ডিমের দাম ডাবল হবে
খুব রেগেমেগে দোকানির কাছে গেলেন জলিল সাহেব। দোকানি খানিকটা ভড়কে গিয়ে বলল, ‘কী হয়েছে, স্যার?’ জলিল সাহেব আরও রেগে গেলেন, ‘হয়েছে চারটি ছানা। কাল যে ডিমগুলো দিয়েছ, তার মধ্যে চারটি থেকে ছানা বেরিয়েছে।’ দোকানি হাঁপ ছেড়ে বাঁচল, ‘তাহলে তো স্যার ডিমের দাম ডাবল হবে। ডিম নিয়ে মুরগি পেয়েছেন, খারাপ কী?’
এ আর এমন কী
দুই চাপাবাজ গল্প করছে।
প্রথম চাপাবাজ: জানিস, আমার দাদা নিজের হাতে পানামা খালটা কেটেছিলেন।
দ্বিতীয় চাপাবাজ: এ আর এমন কী! আমার দাদা একটা সমুদ্রকে গুলি করে মেরেছিলেন।
প্রথম চাপাবাজ: মানে?
দ্বিতীয় চাপাবাজ: কেন, ‘ডেড সি’র নাম শুনিসনি?
চিড়িয়াখানায় একদিন বাঘের খাঁচা খুলে দেওয়ার পর
মোতালেব মিয়ার অনেক দিনের ইচ্ছা ছিল একটা চিড়িয়াখানা খোলার। অনেক কষ্ট করে অবশেষে সফলও হলেন তিনি। চিড়িয়াখানা খুলে টিকিটের মূল্য ধরলেন ১০০ টাকা করে। কিন্তু চিড়িয়াখানায় লোকজন তেমন একটা নেই। তাই টিকিটের মূল্য কমিয়ে ২০ টাকা করে দিলেন মোতালেব মিয়া। এবারও লোকজনের আগ্রহ নেই। মোতালেব মিয়া এবার রেগেমেগে একদম ফ্রি করে দিলেন। তারপর যা হওয়ার তা–ই হলো। বানের জলের মতো লোকজন ঢুকতে লাগল তার চিড়িয়াখানায়।
এবার মোতালেব মিয়া চিড়িয়াখানার খাঁচা থেকে একটা বাঘ দিলেন ছেড়ে! সঙ্গে সদর দরজাও দিলেন বন্ধ করে। লোকজন তো বাইরে বেরোনোর জন্য মরিয়া। মোতালেব মিয়া মুচকি হেসে বাইরে বেরোনোর টিকিটের দাম হাঁকালেন ৫ হাজার টাকা করে। বাকিটা ইতিহাস...!
ঘড়ি চুরি বৃত্তান্ত
ঘড়ির দোকান থেকে একটা দামি ঘড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ল হাবু। বেদম প্রহারের একপর্যায়ে সে দোকানের মালিককে বলল, ‘ভাই, আমি ঘড়িটা কিনে নিই। ঝামেলা আপনার আর আমার মধ্যে মিটে যাক।’ দোকানদার ভাবলেন, প্রস্তাবটা খারাপ না। উপস্থিত জনতা হাবুকে ছেড়ে দিল। চোরকে সঙ্গে নিয়ে দোকানে ঢুকলেন দোকানদার। হাবু বলল, ‘ভাই, ঘড়িটার দাম একটু কমানো যায় না?’