যদি কেউ ভালো করে
চোখ রাখে বিছানার ওপর, তাহলে সহজেই
নজরে পড়বে তার বাদামি চাদর, ফুলতোলা;
চারটি বালিশ বেশ নরম এবং ঝকঝকে।
সত্যি, শামসুর রাহমানের কবিতার মতোই বিছানাও যেন এক কোমল কাব্য। সারা দিনের ব্যস্ততা, সব ক্লান্তি শেষে মানুষ আলগোছে নিজেকে সঁপে দেয় বিছানায়। মানুষ তার পুরো জীবনের এক-তৃতীয়াংশ সময়ই নাকি বিছানায় কাটায়। তথ্যটি কিন্তু বেশ চমকে ওঠার মতো। জীবনের এ বিপুল সময় কাটে যেখানে, সেই বিছানাকে তো আলাদা গুরুত্ব দিতেই হয়। হ্যাঁ, দিয়েও থাকে মানুষ। শৌখিন মানুষেরা বিছানার সাজসজ্জাকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে যান।
যত্ন করে বিছানা সাজানো-গোছানো এবং নিয়মিত বিছানা প্রস্তুত করা যেমন একটি শৈল্পিক কাজ, তেমনি অনেকের কাছে এ কাজ অতি বিরক্তিকর। বিশেষত পুরুষদের মধ্যে এ প্রবণতা লক্ষ করা যায়। তাদের অনেকেই ভাবে মা-বোন কিংবা স্ত্রীর ওপরই যেন এ কাজের চিরন্তন ভার। অথচ ঘুম ভেঙে নিজের বিছানা নিজে গোছানোর যে আনন্দ কিংবা ঘুমের সময় নিজ হাতে নিজের আদরের বিছানা বালিশ প্রস্তুত করার যে সুখ, তা আমাদের মাথাতেই থাকে না যেন।
আজ ১১ সেপ্টেম্বর, নিজের বিছানা নিজে গুছিয়ে রাখার দিন। দিবসটির যাত্রা শুরু কবে কীভাবে, সে বিষয়ে অবশ্য সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। সে যাক, বিছানা যেহেতু প্রস্তুত, একটু ঘুমিয়ে নিয়ে তারপরই না হয় বিষয়টি খতিয়ে দেখা যাবে।
সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার