অনেক সময় বাসাবাড়ির বারান্দায়, ছাদে কিংবা ঘরের কোনাকাঞ্চিতে ব্যবহৃত পুরোনো জিনিসপত্র জমতে জমতে স্তূপ হয়ে যায়। গৃহস্থালি বর্জ্যে ভরে ওঠে বাড়ির সামনের উঠান, বাগান। আজ ফেলে দিচ্ছি, কাল পরিষ্কার করছি, এমন করে দেরি হয়ে যায়। আবার বহুদিন ব্যবহার করার ফলে কোনো কোনো জিনিসের প্রতি মায়া পড়ে যায়। ফেলতেও খারাপ লাগে। এসব জিনিস, আপনার কাছে যা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, তা কিন্তু অন্যের কাজেও লাগতে পারে। আপনার জন্য যা আবর্জনা, অন্যের জন্য হয়তো তা সম্পদ।
ছোটবেলায় ফেরিওয়ালার কাছ থেকে কটকটি, হাওয়াই মিঠাই কিংবা টানা গুড় খাওয়ার সেই দিনগুলো মনে আছে? ফেরিওয়ালার ডুগডুগির শব্দ শুনলেই যেখানে যা খুঁজে পাওয়া যেত, তা–ই হাতে নিয়ে দৌড়ে বের হওয়ার রোমাঞ্চ। সেই তালিকায় থাকত কত অদ্ভুত সব জিনিস। কাচের বা প্লাস্টিকের বোতল, পলিথিন, ভাঙা হাঁড়ি-পাতিল, পুরোনো বই, খবরের কাগজ, ছেঁড়া কাপড় আরও কত–কী! বিনিময়ে শুধু কটকটি বা টানা গুড়ই পাওয়া যেত তা নয়, বিক্রি করে পাওয়া যেত টাকাও।
আজ ১৪ আগস্ট, গৃহস্থালি বর্জ্য, পুরোনো-ব্যবহৃত জিনিসপত্র বিক্রি দিবস। ২০০১ সালে দিবসটির প্রচলন করেন যুক্তরাষ্ট্রের আলাবামার সি ড্যানিয়েল রোডস।
সূত্র: ডেজ অব দ্য ইয়ার