আমরা চিরকাল দেখে এসেছি, মোমবাতির শিখা ওপর দিকেই ওঠে, কখনো নিচের দিকে যায় না। কিন্তু কেন যায় না? এ প্রসঙ্গে আরেকটি প্রশ্ন ওঠে, পৃথিবীর বাইরে কোথাও মোমবাতি জ্বালালেও কি তার শিখা ওপরের দিকেই যাবে?
প্রথম প্রশ্নের উত্তর থেকে দ্বিতীয় প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কোনো গ্যাস প্রজ্বলনের অর্থ হলো ওই গ্যাসের সঙ্গে অক্সিজেনের সংযোগ সাধন। এর ফলে সৃষ্ট তাপে গ্যাস উত্তপ্ত হয়ে ওঠে এবং তার ঘনত্ব কমে যায়। আশপাশের বাতাসের ঘনত্বের তুলনায় এই তপ্ত গ্যাসের ঘনত্ব কম হওয়ায় তা পৃথিবীর মাধ্যাকর্ষণের বিপরীতমুখী অর্থাৎ ওপরমুখী একটি প্রবাহ সৃষ্টি করে। এ কারণেই মোমবাতি বা অন্য কোনো আগুনের শিখা ওপরের দিকে যায়।
এখানে লক্ষ্য করার বিষয় যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই ভারী গ্যাস নিচের দিকে থাকে আর হালকা গ্যাস ওপরে উঠে যায়। এখন ধরা যাক এমন কোনো স্থানে মোমবাতি জ্বালানো হলো যেখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না, বা যেখানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান শূন্য। যেমন কৃত্রিম উপগ্রহ, যেখানে মাধ্যাকর্ষণের প্রভাব শূন্য। সেখানে মোমবাতি জ্বালালে তপ্ত গ্যাস হালকা হয়ে ওপরে উঠে যাবে না, ফলে শিখা ওপরের দিকে না উঠে বরং চারদিকে ছড়িয়ে একটা আগুনের গোলকের মতো জ্বলবে।