করোনাকালে কফি শপে দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালাক হাবু

হাবুকে দাওয়াত করল তার বন্ধু লাবু।

বন্ধুর বাসা আটতলায়। বহু কষ্ট করে সিঁড়ি দিয়ে আটতলায় উঠে হাবু দেখল, বন্ধুর বাসার দরজায় একটা কাগজ ঝোলানো। তাতে লেখা আছে, ‘হাবু, তুই বোকা হয়েছিস! আমরা কেউ বাসায় নেই। ফিরে যা।’

হাবু নিচে লিখল, ‘বুদ্ধু, বোকা তো তুই হয়েছিস। আমি তোর বাসায় আসিইনি!’

ফুটো ছাতার প্রয়োজনীয়তা

প্রচণ্ড বৃষ্টি। মন্টু মিয়া ছাতা মাথায় ঘরে থেকে বেরোলেন। তাঁর ছাতায় বিরাট একটা ফুটো।

স্বাভাবিকভাবেই ফুটো ছাতা মাথার ওপর ধরে অফিস যেতে যেতে কাকভেজা হয়ে গেলেন তিনি।

মন্টু মিয়ার অবস্থা দেখে এক সহকর্মী জিজ্ঞেস করলেন, ‘কী মন্টু ভাই, ছাতা মাথায় দিয়ে ভিজে ভিজে এলেন কেন?’

আরেক সহকর্মী ছাতায় ফুটো দেখে জানতে চাইলেন, ‘ছাতায় ফুটো কেন?’

মন্টু মিয়ার উত্তর, ‘আরে বোকা, বৃষ্টি থেমে গেলে বুঝব কী করে?’

করোনাকালের সাবধানতা

এক লোক দোকানে গিয়ে জিজ্ঞেস করল, ‘ভালো সাবান আছে?’

বিক্রেতা বলল, ‘অবশ্যই আছে।’

লোকটি বলল, ‘ভালোমতো হাত পরিষ্কার হয় তো?’

বিক্রেতা এবারও হাসিমুখে বলল, ‘অবশ্যই হয়।’

লোকটির সন্দেহ যায় না, ‘জীবাণু থেকে যায় না তো?’

বিক্রেতা খানিকটা অবাক, ‘না।’

লোকটি আশ্বস্ত হয়ে বলল, ‘ঠিক আছে। সাবান দিয়ে ভালোমতো হাত ধুয়ে এক কেজি আটা দিন। করোনাকাল তো...।’

করোনাকালে কফি শপে দুজন

করোনাকালে অনেক দিন ধরে ঘরের বাইরে যাওয়া হয়নি।

তাই স্ত্রীকে নিয়ে দিলু সাহেব গেলেন একটি কফির দোকানে।

দিলু সাহেব: তাড়াতাড়ি শেষ করো, কফি ঠান্ডা হচ্ছে।

দিলুর সাহেবের স্ত্রী: কেন? সমস্যা কী?

দিলু সাহেব: আরে, মূল্যতালিকা দেখো। ‘হট কফি’ ৫০ টাকা, ‘কোল্ড কফি’ ৮০ টাকা!