সকালে ঘুম থেকে উঠে গোসল সারলেন। পোশাক পরে নাশতা করলেন। একই মেন্যু, ডিম-পরোটা কিংবা অন্য কিছু। সঙ্গে বড়জোর এক কাপ চা বা কফি। বাসা থেকে বের হয়ে কর্মস্থলে গেলেন। সারা দিন ব্যস্ত হয়ে থাকলেন কাজে। একই কাজ, প্রতিদিনই যা করছেন। কাজ শেষে বাড়ি ফিরলেন। রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলেন। ঘুমানোর আগে বড়জোর টিভি দেখলেন কিছুক্ষণ কিংবা স্মার্টফোনের পর্দায় একটুখানি স্ক্রলিং।
পরের দিন, অভিন্ন রুটিন। আগের দিনেরই ‘কপি-পেস্ট’ যেন। কাঁহাতক আর ভালো লাগে এমন একঘেয়ে, বৈচিত্র্যহীন, পুনরাবৃত্তিমূলক জীবন। এমন ম্যাড়মেড়ে জীবনের গেঁড়াকলে পড়ে একসময় নিজেকেই হারিয়ে ফেলে মানুষ। মরে যায় ভেতরে-ভেতরে। শেষ কবে নিজের মতো একটা দিন কাটিয়েছেন, শেষ কবে প্রাণ খুলে হেসেছেন, নির্ভার নিশ্চিন্তে শ্বাস নিয়েছেন বুক ভরে—মনেই করতে পারেন না হয়তো।
এই একঘেয়েমির শিকল ভেঙে একটু অন্য রকম দিন কিন্তু ভাবা যেতেই পারে। গতানুগতিক রুটিনে একটু ভিন্নতা এনে বাঁধাধরা জীবনে যুক্ত করে নেওয়া যায় জীবনের প্রকৃত স্বাদ এবং এটি খুব জরুরি।
আজ ২১ আগস্ট, বাঁধাধরা দৈনন্দিন জীবনের একঘেয়েমি ভাঙার দিন। আজকের সকালটা শুরু হোক একটু অন্যভাবে। কে জানে, হয়তো বৈচিত্র্য খুঁজতে গিয়ে পেয়ে যেতে পারেন জীবনের অন্য রকম মানে, যা বদলে দিতে পারে আপনার সারা জীবনের গতিপথ।
সূত্র: ডেজ অব দ্য ইয়ার