পৃথিবী আজ অসুস্থ। প্রাণঘাতী অদৃশ্য এক সংক্রামক জীবাণু এলোমেলো করে ফেলেছে মানুষের বহমান জীবন। কিন্তু এর চেয়ে ভয়াবহ এক অদৃশ্য জীবাণু সৃষ্টিলগ্ন থেকেই বয়ে চলেছে মানুষ।
‘হিংসা’ নামের সেই জীবাণু শতসহস্র গুণ সংক্রামক ও দুরারোগ্য। যুদ্ধ, খুনোখুনি, রক্ত, ক্রমাগত আঘাত আর প্রত্যাঘাতের এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষ বাঁচবে মানুষের সম্মান নিয়ে। যুগযুগান্তর ধরে যেসব মহাত্মা ব্যক্তি এমন স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নের পেছনে নিজের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের অন্যতম প্রধান প্রতিনিধি ব্রিটিশ শাসনবিরোধী অহিংস আন্দোলনের নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী। যিনি মহাত্মা গান্ধী নামেই বিশ্বজুড়ে পরিচিত।
হিংসা নয়, ঘৃণা নয়, জিঘাংসা কিংবা প্রত্যাঘাত নয়, মানুষের প্রতি কেবলই নির্মল ভালোবাসা বিলিয়ে যাওয়ার আদর্শ প্রচার করে গেছেন অহিংস-অসহযোগ আন্দোলনের জনক এই মহামতি।
আজ ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস। মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর। তাঁর প্রতি সম্মান জানাতে জাতিসংঘ ২০০৭ সালে দিনটিকে অহিংসা দিবস হিসেবে ঘোষণা করে এবং সে বছর থেকেই এটি নিয়মিত পালিত হয়ে আসছে। হিংসা–বিদ্বেষের অশুভ বীজ চিরতরে সমূলে উৎপাটিত হয়ে যাক আমাদের ভেতর থেকে, আজকের দিন থেকেই হোক তার শুরু।
ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে