ওয়ার্ডল কেন এত জনপ্রিয় হলো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ডলের নির্মাতা জশ ওয়ার্ডল ও তাঁর সঙ্গী পলক শাহ (বাঁয়ে)
ছবি: টুইটার থেকে

প্রতিদিনের মতো কম্পিউটারের সামনে বসে ছিলেন জশ ওয়ার্ডল। মহামারির সময়, অফিসে লোকজনের আনাগোনা বেশ কম। হঠাৎ পাশে বসা পলক শাহর দিকে তাকিয়ে বললেন, ‘আমি মনে মনে পাঁচ অক্ষরের একটা শব্দ ভাবছি। বলো তো, শব্দটা কী।’

পলক কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা শব্দ বললেন।

জশ পাল্টা জবাব দিলেন, ‘হয়নি। তবে এই শব্দের তিনটি অক্ষর ঠিক হয়েছে। আবার চেষ্টা করো।’

এভাবেই সূচনা এ সময়ের অন্যতম জনপ্রিয় গেম ‘ওয়ার্ডল’-এর। আর বুঝতেই পারছেন, নিজের নামের শেষাংশ ‘ওয়ার্ডল’ থেকেই গেমটির নামকরণ করেছেন জশ ওয়ার্ডল।

খেলার নিয়ম

এক নামে পুরো পৃথিবীর কাছে এখন পরিচিত ‘ওয়ার্ডল’। কয়েক মাস আগেও যেটা ঘুরে বেড়াচ্ছিল জশ ওয়ার্ডলের পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটা এখন পাঁচ লাখেরও বেশি মানুষের প্রতিদিনের সঙ্গী। খেলার নিয়মটা একেবারেই সোজা। পাঁচ অক্ষরের একটা শব্দ, আপনার সামনে সুযোগ ছয় বার। প্রতিবার শব্দ লেখার পর জানিয়ে দেওয়া হবে আপনার দেওয়া শব্দের অক্ষরগুলো ঠিক না কি ভুল।

কোলাজ: একটু থামুন
কোলাজ: একটু থামুন

যদি অক্ষরগুলো সেদিনের শব্দের ঠিক অবস্থানে থাকে, তবে তা সবুজ রংয়ে পরিবর্তিত হবে। আর যদি সেদিনের শব্দে অক্ষরগুলো থাকে, কিন্তু ভুল অবস্থানে, তবে সে অক্ষরগুলোর রং হবে হলুদ। আর যদি অক্ষরগুলো শব্দে অনুপস্থিত থাকে, তবে তার রং হবে কালো। ছয়বারের মধ্যে শব্দ বের করতে না পারলে, সেদিন আর শব্দটি জানার উপায় নেই। (যদিও কেউ কেউ চোরা বুদ্ধি বের করে ফেলেছেন এরই মধ্যে!)

সরল ভাবনা

ইন্টারনেটের গলি-ঘুপচিতে প্রতিদিনই নিত্যনতুন জিনিসের আবির্ভাব হয়, আবার হারিয়েও যায় কদিনের মধ্যে। জশ ওয়ার্ডল নিজের সহকর্মী ও সঙ্গী পলক শাহর শব্দ নিয়ে আগ্রহ দেখে শুরু করেছিলেন এই খেলা। খেলার ছলে তৈরি করা খেলার ওয়েবসাইটে না আছে কোনো বিজ্ঞাপন, না আছে অর্থের ঝনঝনানি। শুধু পাঁচ শব্দের একটা ধাঁধা। প্রতিদিন নিত্যনতুন শব্দের আবির্ভাব হয় সেখানে। ওয়ার্ডল খেলতে কোনো ই–মেইল আইডি। পাসওয়ার্ডের ঝামেলা নেই। অর্থাৎ এটি খেলতে কোনো অ্যাকাউন্টও খুলতে হয় না।

ওয়ার্ডলের ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন নেই
ছবি: এএফপি

‘ওয়ার্ডল’-এর উদ্ভাবক জশ ওয়ার্ডলের চিন্তাভাবনা বেশ সরল। তাঁর মতে ইন্টারনেট এমন একটা জায়গা, যেখানে মানুষ আসে আনন্দের জন্য। সব জায়গায় চটকদার বিজ্ঞাপন বা অর্থসাহায্য দিয়ে কাজ হয় না। বরং ইন্টারনেটের কিছু জায়গা সীমাবদ্ধ রাখা উচিত শুধু আনন্দের জন্য। জশ ওয়ার্ডল তা করতে পেরেছেন তাঁর ‘ওয়ার্ডল’ দিয়েই।

কেন জনপ্রিয়

এক দিনে আপনি দ্বিতীয়বার ওয়ার্ডল খেলতে পারবে না
ছবি: এএফপি

অবশ্য পাদপ্রদীপের আলোয় জশ ওয়ার্ডল যে এবরাই প্রথম এলেন, তা নয়। এর আগে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করেছেন সামাজিক মাধ্যম রেডিটে। যেখানে ‘দ্য বাটন’ নামে এক ‘সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্ট’ এবং ‘প্লেস’ নামের অনলাইন মেটা গেম দিয়ে চমকে দিয়েছিল তাঁর দল। তবে সেবার তাঁর পেছনে ছিল পুরো একটা দল। এবার ‘ওয়ার্ডল’কে তিনি গড়ে তুলেছেন একাই।

‘ওয়ার্ডল’–এর এত জনপ্রিয়তার পেছনে একটি বড় কারণ আছে। চাইলেই এক দিনে এই খেলা আপনি দ্বিতীয়বার খেলতে পারবে না। আর এক বারের চেষ্টায় ভুল করে ফেললে পেছনে ফিরে যাওয়ারও কোনো সুযোগ নেই। এখন সব গেম নির্মাতা চান, ব্যবহারকারী বারবার ফিরে আসুক তাদের প্ল্যাটফর্মে, ওয়ার্ডল চায় মাত্র ৩ মিনিট! জশ ওয়ার্ডলের মতে, পূর্ণ মনোযোগের তিন মিনিটই যথেষ্ট একজনকে আবার গেমটিতে ফেরত আনতে।

ওয়ার্ডলের ভেলকি

জিআইএফ: সংগৃহীত

জানুয়ারি মাস থেকে যুক্ত হওয়া নতুন ফিচার নতুন গতি দিয়েছে ‘ওয়ার্ডল’-এর যাত্রায়। আগে চাইলেও ‘ওয়ার্ডল’-এ কারও ফল শেয়ার করা যেত না। এখন এক চাপেই সামাজিক যোগাযোগমাধ্যমে দিনের ‘ওয়ার্ডল’ ফলাফল শেয়ার করা যায়। কালো, হলুদ ও সবুজ—তিন রংয়ের মাধ্যমে স্পয়লার ছাড়াই সবাইকে জানিয়ে দেওয়া যায় দিনের ফল।

‘ওয়ার্ডল’-এর জনপ্রিয়তা দেখে নিউইয়র্ক টাইমস জশ ওয়ার্ডলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিনে নিয়েছে অনলাইন গেমটি। যদিও গেমের পেছনে জশ ওয়ার্ডল এবং পলক শাহর পরিশ্রমের প্রতি সম্মান রেখে কোনো কিছুই পরিবর্তন করেনি তারা। অ্যালগরিদম অনুযায়ী ইংরেজি শব্দভান্ডারে ৫ অক্ষরের শব্দ আছে মোট ১২ হাজার। এখান থেকে মাত্র আড়াই হাজার শব্দ বেছে নিয়েছেন জশ-পলক জুটি। সে অনুযায়ী আরও বেশ কয়েক বছর ভেলকি দেখানো বাকি ‘ওয়ার্ডল’-এর।

ওয়ার্ডল খেলতে পারেন এখানে: https://www.powerlanguage.co.uk/wordle/

সূত্র: নিউইয়র্ক টাইমস

আগামীকাল পড়ুন ‘এ সময়ের জনপ্রিয় গেম ওয়ার্ডলে ভালো করবেন যেভাবে’