আমাদের জ্ঞান কম কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেক্সেলস

শুরুতেই বলে দিই। এই লেখা অহেতুক বড় করার কোনো ইচ্ছা আমার নেই। তাই শিরোনামের প্রশ্নের জবাব শিগগিরই পেয়ে যাবেন। কিন্তু এরপর যদি আলাদা কোনো প্রশ্ন অনিচ্ছায় উঠে যায় এবং তার উত্তর দিতে গিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণে যেতে হয়, সে ক্ষেত্রে আমার কোনো দায় থাকবে না।

প্রশ্ন হলো আমাদের জ্ঞান কম কেন? এ প্রশ্ন যেমন সহজ, এর উত্তর আরও সহজ। কারণ, আমাদের জ্ঞান পিপাসা কম। অনিচ্ছাকৃতভাবেই আসে পরের প্রশ্ন। জ্ঞানপিপাসা কেন কম? এবার আর কিছু করার নেই। ব্যাখ্যা-বিশ্লেষণে যেতেই হচ্ছে।

আমাদের জ্ঞান কতটা কম, সেটি আগে একটু বলে নিই। চলতি বছরের গ্লোবাল নলেজ ইনডেক্স অনুযায়ী, বৈশ্বিক জ্ঞানসূচকে তলানিতে রয়েছে বাংলাদেশ। ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম। আর সাধের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে (অর্থাৎ পাড়া-মহল্লায়) বাংলাদেশের অবস্থান নিচ থেকে সবার শুরুতে। একটু ঘুরিয়ে বললাম। দোষ নেবেন না প্লিজ। ‘সবার নিচে’ বললে অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়।

এই সূচক আবার উড়িয়ে দেওয়ারও উপায় নেই। অর্থাৎ নাচতে পারছেন না বলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে দোষ দেওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে না। কারণ এ সূচক তৈরিতে জাতিসংঘও যুক্ত আছে। প্রাক্‌-বিশ্ববিদ্যালয় শিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, অর্থনীতিসহ মোট সাতটি বিষয় বিবেচনায় নিয়ে সূচকের তালিকাটি তৈরি করা হয়েছে।

জ্ঞানের ক্ষেত্রে পিপাসার্ত আমরা প্রায় হই না বললেই চলে। ইচ্ছা-অনিচ্ছায় তা–ও যতটুকু হই, ওই সময় পানি কম খাই। পিপাসা মেটাতে ব্যবহার করি তেল। হাতের কাছে তেলই বেশি থাকে কি না। নানা কাজে বঙ্গ জীবনযাত্রায় অন্যতম ভরসা তেল। পানির বদলে তেল খাওয়াতেই আমাদের আনন্দ।

পেক্সেলস

আচ্ছা, তেলের দামে আগুন লাগলেও তেল কেনা বন্ধ হয়েছে বলে কখনো শুনেছেন? ওপরতলা থেকে ভাতের বদলে আলু খাওয়ার পরামর্শ দেওয়ার মতো তেলের বদলে পানি ব্যবহারের নির্দেশনা কখনো পেয়েছেন? হুঁ হুঁ বাবা, ওপর থেকে নিচ, তেল সবারই চাই। ধরুন, খাসির রেজালায় লালরঙা তেল পেলেন না, তখন কি মন খারাপ হয়? বা কেউ আপনাকে ফেসবুকে লাইক-কমেন্ট দিয়ে আকাশে তুলে দিলে কি পাখিদের সঙ্গে মহাকাশ পাড়ি দিতে ইচ্ছা করে? কানকথায় কান দিয়ে কি কান খুঁজতে চিলের জন্য ‘ধরিয়ে দিন’ পোস্টার ছাপান? অফিসের বসকে খুশি করতে কি বর্ণান্ধ সেজে তাঁর হলুদ রঙের ড্রেসে এডভার্ড মুংখের ‘দ্য স্ক্রিম’ ছবির শৈল্পিক ছোঁয়া দেখতে পান? এমন প্রশ্ন আরও অনেক আছে। এসব প্রশ্নের উত্তরে মনের গহিন থেকে হিন্দি সিরিয়ালের মতো যদি ‘হ্যাঁ’ শব্দের প্রতিধ্বনি শুনতে থাকেন, তবে বুঝে নেবেন আপনার মানবসত্তায় তেলের অন্য নাম জীবন।

ব্যবহারিক জীবনে এ তেলের মাত্রাতিরিক্ত ব্যবহারেই সমস্যা ঘটে। আমার ব্যাখ্যায়, দুই হাতের তালুর ঘষায় তেল আর টিকতে না পেরে উঠে যায় মাথায়। আর তাতেই ঘটে বিপত্তি।

জানেন তো, মানুষের মস্তিষ্কের শতকরা ৭৩ ভাগ পানি। কিন্তু তেল মাথায় উঠে গেলে পানির সঙ্গে আর তা মিশতে পারে না। আবার পানিতে থাকে অক্সিজেন, যা আবার মস্তিষ্কের কাজে লাগে। কিন্তু তেলে কি তা থাকে? ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমতে থাকাটা স্বাভাবিক। জ্ঞান তখন হাঁটুতে নামতে থাকে। মস্তিষ্কে তেলের পরিমাণ যত বাড়তে থাকে, জ্ঞান হাঁটু থেকে তত নিম্নগামী হয়। হয়তো একসময় পায়ের আঙুল দিয়ে বেরিয়েও যায়!

কোলাজ: একটু থামুন

২০২০ সালের বৈশ্বিক জ্ঞানসূচক দেখে বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষ হয়তো আমাদের ‘অজ্ঞান’ ভাবতে পারেন। কিন্তু জ্ঞান শব্দটির আগে ‘অ’ বসানোও কিন্তু সহজ কাজ নয়। মাথায় তেল পর্যাপ্ত পরিমাণে উঠলেই এটি সম্ভব হয়।

উদাহরণ দেওয়া যাক। রাজধানীর এক বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আবাসিক হল খোলা হবে না। ফলে ঢাকার বাইরের শিক্ষার্থীরা কোথায় থেকে পরীক্ষা দেবেন, তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এর সমাধানে বিশ্ববিদ্যালয়ের দণ্ডমুণ্ডের কর্তা সম্প্রতি এক সংবাদমাধ্যমকে বলেছেন, শিক্ষার্থীরা যেহেতু পরীক্ষা দিতে আগ্রহী, তাই তারা ঢাকায় নিজেদের থাকার একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে পারবে বলে তাঁর আশা।

বিশ্ববিদ্যালয়ে হলজীবন আমিও কাটিয়েছি। অন্য কোথাও থাকার সংস্থান নেই বলেই। সোজা ভাষায়, সামর্থ্য সীমিত ছিল। এখনো হলে থাকা বেশির ভাগ শিক্ষার্থীর তেমন দশাই থাকার কথা। তার ওপর এখন আবার মহামারির কাল। তো বিশ্ববিদ্যালয়ের দণ্ডমুণ্ডের কর্তার এসব অজানা থাকার কথা নয়। তবু তিনি ‘আশা’ দেখলেন। হক কথা বটে। উন্নয়ন চাইবেন আর উন্নয়নের প্রসববেদনা অনুভব করবেন না, তা কি হয়? সুতরাং, বেদনা অনুভব করুন, উন্নয়ন উপভোগ করুন।

সে যা-ই হোক। এখন কথা হলো আমাদের জ্ঞান বাড়বে কীভাবে? তার আগে বরং এই জনপদের মানুষের মস্তিষ্কের গ্রে ম্যাটার নিয়ে পরীক্ষা ও গবেষণা করা হোক। তেল চিটচিটে হলে কিন্তু কালো ময়লাও জমে। আমাদের গ্রে ম্যাটার ‘ব্ল্যাক’ হয়ে গেল কি না কে জানে! আর ব্ল্যাকের সঙ্গে যদি ‘হোল’ বসে যায়, তবে তো কথাই নেই। শুরু হবে অনন্তের পথে যাত্রা। হারিয়ে যাওয়াই তখন একমাত্র ভবিতব্য।