আহা মলাটের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে শুদ্ধর নতুন বইয়ে মলাট লাগাচ্ছেন চঞ্চল চৌধুরী
ছবি: ফেসবুক

স্মৃতির অ্যালবামে ধুলো পরে যায় ঠিকই। কিন্তু কোনো কোনো স্মৃতি থেকে যায় অমলিন।

সারা বছর না হোক, বছরের শুরুতে আমাদের জন্য বাজেট হতো বিশ টাকা। সে সময় বিশ টাকা হাতে পেলে নিজেকে বিল গেটস মনে হতো। সে বিশ টাকার হিসাব ছিল একেবারে আলাদা। আইসক্রিম, লজেন্স বা বিস্কুটের হিসেবে সে টাকা খরচ হলে পিঠে কালশিটে পরত নির্ঘাত। সে টাকায় আসত হরেক রকমের রঙিন কাগজ কিংবা গ্লসি পেপারের ইংরেজি ম্যাগাজিনের খোলা পাতা। সে সব পাতায় ছবি থাকত কুংফু কারাতের, ড্রাগনের আর চীন দেশের নাম না জানা কোনো কিশোরীর! সে সব চকচকে রঙিন কাগজ কোথা থেকে আসত তার কোনো হদিস আমাদের জানা ছিল না। কিন্তু নির্দিষ্ট দোকানে বিশ টাকা জমা দিলেই মিলত সেই জাদুর কাঠি। রঙিন ছবির সেসব কাগজ না পেলে খোঁজ পড়ত দেশীয় ম্যাগাজিনের। তারও দেখা না পেলে সংবাদপত্রের।

পছন্দের কাগজ কিনে বছরের শুরুতে পাওয়া নতুন বইয়ের ওপর লাগানো হতো মলাট। বছরের শুরু হবে, হাতে বই আসবে, সে বইয়ে লাগবে নতুন মলাট! কিশোর বয়সে এ ছিল বিরাট এক ‘অ্যাডভেঞ্চার’। মলাট লাগানোর জন্য একটা দিন বরাদ্দ থাকত। সে দিন কোনো পড়াশোনা ছিল না বলে দিনটা ছিল আনন্দের। বই সামনে থাকবে কিন্তু পড়া হবে না!

সে কী উত্তেজনা! আমরা যারা ছোট ছিলাম তারা মলাট ঠিকঠাক মতো লাগাতে পারতাম না। তার জন্য ছিল হাইস্কুলে পড়ুয়া আমাদের বড় ভাই বা কাকারা। সেদিন তাদেরও ঠাটবাট হতো দেখার মতো। দুই-চার টাকা তাঁদের জন্যও বরাদ্দ রাখতে হতো কিংবা রাতে নারকেল চুরির সহযোগী হতে হতো। নিয়ম ছিল মলাট লাগানোর। সেটা অবশ্য অঘোষিত।

প্রথমে মলাট লাগানো হবে ধর্ম বইয়ে, তারপর ইংরেজি বইয়ে, তারপর গণিত বইয়ে। এভাবে একদম শেষে আসত বাংলা বই। কারণ সেটা পড়া খুব সহজ। ইংরেজি আর গণিত বই ছিল কঠিন। সে জন্য তাদের ক্রম আগে। আর ধর্ম বই তার নিজের গুণেই প্রথমে। ধর্ম বইয়ের জন্য বরাদ্দ ছিল সাদা কাগজ।

আমাদের দুষ্টু বন্ধুরা আরও এক ধাপ সরেস ছিল মলাট লাগানোর ব্যাপারে। বাজারের নাপিতের দোকানে ঝোলানো ক্যালেন্ডার কিনত তারা। বেশির ভাগই নায়ক-নায়িকার ছবিওয়ালা ক্যালেন্ডার। একটু মোটা কাগজের সে সব ক্যালেন্ডার উল্টো করে মলাট লাগানো হতো। আর নির্দোষ ফুল পাখিওয়ালা ক্যালেন্ডারের ওপর দিকটাই থাকত বইয়ের ওপরে। ক্লাসের ফাঁকে ফাঁকে সে সব মলাটের ভেতরে উঁকি দেওয়ার জন্য তাদের খাওয়াতে হতো চকলেট বা এক টাকার লাঠি বিস্কুট। সে বিস্কুট খাওয়াতে খাওয়াতে আমাদেরও মনে হতো, দেখিস সামনের বছর আমিও কিনব এমন কাগজ।

মলাট লাগালেই তো হতো না। তার ওপর সুন্দর হাতের লেখায় লিখতে হতো বইয়ের নাম, নিজের নাম, স্কুলের নাম, রোল নম্বর। স্কুলে বা বাড়িতে যাদের হাতের লেখা সুন্দর ছিল, কত কাণ্ড করেই না তাদের ধরে লিখিয়ে নিতে হতো সে সব। মলাটের ওপর সুন্দর হাতের লেখা লিখতে হবে, সে জন্যই কত জন যে হাতের লেখা সুন্দর করেছিল, তার সত্যিই কোনো হিসেব নেই। আর পরে সে সুন্দর হাতের লেখা দিয়ে সে বয়সে কত টাকা আয় হয়েছে মলাটের ওপর লিখে আর চিঠি লিখে তারও কোনো হিসেব নেই।

বছরের শুরুতে নতুন বইয়ের ঘ্রাণ নিতে নিতে মলাট লাগানো— সেটা ছিল একটা সংস্কৃতি। তিন শ পঁয়ষট্টি দিন বইকে রক্ষা করতে হবে—সে ভাবনা থেকে শিক্ষকেরাও মলাট লাগানোর উৎসাহ দিতেন। এখনো ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারিতে মনে পরে যায় মলাটের কথা। স্মৃতির ধূসর মলাট তখন কেমন যেন রঙিন হয়ে ওঠে।

আজ অবশ্য ধূসর মলাট রঙিন করার কৃতিত্ব দিতে হয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটা ছবি আপলোড করে আজ হঠাৎই স্মৃতিকাতর করে দিলেন তিনি। ছবিতে দেখা যায়—ছেলের বইয়ের মলাট লাগিয়ে দিচ্ছেন চঞ্চল। ছবির সঙ্গে লেখাটাও খুব সুন্দর। চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আজ যখন আমার ছেলে শুদ্ধর নতুন ক্লাসের নতুন বইতে আদর করে মলাট লাগিয়ে দিচ্ছিলাম, তখন সত্যি উৎসব মনে হচ্ছিল। ছোটবেলার এ রকম অনেক ছোট ছোট অপ্রাপ্তিগুলো ভুলতে ভুলতেই আজ এখানে পৌঁছানো। আমাদের সন্তানেরা, যদি শুধু এটুকু বুঝতে পারত যে সারা জীবন ছেঁড়া বই পড়ে তোমাদের বাবারা তোমাদের হাতে এক সেট নতুন বই তুলে দিতে পেরে নিজেদের অপ্রাপ্তির সব কষ্ট ভুলে যায়, তাহলে বোধ হয় ওরা সত্যিই মানুষ হবার প্রেরণা পেত।’

স্মৃতির মলাটের ধুলো ঝেড়ে এক ঝলক অতীত মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় চঞ্চল চৌধুরী।