ইংরেজি সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক জেন অস্টেনের জন্ম ১৭৭৫ সালের ১৬ ডিসেম্বর, ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের ছোট্ট গ্রাম স্টিভেনটনে। জেনের বাবা জর্জ অস্টেন ছিলেন ধর্মযাজক, মা কাসান্দ্রা অস্টেন ছিলেন প্রভাবশালী পরিবারের মেয়ে। জেন ছিলেন আট ভাইবোনের মধ্যে সপ্তম। জেন স্কুলে পড়াশোনা করেছিলেন পাঁচ বছর। এরপর পড়াশোনা করেন বাবা ও ভাইদের কাছে। শৈশব থেকেই গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠেন তিনি। তখন থেকেই নাচের শখ ছিল তাঁর। নৃত্যকলায় বেশ ভালোও করেছিলেন। জেন ছেলেবেলায় তাঁর পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে গ্রামের একটি গুদামঘরে বিভিন্ন নাটক মঞ্চস্থ করতেন।
মাত্র ১২ বছর বয়সে জেন কবিতা, গল্প ও নাটক লিখতে শুরু করেন। পেশাদার লেখক হিসেবে উত্থানের পেছনে তাঁর পরিবারের সমর্থনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৮১১ থেকে ১৮১৬ সালের মধ্যে তাঁর চারটি উপন্যাস প্রকাশিত হয়। উপন্যাসগুলো হলো ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’, ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘ম্যান্সফিল্ড পার্ক’ ও ‘এমা’। ‘নর্থঅ্যাঙ্গার অ্যাবে’ ও ‘পারসুয়েশন’ নামে আরও দুটি উপন্যাস লিখেছিলেন জেন। উপন্যাস দুটি তাঁর মৃত্যুর পর ১৮১৮ সালে প্রকাশিত হয়। তাঁর সবচেয়ে জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর জন্য পাঠকদের মধ্যে আজও অমর হয়ে আছেন জেন। বেশ কিছু বড় গল্প ও কিশোর উপন্যাসও লিখেছেন তিনি।
জেন ১২ বছর বয়স থেকে লেখাগুলো তিনটি নোটবুকে সংকলন করেন। সেগুলো পরিচতি ‘জুভেনিলিয়া’ নামে। তাঁর সব উপন্যাস ছদ্মনামে প্রকাশিত হয়। পরিবারের বাইরের খুব কম মানুষই তাঁর সাহিত্যপ্রতিভা সম্পর্কে জানতেন। জেন তাঁর বেশির ভাগ পরিচিত মানুষের কাছ থেকে নিজের লেখা লুকিয়ে রাখতেন। কেউ ঘরে ঢুকলে লেখা লুকিয়ে ফেলতেন। তাঁর উপন্যাসগুলো বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ সারা বিশ্বে বিক্রি হয়েছে দুই কোটির বেশি কপি।
বেঁচে থাকতে জেন অস্টেন বিশেষ খ্যাতির নাগাল পাননি। ১৮৬৯ সালে তাঁর এক ভ্রাতুষ্পুত্র ‘আ মেমোয়ার অব জেন অস্টেন’ নামে একটি বই প্রকাশ করলে জেনের লেখা সম্পর্কে মানুষ জানতে পারেন। মূলত এরপর সফল সাহিত্যিকের তকমা এঁটে যায় তাঁর নামের সঙ্গে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে অস্টেনকে নিয়ে বহু গবেষণামূলক কাজ হয় এবং পাঠকমহলে একটা বিশেষ ‘জেনীয় অনুরাগী’ সংস্কৃতি গড়ে ওঠে।
জেন অস্টেনের লেখার প্রধান বৈশিষ্ট্য হলো তাঁর লেখায় চলতি ভাষার ব্যবহার। এর ফলে তাঁর লেখা সহজবোধ্য ও জনপ্রিয় হয়ে ওঠে। তাঁর বেশির ভাগ লেখায় ছিল প্রেম ও কৌতুকের মিশ্রণ। লেখালেখির এই ঘরানা সে সময়ের সমাজে ছিল বিরল। জেন তাঁর অনেক লেখায় সে সময়ের পিতৃতান্ত্রিক সমাজে নারীদের জীবনযাপন এবং তাঁদের প্রতি কঠোর সামাজিক নিয়ন্ত্রণের বর্ণনা দেন। সে সময় সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে নারীরা বিবাহব্যবস্থার ওপর কতটা নির্ভরশীল ছিলেন, তারই প্রতিফলন দেখা যায় তাঁর লেখায়। মেয়েদের পাত্রস্থ করা নিয়ে মায়েদের উদ্বেগের সাবলীল চিত্র উঠে আসে তাঁর সৃষ্টিতে। বিয়ের বাধ্যবাধকতা নিয়েও মাঝেমধ্যে বিদ্রূপাত্মক মন্তব্য করেতে ছাড়েননি জেন।
টম লেফ্রয় নামের এক অভিজাত প্রতিবেশী যুবকের প্রেমে পড়েছিলেন জেন অস্টেন। সম্ভবত দুজনই জানতেন, তাঁদের বিয়ে সম্ভব নয়। টম তাঁর পরিবারের হস্তক্ষেপে জেনের জীবন থেকে দূরে চলে যেতে বাধ্য হন। পরবর্তীকালে আর কোনো পুরুষ জেনের জীবনে টমের শূন্যস্থান পূরণ করতে পারেনি। অনেক দিন পর জেন তাঁর পরিবারের একজন সচ্ছল বন্ধুর বিয়ের প্রস্তাব গ্রহণ করেন, কিন্তু পরের দিনই জেন তাঁর সম্মতি প্রত্যাহার করেন। জেন যাঁর প্রস্তাব গ্রহণ করেছিলেন, জেনের মতে তিনি ভালোবাসার যোগ্য ছিলেন না। জেন বলেছিলেন, ‘যে বিবাহবন্ধনে প্রেম নেই, তার থেকে খারাপ কিছুই হতে পারে না।’ তিনি বলেন, কেবল প্রেমের জন্যই তিনি বিয়ে করতে পারেন। জেন তাঁর বড় বোন কাসান্দ্রার (জেনের মা ও বোনের নাম একই) খুব ভক্ত ছিলেন। তাঁরা দুজনই সারা জীবন অবিবাহিত ছিলেন।
১৮১৬ সালের প্রথম দিকে হরমোনজনিত ‘অ্যাডিসন’ রোগে আক্রান্ত হয়ে জেন অসুস্থ হয়ে পড়েন। কিন্তু অসুস্থতার লক্ষণগুলো উপেক্ষা করেও তিনি লেখালেখি চালিয়ে যান। তাঁর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং ১৮১৭ সালের ১৮ জুলাই মাত্র ৪২ বছর বয়সে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। ইংল্যান্ডের উইনচেস্টার ক্যাথেড্রালে তাঁকে সমাহিত করা হয়।
জেন অস্টেন ছিলেন দৃঢ়চেতা লেখক। মৃত্যুর দুই শতাব্দী পরও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর সাহিত্যকর্মের মধ্য দিয়েই তিনি বিশ্বসাহিত্যে অমর হয়ে আছেন।