আজ দড়ি-টানাটানি প্রতিযোগিতার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেটফ্লিক্সে গত বছর রীতিমতো ঝড় তুলেছিল কোরীয় সিরিজ স্কুইড গেম। থ্রিলারধর্মী এই সিরিজ দেখেননি বা নিদেনপক্ষে নাম শোনেননি, এমন ওটিটি দর্শক কমই আছেন। জীবন আর মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে খেলে চলে একদল মানুষ। এরই একটি পর্বে আছে ‘টাগ অব ওয়ার’ বা দড়ি-টানাটানি খেলা। যাঁরা দেখেছেন, মনে আছে নিশ্চয়! লম্বা দড়ির এক পাশে জীবন, অন্য পাশে নিশ্চিত মৃত্যু।

দড়ি-টানাটানি খেলা
ছবি: সংগৃহীত

যাহোক, দড়ি-টানাটানির এই খেলা আমাদের গ্রামগঞ্জে ভীষণ জনপ্রিয়। তবে তাতে জীবন-মৃত্যুর কোনো ব্যাপার নেই। আছে শুধু নির্মল আনন্দ। কিছু মানুষ দুটি দলে ভাগ হয়ে খেলে। প্রতিযোগীরা বেশ মোটা ও লম্বা একটি দড়ির দুই দিকে শক্ত মুঠোতে ধরে সজোরে নিজেদের দিকে টানতে থাকে। মাঝখানে দাগ দেওয়া থাকে। টেনে এনে প্রতিপক্ষকে সেই দাগ অতিক্রম করাতে পারলেই জয়।

দড়ি-টানাটানির এই খেলা বাংলাদেশের গ্রামগঞ্জেও ভীষণ জনপ্রিয়
ছবি: সংগৃহীত

খেলাটির জন্ম কোন দেশে, তা অবশ্য জানা যায় না। তবে প্রাচীন মিসর, গ্রিস, ভারত, চীন, কম্বোডিয়ায় এর চল ছিল। ১৯০০ থেকে ১৯২০ সাল পর্যন্ত অলিম্পিকেও ছিল এই খেলা। ১৯৬০ সালে গঠিত হয় ‘টাগ অব ওয়ার ইন্টারন্যাশনাল ফেডারেশন’। বিশ্বব্যাপী খেলাটিকে জনপ্রিয় তোলার ক্ষেত্রে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

দড়ি-টানাটানি বেশ প্রাচীন খেলা
ছবি: সংগৃহীত

আজ ১৯ ফেব্রুয়ারি, ইন্টারন্যাশনাল টাগ অব ওয়ার ডে বা আন্তর্জাতিক দড়ি-টানাটানি প্রতিযোগিতা দিবস। দিবসটি কবে কীভাবে শুরু হয়েছিল, তা স্পষ্ট নয়। নানাভাবেই উদ্‌যাপন করতে পারেন আজকের দিন। স্কুইড গেম সিরিজ যাঁরা দেখেননি, তাঁরা দেখে নিতে পারেন। পাড়া-মহল্লায় এই খেলার আয়োজন করতে পারেন। কিংবা স্বল্প পরিসরে পরিবারের মানুষদের নিয়েও খেলতে পারেন। তাতে ভালোই লাগবে, ভালোই যাবে দিনটা।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে