বিচিত্র দিবস
আজ কুকিজ বানানোর দিন
আজ ১৮ ডিসেম্বর, কুকিজ বানানো দিবস। পরিবারের সদস্যদের নিয়ে ঘরে বানাতে পারেন দারুণ এই খাবার
হালকা খাবার হিসেবে কুকিজ বিশ্বজুড়েই জনপ্রিয়। সকালের নাশতার টেবিল কিংবা বৈকালিক চায়ের আড্ডা অনেকের কাছেই কুকিজ ছাড়া অসম্পূর্ণ। ইংরেজি ‘কুকিজ’ শব্দটি এসেছে ডাচ শব্দ ‘কুকিয়া’ থেকে, যার অর্থ ‘ছোট পিঠা’। স্বাদ, গন্ধ আর আকৃতিতে কুকিজের রয়েছে নানান রকমফের। এটি বিস্কুটের তুলনায় বেশ ঘন ও নরম। চিনির আধিক্যও বেশি থাকে। এতে থাকে বাদাম, চকলেট চিপস, ওটস, কিশমিশের মতো উপাদান। যত দূর জানা যায়, সপ্তম শতাব্দীতে ইরানে খাবারটির চল হয়। তবে নথিপত্রে প্রাচীনতম কুকিজ ইতালিতে তৈরি ‘পিজেল্লে’। এ-যাবৎকালের সবচেয়ে বড় কুকিজ তৈরি হয় ২০০৩ সালে, ওজন ছিল ৪০ হাজার পাউন্ড।
আমেরিকান লেখিকা অ্যামেলিয়া সিমন্সের আমেরিকান কুকারি নামের রান্নার বইয়ে কুকিজের প্রথম লিখিত রেসিপি পাওয়া যায়। বইটি প্রকাশিত হয় ১৭৯৬ সালে। পেশায় গৃহকর্মী এই ভদ্রমহিলা ছিলেন অনাথ। তাঁর বক্তব্য অনুযায়ী, যাঁরা বিত্তশালী, যাঁদের মা–বাবা, ভাই-বোন আছে, তাঁদের জন্য এই রেসিপি দিয়েছিলেন তিনি। অর্থাৎ এটিকে আলোঝলমলে পরিবারের উপাদেয় খাদ্য মনে করতেন তিনি। তাঁর ভেতর নিশ্চয়ই পরিবারহীনতার একটি সূক্ষ্ম ব্যথা ছিল।
আজ ১৮ ডিসেম্বর, কুকিজ বানানো দিবস। আজ কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে ঘরে বানাতে পারেন দারুণ এই খাবার। কুকিজকে উপলক্ষ করে একটি পারিবারিক উৎসব তো আজ হতেই পারে।
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে