যাপিত রম্য
আজ আপনার স্ত্রীর জন্মদিন?
মানুষে মানুষে মিল থাকবেই। দুটি চোখ, দুটি হাত, দুটি কান, একটি নাক...। তবে কেবল বাহ্যিক বা বৈশিষ্ট্যগত মিলই নয়; জীবনের নানান মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটে, যার সঙ্গে নিজেদের মিল খুঁজে পান অধিকাংশ মানুষ। দেখুন তো, এসব আপনার সঙ্গেও মিলে যায় কি না...
১.
এক মিনিট এদিক–সেদিক হলেই অফিসে ঢুকতে দেরি হয়ে যাবে বলে তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়েছেন?
বিশ্বাস করুন আর না–ই করুন, রাস্তায় পা দিতেই খেয়াল করবেন, আপনার মুখে মাস্ক নেই, বাসায় ফেলে এসেছেন।
২.
ভর্তা করার জন্য মরিচ পিষেছেন, কিংবা কিছু রং করতে গিয়ে হাত মাখামাখি, অথবা গাড়ি ঠিক করতে গিয়ে হাতে লেগেছে ইঞ্জিন অয়েল?
বিশ্বাস করুন আর না–ই করুন, ঠিক তখনই আপনার নাক চুলকাবে।
৩.
বাথরুমে হাত ধোওয়ার জন্য দুই হাতে সাবান মেখেছেন?
বিশ্বাস করুন আর না–ই করুন, মোবাইল ফোনটা বেজে উঠেছে এবং এটা নিশ্চিত, ফোন করেছেন আপনার বস কিংবা গার্লফ্রেন্ড।
৪.
রং নম্বরে ফোন করে ফেলেছেন?
বিশ্বাস করুন আর না–ই করুন, নম্বরটি কোনোকালেই ব্যস্ত থাকবে না। ওপাশ থেকে মুহূর্তেই রিসিভ করে বলবে, ‘হ্যালো’।
৫.
অফিসে দেরিতে আসার কারণ হিসেবে বড় কর্তাকে গাড়ির টায়ার পাংচারের কথা বলেছেন?
বিশ্বাস করুন আর না–ই করুন, আগামীকাল আপনার গাড়ির টায়ার পাংচার হবেই হবে।
৬.
গাড়ি চালানোর সময় যানজটে পড়ে রাস্তার লেন বদলেছেন?
বিশ্বাস করুন আর না–ই করুন, আপনি যে লেনে ছিলেন, তা চোখের পলকে পরিষ্কার হয়ে গেছে।
৭.
ভীষণ যানজটে বিরক্ত হয়ে পাবলিক বাস থেকে নেমে গেছেন?
বিশ্বাস করুন আর না–ই করুন, আপনি নেমে দুই কদম হাঁটামাত্র যানজট ছেড়ে বাসটা সামনে চলে গেছে।
৮.
মাথায় শ্যাম্পু মেখে গান গাইতে গাইতে গোসল করছেন?
বিশ্বাস করুন আর না–ই করুন, অফিসের বস, শ্বশুড়বাড়ির আত্মীয়, গার্লফ্রেন্ড কিংবা ধার নেওয়া টাকা ফেরত দেওয়ার জন্য কোনো এক বন্ধু ফোন করবে।
৯.
গরম কফি বা চা নিয়ে অফিসের টেবিলে আয়েশ করে বসেছেন?
বিশ্বাস করুন আর না–ই করুন, বস আপনাকে মহা গুরুত্বপূর্ণ কাজে তলব করেছেন। ফিরে আসতে আসতে গরম কফি বা চা শরবত হয়ে যাবে।
১০.
মেকানিকের সামনে কোনো টিভি, ফ্রিজ কিংবা মোবাইল ফোনের সমস্যা দেখাতে চাইছেন?
বিশ্বাস করুন আর না–ই করুন, নষ্ট টিভি, ফ্রিজ বা মোবাইল ফোন দিব্যি কাজ করতে থাকবে।
১১.
সিনেমা হলে সিনেমা শুরু হয়ে গেছে?
বিশ্বাস করুন আর না–ই করুন, সামনের আসনে বসা দর্শকেরা তখনো সিনেমা হলে ঢোকেনি।
১২.
অফিসে বা বিশ্ববিদ্যালয়ে কারও সামনে পড়তে চাইছেন না?
বিশ্বাস করুন আর না–ই করুন, সেদিন আপনি ঘণ্টায় ছয়বার মানুষটার মুখোমুখি হবেন।
১৩.
জুতা কিনতে গেছেন?
বিশ্বাস করুন আর না–ই করুন, যে জুতা আপনার পায়ে লাগবে, তা আপনার পছন্দ হবে না।
১৪.
কোনো পোশাক খুব পছন্দ করে কিনে ফেলেছেন?
বিশ্বাস করুন আর না–ই করুন, সেই পোশাক আপনার বন্ধুদের মধ্যে কেউ কিনে ফেলেছে।
১৫.
দাঁতের ব্যথায় চিকিৎসকের কাছে যেতে গাড়িতে উঠেছেন?
বিশ্বাস করুন আর না–ই করুন, আপনার দাঁতব্যথা চলে গেছে।
১৬.
হাত থেকে চুলের ক্লিপ বা সেফটিপিন পড়ে গেছে?
বিশ্বাস করুন আর না–ই করুন, ঘরের মেঝেতে আপনাকে শুয়ে-বসে আধা ঘণ্টা পরিশ্রম করে তবেই সেই ক্লিপ বা সেফটিপিন খুঁজে বের করতে হবে।
১৭.
আজ আপনার স্ত্রীর জন্মদিন?
বিশ্বাস করুন আর না–ই করুন, আজ অফিসে আপনার কাজ বেশি থাকবে। কপাল বেশি ভালো থাকলে আজই অ্যাসাইনমেন্টের কারণে সহকর্মীদের সঙ্গে অন্য কোনো শহরে ঘুরে আসার দারুণ সুযোগ পাবেন আপনি!