বিদেশি
হাবু ইংল্যান্ড থেকে দেশে এসে তার বউকে জিজ্ঞেস করল, ‘আমাকে দেখে কি বিদেশি লাগছে?’
বউ বলল, ‘কই, না তো!’
হাবু বলল, ‘ভালো করে দেখে বলো।’
বউ বিরক্তই হলো, ‘বললাম তো তোমাকে কোনোভাবেই বিদেশি লাগছে না।’
হাবু ভীষণ হতাশ, ‘তুমি কি বলতে চাইছ, ইংল্যান্ডের সবাই বোকা? এত দিন ওরা তো আমাকে বিদেশি হিসেবেই মূল্যায়ন করল!’
বিশেষজ্ঞ
গোল খেয়ে মন খারাপ করে পার্কে বসে ছিল এক গোলরক্ষক।
তাকে দেখে এক বৃদ্ধ লোক এসে বললেন, ‘আমি তোমার অনেক খেলাই দেখেছি। আমার মনে হয়, তোমার এমন খারাপ পারফরম্যান্সে আমি তোমাকে সাহায্য করতে পারি।’
গোলরক্ষক হাসিমুখে বলল, ‘অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই ফুটবল কোচ?’
বৃদ্ধ ফোকলা দাঁতে হেসে বললেন, ‘না, আমি ফুটবল কোচ নই, চক্ষুবিশেষজ্ঞ।’
পাহাড়ে
একদিন পাহাড়ে উঠে এদিক-সেদিক ঘোরাঘুরি না করে একমনে বই পড়তে শুরু করল মন্টু মিয়া।
ব্যাপারটা দেখে এক লোক এসে জিজ্ঞেস করল, ‘ব্যাপার কী ভাই, এই পাহাড়ে উঠে আপনি বই পড়ছেন? আজব ব্যাপার তো!’
মন্টু মিয়া চোখের সামনে থেকে বইটা সরিয়ে বলল, ‘আজব ব্যাপার মানে! দেখছেন না, আমি হায়ার স্টাডি করছি!’
গবেষণা
হাবু গবেষক হবে। তাই সে একদিন এক তেলাপোকার এক পা কেটে বলল, ‘দৌড়াও।’
তেলাপোকা দৌড়াল।
দুটি পা কেটে দিয়ে হাবু বলল, ‘দৌড়াও।’
এবারও তেলাপোকা দৌড়ে পালাল।
ওটাকে ধরে তৃতীয় ও চতুর্থ পা কেটে দিয়ে আবার দৌড়াতে বলল হাবু।
যথারীতি তেলাপোকা দিল দৌড়।
অবশেষে পঞ্চম ও ষষ্ঠ পা–টি কেটে হাবু বলল, ‘দৌড়াও।’
তেলাপোকা একই জায়গায় পড়ে থাকল।
হাবু গবেষণাপত্রে লিখল, ‘ছয়টি পা কেটে দিলে তেলাপোকা আর কানে শোনে না।’