খেতে খেতে ৮টা পিঠা খেয়ে ফেললেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ আজিম চৌধুরী

কাগজের ওপরেই লিখতে হবে

ক্লাসে শিক্ষার্থীদের রচনা লিখতে বললেন শিক্ষক।

শিক্ষক: আজ তোমাদের রচনা লিখতে হবে। বাতাস, নদী ও পানি—তিনটির যেকোনো একটি বিষয়ের ওপর।

শিক্ষার্থী: কী বলছেন, স্যার! আমি তো কাগজের ওপর ছাড়া অন্য কিছুর ওপর লিখতে পারি না।

ওরটা যখন খাচ্ছিলাম...

বিটু কাঁদছে। পিটু চকলেট খাচ্ছে। মা এসেছেন ঘটনা দেখতে।

মা: বিটু কাঁদছে কেন? কী হয়েছে?

পিটু: আমি আমার চকলেটটা খাচ্ছি তো, তাই।

মা: কেন, ওরটা কি খাওয়া হয়ে গেছে?

পিটু: ওরটা যখন খাচ্ছিলাম, তখনো এভাবেই কাঁদছিল।

অস্ট্রেলিয়া আবিষ্কার

ভূগোল ক্লাস চলছে। শিক্ষক মানচিত্রের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ‘মাহিন, তুমি বিশ্ব মানচিত্রে দেখাতে পারবে অস্ট্রেলিয়া কোথায়?’

মাহিন বলল, ‘দক্ষিণ গোলার্ধে, স্যার।’

শিক্ষক বললেন, ‘গুড। এবার তামিম বলতে পারবে, অস্ট্রেলিয়া কে আবিষ্কার করেছিলেন?’

তামিম বলল, ‘মাহিন করেছিল, স্যার।’

চাকরির অভিজ্ঞতা

হালিম গেছে চাকরির ইন্টারভিউ দিতে। ইন্টারভিউয়ের শুরুতে ভালোই চলছিল। অভিজ্ঞতার কথা উঠতেই ঝামেলা বেধে গেল।

চাকরিদাতা বললেন, ‘সিভিতে লেখা আপনার অভিজ্ঞতা ৫ বছরের। তো কোথায় কাজ করেছেন?’

হালিম বলল, ‘কোথাও করিনি।’

চাকরিদাতা অবাক, ‘তাহলে লিখেছেন কেন?’

হালিম বলল, ‘আপনারাই তো চাকরির বিজ্ঞাপনে প্রার্থীকে কল্পনাপ্রবণ হতে হবে লিখেছেন।’

ক্রিকেট খেলার স্বপ্ন

মনোবিদ বললেন, ‘আপনি বলছেন, প্রতি রাতে শুধু ক্রিকেট খেলার স্বপ্নই দেখেন?’

লোকটা বলল, ‘হ্যাঁ। প্রায় এক বছর ধরে এমনটা হচ্ছে।’

মনোবিদ বললেন, ‘কিন্তু আপনার অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছে করে না? যেমন খাবারদাবার বা বেড়াতে যাওয়া?’

লোকটার উত্তর, ‘ওসব করতে গিয়ে আমি আমার ব্যাটিংটা মিস করি আরকি।’

চামচ দিয়ে খাওয়া

হাত দিয়ে খেতে চায় না পিকু। চামচ দিয়ে খেতে নাকি আরাম।

এ নিয়ে প্রায়ই মায়ের কথা শুনতে হয়।

সেদিনও খেতে বসে মায়ের কাছে চামচ চাইল পিকু।

মা গেলেন খেপে, ‘কেন, হাত দিয়ে খেতে পারছ না! হাত দুটো আছে কী জন্য?’

পিকু বলল, ‘চামচ ধরার জন্য।’

খেতে খেতে খেতে...

তৃতীয় শ্রেণিপড়ুয়া তপু বলল, ‘মা, পিঠা খাব।’

মা বললেন, ‘মেহমান এসেছেন, তাঁকে পিঠা দেওয়া হবে। তিনি তো আর সব পিঠা খাবেন না, ভদ্রতা করে একটা–দুটো রেখে দেবেন। তখন খেয়ো।’

মেহমানকে পিঠা দেওয়া হলো। মেহমান খেতে খেতে আটটি পিঠাই খেয়ে ফেললেন।

তপু তখন চেঁচিয়ে বলল, ‘মা, মা, মেহমান তো ভদ্রতাও খেয়ে ফেলল।’

সবচেয়ে কঠিন কাজ

সারা দিনের ধকল শেষে বিলু আর জিমি হাঁটতে বেরিয়েছে।

জিমি বলল, ‘এই পরীক্ষার চেয়ে কঠিন কিছু হয় না। রোজ রোজ এসব ভালো লাগে না!’

বিলু বলল, ‘সকালে এক কাপ কফি খাওয়ার আগেই দিনের সবচেয়ে কঠিন কাজটা করে ফেলি আমি।’

জিমি জানতে চাইল, ‘কোন কাজ?’

বিলু বলল, ‘ঘুম থেকে ওঠা।’