‘নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তরি নিজে বাও বাও রে...!’
খুব পছন্দের গানটা শুনতে শুনতে খবরটা চোখে পড়ল—করোনার দ্বিতীয় ঢেউ। আহা রে করোনা! চোখে দেখা না গেলেও করোনার ঢেউ পুরো বিশ্ব তছনছ করে দিচ্ছে। আমার এক বন্ধুর ভাষায় করোনা হলো ‘চাইনিজ ভাইরাস’। চীনের কথায় মনে পড়ল একটা ঘটনা। এক চীনা লোক এয়ারপোর্টে বসে বসে কাঁদছে। আরেক যাত্রী জানতে চাইল, কাঁদছ কেন? তার উত্তর, ‘প্রিয় কুকুরটা মারা গেছে অল্প বয়সে।’
যাত্রীটি বলল, ‘কাইন্দা লাভ নাই, ভাই। চাইনিজ জিনিস এমনিতেই কম টেকে। আমার বাসায় গেলে দেখাইতাম। কত রকম চাইনিজ গ্যাজেট কেজি দরে বেচার জন্য রাখছি। লোকজন মাগনা দিলেও নিতে চায় না!’
তবে করোনাই একমাত্র চাইনিজ ব্যাপার, যেটার স্থায়িত্ব নিয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা নয়।
‘এই দেশে যে দ্বিতীয় ঢেউ আসবে, সেটা জানা ছিল,’ বলছিলেন প্রতিবেশী মুরব্বি রতনপুরী সাহেব। তিনি আরও যোগ করে বললেন, ‘যেখানে লকডাউনের বাঁশের তলা দিয়ে পিঠের ঢেউ দিয়ে মানুষ বের হয়ে আসে, সেখানে এটাই স্বাভাবিক।’
মুরব্বিদের কথা ফেলতে নেই। যেমন যেখানে-সেখানে ফেলতে নেই থুতু, কফ প্রভৃতি। টানা বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে ডুবে আছে। বড় কোনো বাস বা গাড়ি গেলেই তাতে রাস্তার দুপাশে মিনি কক্সবাজারের ‘ফ্লেভার’ পাওয়া যায়। বোঝেন নাই ব্যাপারটা? ঢেউয়ের কথা বলছি। পৃথিবীতে হরেক রকম ঢেউ আছে। ঢেউয়ের মাধ্যমে ঢল তৈরি হতে পারে। সবচেয়ে অসহ্য লাগে মানুষের ঢল। যেটাকে আমরা বলি ‘উপচে পড়া ভিড়’।
মাঝেমধ্যে ইচ্ছা করে কক্সবাজারে একটা চাকরি নিয়ে চলে যাই। সমুদ্রের কিনারে বসে ঢেউ গুনি...!
হাটে মানসম্মানের হাঁড়ি ভাঙার আগেই আস্তে করে বললাম, ‘দাদা, এটাই ঢাকা শহর। সব জায়গাতেই প্রতিদিন এমন লোকজনের ঢল থাকে। পুরা শহরই একটা বিরাট গরু-ছাগলের...থুক্কু মানুষের হাট। এখানে প্রতিদিনই হাটবার। এই যন্ত্রণা থেকে বাঁচতে মাঝেমধ্যে ইচ্ছা করে কক্সবাজারে একটা চাকরি নিয়ে চলে যাই। সমুদ্রের কিনারে বসে ঢেউ গুনি...!’বেশ অনেক বছর আগের কথা। গ্রামের দূর সম্পর্কের এক দাদা অনেক দিন ধরে বলছিলেন, তিনি ঢাকায় আসবেন। ঢাকা শহর কেমন, তা দেখতে চান তিনি।
তো সেই দাদার ইচ্ছা পূরণের জন্য তাঁকে ঢাকায় নিয়ে এলাম। বাসা যেহেতু ফার্মগেটের কাছে, তাই ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছিলাম। মানুষের ঢলে ভারসাম্য রাখতে হিমশিম খেতে লাগলেন দাদা। মনটা একটু খারাপ করে বললেন, ‘ঢাকা দেখতে চাইছি ঠিক আছে। তয় তুই আমারে হাটবারে না আনলেও পারতা।’
কক্সবাজারের নির্জন সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। ঢেউয়ের দিকে মুখ করে বসে আছেন লকডাউনে আটকা পড়া এক পর্যটক। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে, ‘লকডাউনে কেন এখানে এলেন? করোনা মহামারির এখন দ্বিতীয় ঢেউ চলছে, জানেন না?’
পুলিশ ধমকের সুরে বলায় লোকটি কী বলবেন, ভেবে পাচ্ছিলেন না।
চট করে মাথা খুলে গেল, ‘ওই যে বললেন না, দ্বিতীয় ঢেউ, ওটা দেখতেই তো এলাম। ঢেউ গুনছিলাম সাগরের।’
পুলিশের বড় কর্তার নির্দেশে কনস্টেবল লাঠি হাতে ঢেউ দেখাতে তৎপর হলেন। শেষে লোকটিকে আবিষ্কার করলাম হোটেলের সুইমিংপুলের চেয়ারে। বেচারা মলম মেখে শুয়ে আছেন। পিঠে লাল লাল ঢেউগুলো কিসের, সেটা আর বলার প্রয়োজন আছে বলে মনে করছি না। কোথাকার ঢেউ কোথায় আছড়ে পড়ে, বলা মুশকিল!
করোনা চলে যাক। চলে যাক যত অশুভ বার্তার ঢেউ। লেখাটা শেষ করা যাক একটা প্যারোডি গানের সুরে সুরে—করোনার জল ছিল না, কূল ছিল না, ছিল শুধু ঢেউ...তৃতীয় ঢেউ আইস্যা পড়ল, আমারে ধর কেউ...!
হ্যাঁ, সেই ঢেউ আর আছড়ে না পড়ুক পৃথিবীর সৈকতে। আপনি নিজেকে সাধু না ভাবলেও সাবধানে থাকুন। কারণ, ‘সাবধানের মাইর নাই’!