‘মানবজীবনে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, উদার হওয়া; দ্বিতীয়ত, উদার হওয়া এবং তৃতীয়ত, উদার হওয়া।’ কথাটি বলেছেন মার্কিন লেখক জেমস হেনরি।
পৃথিবীর মানুষ কি দিনের পর দিন অধিকতর অসহিষ্ণু হয়ে উঠছে! দয়া, উদারতা, ক্ষমাশীলতা, সহানুভূতি, পরার্থপরতা—এসব যেন আজকাল সোনার পাথর বাটি। এই গুণগুলোর অভাবে পরস্পর বিভাজিত হতে হতে মানুষ এখন বড় নিঃসঙ্গ। না, কথাটা বোধ হয় সর্বাংশে ঠিক নয় মোটেই। এই মহামারিকালে আমরা মানুষের প্রতি মানুষের সহানুভূতি দেখেছি। সমাজের দরিদ্রদের প্রতি বিপুল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসংখ্য মানুষ। তবে তুলনামূলক বিবেচনায় সম্ভবত মানুষের অসহিষ্ণু হয়ে ওঠার পাল্লাই ভারী। ধর্মীয় দাঙ্গা বা জাতিগত খুন-উচ্ছেদের বাইরেও চিরপ্রতিষ্ঠিত শ্রেণিসংঘাত তো রয়েছেই। সারা বিশ্বের কথা না হয় বাদই থাকল, আমাদের দেশের মানুষদের উদার হৃদয়ের যে সুনাম ছিল, তা কি আর আছে এখনো! আমাদের অসহিষ্ণুতার সাম্প্রতিক অভিজ্ঞতা অত্যন্ত দুঃখজনক।
আজ ১৩ নভেম্বর, বিশ্ব উদারতা দিবস। ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্ট নামের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ১৯৯৮ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। মনের সমূহ ক্ষুদ্রতা, সীমাবদ্ধতা দূর করে আজ থেকেই শুরু হতে পারে উদারতার অনুশীলন। কীভাবে? জবাব তো দিয়েই গেছেন কবি সুনির্মল বসু—আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে।