মুখ দেখানো পাঠক

এরা বইমেলায় গিয়ে বইয়ের চেয়ে টিভি চ্যানেলের ক্যামেরা আর বুমই বেশি খোঁজে। তবে দুঃখের কথা হলো, বুমখানা এদের মুখের সামনে ধরলে ‘ইয়ে ইয়ে’ করতে করতে সাক্ষাৎকার শেষ হয়ে যায়!

ইয়ো ইয়ো পাঠক

বইমেলায় গিয়ে এরা বইয়ের চেয়ে মেলার ধুলা নিয়ে বেশি কথা বলে। ইন্টারনেটে ঘরে বসে বই পাওয়া যায়, তবু মানুষ যে কেন ধুলাবালু খেতে বইমেলায় আসে? এসব ভেবে এরা হা–হুতাশ করে এবং পরের বছর ঠিকই মেলায় যায়।

কার্ড হোল্ডার পাঠক

এরা বই কিনে নগদ টাকা দিতে নারাজ। বই দাম করেই পকেট থেকে এক বা একাধিক ডেবিট কার্ড বের করে দেয়। আশার ব্যাপার হলো, যেসব স্টলে কার্ডে টাকা নেওয়ার সুবিধা নেই সেসব স্টলেই তারা বেশি করে কার্ড বের করে!

সর্বভুক পাঠক

এরা সাধারণত কজন বন্ধু সঙ্গে নিয়ে মেলায় যায়। বই দেখে আর বলে, এটা পড়েছি। ওটা অনেক আগে পড়েছি। বই কেমন? এই প্রশ্নের উত্তরে, ‘জোশ!’, ‘অস্থির!’, ‘চরম ছিল!’, ‘টুইস্ট আছে!’—এসব মুখস্থ সংলাপ আওড়াতে থাকে।