এই পানি লাগবে পানি

এ যেন ‘সেরের ওপর সোয়া সের’। পানির ওপর ছুটে চলেছে ঢাকা ওয়াসার পানির গাড়ি। পানিময় এ দৃশ্য দেখতে দেখতে পানি নিয়ে চারটি কৌতুকও উপভোগ করুন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সোমবার ধানমন্ডির ২৭ নম্বর সড়কে ‘সেরের ওপর সোয়া সের’
ছবি: সাবিনা ইয়াসমিন

পানির বদলে লাচ্ছি

এক লোক বন্ধুর বাসায় গেছে। বন্ধু নেই, তাই অপেক্ষা করতে করতে তেষ্টা পেল। বন্ধুর ছোট ছেলেটাকে বলল, ‘বাবা, এক গ্লাস পানি দেবে?’

ছেলেটা বলল, ‘পানি নেই। লাচ্ছি দিই?’

লোকটা বললেন, ‘দাও দাও, কোনো সমস্যা নেই।’

ছোট ছেলেটা পরপর পাঁচ গ্লাস লাচ্ছি দিয়ে গেল।

লোক তো অবাক, ‘তোমাদের বাসায় কেউ লাচ্ছি খায় না?’

ছোট ছেলেটা হেসে বলল, ‘জি, খায়। কিন্তু আজ লাচ্ছিতে টিকটিকি পড়েছে বলে কেউ খায়নি।’

থাপ্পড়ের সঙ্গে পানি

ছেলে পড়ছে। মাকে বলল, ‘মা, এক গ্লাস পানি দাও না।’

মা–ও ঘরের কাজে ব্যস্ত। ঝাঁজাল গলায় বললেন, ‘অফিস থেকে এলাম, ঘরের কাজ করছি। তুই এসে খেয়ে যেতে পারিস না!’

ছেলে মায়ের কথা শুনবে না। সে–ও ঝাঁজাল গলায় বলল, ‘আমি পারব না, তুমি নিয়ে এসো।’

মা ভীষণ রেগে গেলেন, ‘একটা থাপ্পড় দেব, কুঁড়ে কোথাকার!’

ছেলের মুখে হাসি, ‘থাপ্পড় দিতে আসার সময় পানির গ্লাসটা নিয়ে এসো, মা!’

পানিতে পড়ে গেলে

শিক্ষক বললেন, ‘তোমরা যদি কখনো দেখো কেউ পানিতে ডুবে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে তার চুল ধরে পানি থেকে উদ্ধার করবে।’

এক দুষ্টু ছাত্র বলল, ‘স্যার, আপনি যদি ডুবে যান, তাহলে উদ্ধার করব না।’

শিক্ষক অবাক, ‘কেন, আমি আবার কী অপরাধ করলাম?’

ছাত্র বলল, ‘মানে, আপনার মাথায় তো চুল নেই, স্যার!’

সুইমিং পুলে একদিন

এক লোক পার্টি দিয়েছে। বন্ধুদের বলল, ‘আমার সুইমিং পুলটায় ম্যাজিক আছে। সুইমিং পুলে নেমে যে তরল পদার্থের নাম বলবে, পুরো পুলের পানি সেই তরলে পরিণত হবে।’

তার এক বাঙালি বন্ধু পুলে নেমে বলল, ‘কোল্ড ড্রিংকস।’

সঙ্গে সঙ্গে পুরো পুলের পানি কোল্ড ড্রিংকসে পরিণত হলো। বাঙালি বন্ধু প্রাণভরে কোল্ড ড্রিংকস খেয়ে উঠে এল।

এবার তার এক জার্মান বন্ধু পুলে নেমে বলল, ‘বিয়ার।’

সঙ্গে সঙ্গে পুরো পুলের পানি বিয়ারে রূপান্তর হলো। সে প্রাণভরে বিয়ার খেয়ে উঠে এল।

এবার তার এক মার্কিন বন্ধু পানিতে ঝাঁপ দিতেই বাঙালি লোকটা তাকে মনে করিয়ে দিল, ‘আরে, তোমার পকেটে তো মুঠোফোনটা রয়ে গেছে!’

মার্কিন লোকটা বলল, ‘শিট!’