আজ শিশুকে বই পড়ে শোনানোর দিন
‘খোকা ঘুমাল পাড়া জুড়াল বর্গি এল দেশে।’ কিংবা ‘আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা।’ ছড়াগুলোর গায়ে সুর বসিয়ে গুনগুন করে গাইতেন মা, দাদিরা। তাঁদের কোলে শুয়ে শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। আবার ঘুমানোর আগে বিভিন্ন বই পড়ে শোনাতেন তাঁরা। তাতে কত রাজা-উজির, দৈত্য-দানব আর রাক্ষস-খোক্কসের গল্প! কখনো আনন্দে খলবলিয়ে হেসে উঠতাম, কখনো ভয় পেয়ে শক্ত করে জড়িয়ে ধরতাম তাঁদের। শৈশব-কৈশোরের বড় একটি অংশজুড়ে ছড়িয়ে আছে এসব গল্প।
আজ ১৯ মার্চ, ইন্টারন্যাশনাল রিড টু মি ডে। শিশুকে বই পড়ে শোনানোর দিন। এমা ম্যাক্টাগার্ট প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন চাইল্ড রাইটসের উদ্যোগে দিবসটির যাত্রা শুরু। ২০১৮ সাল থেকে এটি পালিত হচ্ছে।
আজকাল মোবাইল ফোন, কম্পিউটার আর ট্যাবের স্ক্রিনে আটকে গেছে আমাদের শিশুরা। তাদের বই পড়ে শোনানোর অভ্যাসটা উঠেই গেল কি! অথচ পেডিয়াট্রিকস জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র বলছে, যেসব শিশুকে বেশি বেশি বই পড়ে শোনানো হয়, তাদের মস্তিষ্কের বাঁ অংশ উল্লেখযোগ্য হারে সক্রিয় হয়ে ওঠে। বই পড়ে শোনানো মানেই তো একসঙ্গে অনেকগুলো কাজ হয়ে যাওয়া। গল্পের সঙ্গে মিলিয়ে চিত্রকল্প তৈরি করতে পারে শিশু। ফলে বাড়ে তার কল্পনাশক্তি। শব্দভান্ডার সমৃদ্ধ হয়। কিন্তু এখন গল্প পড়ে না শুনিয়ে বিভিন্ন যন্ত্রের দিকেই ঠেলে দিচ্ছি ওদের। এতে শিশুর কল্পনার জগৎ বাধা পাচ্ছে।
শুধু আজ নয়, বছরের প্রতিটি দিনই হোক শিশুকে বই পড়ে শোনার দিন। দারুণ কিছু বইয়ের তালিকা করে ফেলুন। ধীরে ধীরে কিনে ফেলুন। তারপর শিশুর হাতে বই তুলে দিন। ওর ঘরদোর সাজিয়ে দিন বই দিয়ে।