চোখে শর্ষে দেখার দিন

আজ ৭ আগস্ট, শর্ষে দিবস। প্রতিবছর আগস্ট মাসের প্রথম শনিবার দিনটি পালিত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্ষের ভেতর ভূতের উপস্থিতিতে চোখে শর্ষে ফুল দেখলেও বাঙালির জীবনে শর্ষের যে বহুমুখী উপস্থিতি রয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য। কেবল বাঙালির জীবনই বা বলছি কেন! সেই প্রাচীনকাল থেকেই শর্ষের কদর দুনিয়াজোড়া। ভোজ্যতেল হিসেবে বাহারি রান্না থেকে শুরু করে ত্বকচর্চা কিংবা ভেষজ হিসেবেও ব্যবহৃত হয়। বাঙালির খাদ্যাভ্যাসে শর্ষে–ইলিশ তো দারুণ জনপ্রিয়।

শর্ষে ওমেগা আলফা ৩ ও ওমেগা আলফা ৬ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টি–অক্সিডেন্টের একটি উৎকৃষ্ট উৎস। ঠান্ডা-কাশি উপশমে, চুলের যত্নে, ঠোঁট ফাটা রোধে, দেহের কোলেস্টেরল হ্রাসে এই তেল খুব কার্যকর। শর্ষেদানা দিয়ে তৈরি আচার, চাটনি, কাসুন্দি, গুঁড়া মসলা কিংবা শর্ষে ফুলের মধুর কদরের কথা তো রসনাপ্রিয় মানুষমাত্রই একবাক্যে স্বীকার করবেন। আর হলুদ ফুলে ভরা শর্ষেখেতের অপরূপ দৃশ্যের কথা নাহয় নাই–বা বললাম।

বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মবিশ্বাসের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শর্ষে। শর্ষের কথা সরাসরি উল্লেখ আছে বিভিন্ন ধর্মগ্রন্থেও। হিন্দু ধর্মে পূজার উপকরণ হিসেবেও ব্যবহৃত হয় এটি। মৃত্যুর পরের জীবনের নিঃসঙ্গতা দূর করতে মিসরের ফারাও রাজারা নাকি তাঁদের সমাধিতে শর্ষে জমা করে রাখতেন।

আজ ৭ আগস্ট, শর্ষে দিবস। প্রতিবছর আগস্ট মাসের প্রথম শনিবার দিনটি পালিত হয়। ১৯৮৮ সালে জিল সেনগস্টক প্রচলন করেন এই দিবসের। এর তিন বছর পর, ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে প্রতিষ্ঠিত হয় জাতীয় শর্ষে জাদুঘর।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে