ওজনে কম
করোনাকালে অনেক দিন বাইরে যাওয়া হয়নি। তাই ইদানীং পাড়ার মুরুব্বিরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন।
সেদিন মতলব সাহেব চায়ের দোকানে চিন্তিত মুখে বসে ছিলেন।
মতলব সাহেবের বন্ধু বোরহান সাহেব জিজ্ঞেস করলেন, ‘কী ব্যাপার, সব ভালো তো?’
মতলব সাহেব বললেন, ‘আর বলিস না! দুই টনের এসি কিনে বাসায় আনার পর ওজন করে দেখি, সেটা মাত্র ৪২ কেজি! এভাবে ঠকাবে, বুঝি নাই!’
পছন্দের মেয়ে
ছেলের বিয়ের বয়স হয়েছে। মা চেপে ধরলেন খুব করে, ‘তোর কি পছন্দের কেউ আছে?’
ছেলে: আছে। কিন্তু, সে আমাকে পছন্দ করে কি না জানি না। আসলে ওকে বলারই সুযোগ পাইনি...
মা: বোকা ছেলে! নাম কী ওর?
ছেলে: অ্যাঞ্জেলিনা জোলি।
হতাশ যুবক
মোটিভেশনাল স্পিকারের কাছে গেছে হতাশ যুবক।
মোটিভেশনাল স্পিকার জিজ্ঞেস করলেন, ‘নিজেকে নিয়ে আপনি হতাশ?’
হতাশ যুবক মাথা নেড়ে বলল, ‘হ্যাঁ!’
মোটিভেশনাল স্পিকার জানতে চাইলেন, ‘কোথাও যাওয়ার জায়গা নেই? ভীষণ একা আপনি?’
এবারও হতাশ যুবক মাথা নেড়ে বলল, ‘হ্যাঁ!’
মোটিভেশনাল স্পিকার বললেন, ‘এসব সমস্যা সমাধানের আগে “না” বলা শিখুন। তারপর প্রশ্নগুলোর উত্তর দিন।’
গার্লফ্রেন্ড নেই, তবে...
অনেক দিন পর বাল্যবন্ধু টিপুর সঙ্গে মেসেঞ্জারে কথা বলছিল মামুন—
টিপু: দোস্ত, তোর গার্লফ্রেন্ড নাই?
মামুন: না রে, দোস্ত, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তবে...
টিপু: তবে কী?
মামুন: আমি একটা মেয়েকে চিনি, যে ওপরের লাইনটা দেখলে রেগে আগুন হয়ে যাবে!