রাজা অষ্টম এডওয়ার্ডের সিংহাসন ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৩৬ সালে ভূমধ্যসাগরীয় অবকাশযাপনের সময় রাজা অষ্টম এডওয়ার্ড (বাঁয়ে) ও ওয়ালিস সিম্পসন (ডানে)
ছবি: উইকিমিডিয়া কমনস

প্রেমের কারণে সিংহাসন ত্যাগ করে ইতিহাসে অমর হয়ে আছেন রাজা অষ্টম এডওয়ার্ড। শত বছর ধরে তাঁর এই ত্যাগ প্রেমিক-প্রেমিকার প্রেমে উৎসাহ জুগিয়ে আসছে। প্রেমিকার জন্য তাঁর এই ত্যাগের উদাহরণ শুধু গল্প-উপন্যাস আর সিনেমাতেই পাওয়া যায়। ব্রিটিশ সাম্রাজ্যের রাজা অষ্টম এডওয়ার্ড ও যুক্তরাষ্ট্রের একজন সাধারণ নারী ওয়ালিস সিম্পসনের অসম প্রেম কাঁপিয়ে দিয়েছিল প্রায় বারো শ বছরের পুরোনো ব্রিটিশ রাজপরিবারের ভিত।

৪০ বছর বয়সী অবিবাহিত রাজা এডওয়ার্ড ছিলেন বিশ্বের বহু নারীর কাছে অন্যতম আকর্ষণীয় পুরুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া নারী ওয়ালিস ছিলেন দুবারের তালাকপ্রাপ্ত। ১৯৩১ সালের ১০ জানুয়ারি এক পার্টিতে পরিচয় হয় তাঁদের। তখনো অবশ্য রাজা হননি এডওয়ার্ড। তাঁদের পরিচয় করিয়ে দিয়েছিলেন এডওয়ার্ডের প্রেমিকা লেডি ফারনেস। ওয়ালিস তখন লন্ডনে তাঁর দ্বিতীয় স্বামী ব্যবসায়ী আর্নেষ্ট সিম্পসনের সঙ্গে ঘর করছেন। এর আগে মার্কিন নৌবাহিনীর এক পাইলটের সঙ্গে বিয়ে হয়েছিল ওয়ালিসের। পরিচয়ের তিন বছরের মধ্যে তাঁর প্রেমে ডুবে যান এডওয়ার্ড। প্রেমে এতটাই মগ্ন হয়ে পড়েন যে রাজকার্যে মনোযোগ হারিয়ে ফেলেন। ১৯৩৬ সালে রাজা পঞ্চম জর্জের মৃত্যুর পর রাজা হন এডওয়ার্ড। অভিষেকের পরের দিন রাজপ্রাসাদের জানালায় দেখা দেন নতুন রাজা, পাশে প্রেমিকা ওয়ালিস। তখনো তিনি অন্যের স্ত্রী।

সারা বিশ্বের পত্রপত্রিকায় চলে আসে ঘটনাটি। ব্রিটিশ সাম্রাজ্যে দেখা দেয় সাংবিধানিক সংকট। দুবারের তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করলে সরকার পদত্যাগ করবে, এমন হুমকিও দেওয়া হয়। সরকারের পাশাপাশি এই বিয়ের বিপক্ষে কঠোর অবস্থান নেয় ইংল্যান্ডের চার্চ। ব্রিটিশ জনগণের কাছেও রানি হিসেবে অগ্রহণযোগ্য ছিলেন ভিনদেশি এই নারী। তৎকালীন প্রধানমন্ত্রী স্ট্যানলি বল্ডউইন প্রটোকল ভেঙে ও নজিরবিহীনভাবে রাজাকে দুটি প্রস্তাব দেন। হয় রাজা ওয়ালিস বিয়ের চিন্তা বাদ দেবেন অথবা সিংহাসন ত্যাগ করবেন। তখন রাজা একটি ‘মর্গানেটিক’ বিয়ের প্রস্তাব করেছিলেন, যেখানে ওয়ালিসকে পদমর্যাদা বা সম্পত্তির কোনো অধিকার দেওয়া হবে না। কিন্তু প্রধানমন্ত্রী প্রস্তাবটিকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেন। ফলে রাজা বেছে নেন প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রস্তাব। তিনি সিংহাসন ত্যাগ করার সিদ্ধান্ত নেন। এদিকে পারিপার্শ্বিক চাপ সহ্য করতে না পেরে ফ্রান্সে পালিয়ে যান ওয়ালিস।

১৯৩৬ সালের ১০ ডিসেম্বর ব্রিটিশ সংসদে পাঠানো ‘অ্যাবডিকেশন’-এ তিনি বলেন, ‘আমি গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড এবং সমুদ্রের ওপারের ব্রিটিশ সাম্রাজ্যগুলোর রাজা এবং ভারতের সম্রাট অষ্টম এডওয়ার্ড ঘোষণা দিচ্ছি যে আমি নিজের ও আমার বংশধরদের ক্ষমতার উত্তরাধিকার পরিত্যাগ করছি।’ পরের দিন সংসদ তাঁর ‘অ্যাবডিকেশন’ অনুমোদন করে এবং এর মধ্য দিয়ে অষ্টম এডওয়ার্ডের রাজত্বের অবসান ঘটে। অভিষেকের মাত্র ৩২৫ দিনের মাথায় সিংহাসন ত্যাগ করেন তিনি। সেদিন সন্ধ্যায় একটি রেডিও ভাষণে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘ওয়ালিসের সমর্থন ছাড়া আমি দায়িত্বের ভারী বোঝা বহন এবং রাজা হিসেবে দায়িত্ব পালন করা অসম্ভব বলে মনে করছি।’ রেডিও ভাষণের কয়েক ঘণ্টা পর তিনি ফ্রান্সের উদ্দেশে দেশত্যাগ করেন। এর পরের দিন তাঁর ছোট ভাই রাজা ষষ্ঠ জর্জকে নতুন রাজা ঘোষণা করা হয়।

১৯৩৭ সালের ৩ জুন ওয়ালিসকে বিয়ে করে প্যারিসে বসবাস শুরু করেন এডওয়ার্ড। ১৯৩৭ সালের অক্টোবরে তাঁরা জার্মানি গিয়ে অ্যাডলফ হিটলারের সঙ্গে দেখা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে হিটলার ফ্রান্স দখল করলে এডওয়ার্ড ও ওয়েলিস স্পেনে চলে যান। হিটলার ইংল্যান্ড দখল করে এডওয়ার্ডকে একটি পুতুল রাজা হিসেবে ব্রিটিশ সিংহাসনে বসানোর উদ্দেশ্যে অপহরণ করার পরিকল্পনা করেন। রাজা ষষ্ঠ জর্জ ও তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল হিটলারের এ পরিকল্পনা সম্পর্কে সম্ভবত কিছু জানতেন না। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে থেকেই এডওয়ার্ড নাৎসিদের প্রতি সহানুভূতিশীল থাকায় ষষ্ঠ জর্জ ও উইনস্টন চার্চিল এডওয়ার্ডকে ওয়েস্ট ইন্ডিজের বাহামার গভর্নর পদে দায়িত্ব পালনের প্রস্তাব দেন। নাৎসি সৈন্যদের হাতে ধরা পড়া এড়াতে এডওয়ার্ড এই প্রস্তাবে রাজি হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এডওয়ার্ড ও ওয়ালিস বাহামায় ছিলেন। বিশ্বযুদ্ধ শেষ হলে এডওয়ার্ড গভর্নর পদ থেকে পদত্যাগ করেন এবং আবার ফ্রান্সে ফিরে যান। এরপর তাঁরা ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রে জীবন যাপন করেন এবং এসব দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। এডওয়ার্ড ১৯৫২ সালে তাঁর ভাই রাজা ষষ্ঠ জর্জ ও ১৯৫৩ সালে মা রানি মেরির শেষকৃত্যে যোগ দিতে ইংল্যান্ড গিয়েছিলেন।

এডওয়ার্ড ও ওয়ালিস দম্পতির কোনো সন্তান ছিল না। এডওয়ার্ড ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৭২ সালে প্যারিসে নিজের বাসায় মারা যান এবং তাঁকে ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস চ্যাপেলে সমাহিত করা হয়। তাঁর শেষকৃত্যে রানি দ্বিতীয় এলিজাবেথ, স্ত্রী ওয়ালিসসহ রাজপরিবারের অনেক সদস্য উপস্থিত ছিলেন। ১৯৮০ সালে ওয়ালিস তাঁর বাক্শক্তি হারিয়ে ফেলেন। এরপর নিভৃতচারী হয়ে যান। ওয়ালিস ১৯৮৬ সালে প্যারিসে মারা যান। তাঁকে সমাহিত করা হয় এডওয়ার্ডের সমাধির পাশে।

এডওয়ার্ড-ওয়ালিস সুখী হতে পেরেছিলেন কি না, তা জানা যায়নি। তবে ওয়ালিস একবার বলেছিলেন, ‘কেউ জানে না অমর এক প্রেমকাহিনির মতো জীবন যাপন করা কত কঠিন!’