আজ ফুলগাছ রোপণের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সুন্দরতম দিন কোনটি? পৃথিবীর বুকে প্রথম ফুল ফুটেছিল যেদিন। আপনাদের কী মনে হয়? ভিন্ন জবাব খুঁজতেই পারেন। তবে ফুলের জন্মের মধ্য দিয়ে পৃথিবীতে যে এক অনন্য সৌন্দর্যের জন্ম হয়েছিল, এ কথা কিন্তু অস্বীকারের উপায় নেই। যুগ যুগ ধরে ফুল ভালোবেসেছে মানুষ। সৌন্দর্য আর সুবাস-বৈচিত্র্যে বিমোহিত হয়েছে। পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক হিসেবে ফুল বিশ্বজুড়ে শর্তহীনভাবে স্বীকৃত। শ্রদ্ধায়-অর্ঘ্যে, প্রেমে ও বন্ধুত্বে ফুল যেমন অনিবার্য, তেমনই দ্রোহ ও বিপ্লবেও আছে এর উপস্থিতি।

আজকের দিন উপলক্ষে একটি ফুলগাছ তো লাগানো যেতেই পারে
ছবি: সংগৃহীত

ঠিক কত আগে প্রথম ফুল ফুটেছিল পৃথিবীতে? উদ্ভিদবিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ বলছেন, ১২ থেকে ১৩ কোটি বছর আগে। কারও মতে, ১৫ কোটি বছর। আবার কেউবা বলেছেন, ১৭ কোটি বছর আগে। আর পৃথিবীতে ফুল রয়েছে প্রায় চার লাখ প্রজাতির।

এখন প্রকৃতিতে চলছে ফুলের ঋতু বসন্ত। অবশ্য গ্রীষ্ম থেকে বসন্ত; ঋতুচক্রে সারা বছরই এ দেশে থাকে ফুলের প্রাচুর্য। বাংলাদেশ মানেই তো ফুলের দেশ।

আজ ১২ মার্চ, ফুলের গাছ লাগানো দিবস। দিনটির যাত্রা শুরু কবে কীভাবে তা অবশ্য জানা যায় না। তাতে কী। আজকের দিন উপলক্ষে একটি ফুলগাছ তো লাগানো যেতেই পারে। শহুরে বাড়ির ছাদে, ব্যালকনিতে এমনকি ঘরের ভেতরেও লাগাতে পারেন।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে