জীবনবিমা না থাকলে বাজার করব কীভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই বলে নিচ্ছি, আমার জীবনের কোনো বিমা করানো নেই। বিভিন্ন সময়ে যে মনে ভাবনা উঁকি দেয়নি, তা নয়। মাঝেমধ্যে ভেবেছি। কিন্তু ট্যাঁকের সংগতি না থাকায় তা থেকে সরে আসতে হয়েছে বারবার। কিন্তু আজকের পর থেকে আমার জীবন নিয়ে দুশ্চিন্তা বেড়ে গেছে। জীবনের বিমা করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

এমনটা ভাববেন না যে আমার জীবনের দাম বেড়ে গেছে! এ দেশের বাস্তবতা অনুযায়ী আমি ‘ম্যাঙ্গো পিপল’। আমার জীবনের দাম এক পোয়া আমের দামের চেয়ে বেশি নয়। অন্তত আমার মতে। আসলে বেঘোরে প্রাণ হারানোর ভয় আমাকে পেয়ে বসেছে। এবং এর সঙ্গে কর্ণকুহরের প্রত্যক্ষ সংযোগ আছে। কীভাবে—সেটিই বলছি এখন।

সকালে বাজারে গিয়েছিলাম। কাজটা বেশ ভালোই লাগে। ইট-কাঠের এই শহরে এখন শুধু সবজির বাজারেই নিখাদ সবুজের দেখা মেলে কিনা! আবার নিজের পেটের খিদে মেটানোরও ব্যাপার আছে। বাঁচতে হলে খেতে তো হবে। তবে এই বেঁচে থাকার চিন্তায় প্রবল আশঙ্কা হাজির করল সবজির দাম। পটোল কিনতে চাইলাম। বিক্রেতা যা বললেন, তার সারমর্ম হলো—অন্য কেউ হলে তিনি কেজিতে ৬৫ বা ৭০ টাকা চাইতেন। শুধু আমার জন্যই ৬০। তাঁকে অবশ্য আমার চেনা মনে হয়নি। সুতরাং সম্পর্কের উষ্ণতার স্মৃতিও মনে পড়ল না। তবে কিছুদিন আগে বাজার করার স্মৃতি টাটকা ছিল। বুঝলাম পটোলের দাম ভালোই বেড়েছে। আরও বাড়লে পটল তোলা ছাড়া গতি থাকবে না।

দেশি করলা কিনতে চাইলাম। কিন্তু দাম শুনে এমনিতেই মুখ তিতা হয়ে গেল। সেঞ্চুরি করেও মাঠ ছাড়তে চাইছে না করলা। কততে আউট হবে, তা-ও বোঝা যাচ্ছে না। ১ কেজির বদলে ২৫০ গ্রাম নিলাম। দাম শুনে যতটা তিতা হয়েছে মুখ, ২৫০ গ্রামে তিতার বাকি স্বাদ পূরণ হবে বলে বোধ হলো।

একই অবস্থা ঢ্যাঁড়স, লাউ, কাঁকরোলে। একটি নধর লাউয়ের দাম জিজ্ঞেস করতেই সবজি বিক্রেতা একটি ‘স্নিগ্ধ’ হাসি দিলেন। সেই হাসিতে আমি অবশ্য অভয় খুঁজেছিলাম। কিন্তু হাসিমুখেই তিনি যা শোনালেন, তাতে আমার মুখে সদ্য ফুটতে চাওয়া হাসি হাওয়ায় মিলিয়ে গেল স্যানিটাইজারের মতো। সাধের লাউ কিনব, নাকি বিবাগী হব—সেই ভাবনা পেয়ে বসল। ঠিক করলাম, লাউ আজ থাক বরং। এতটা ‘রিস্ক’ নিতে বুক ভরা সাহসও তো লাগে!

যে কচুর মুখি দেখলেই আমার মুখ প্যাঁচার মতো হয়ে যায়, দুর্দিনে তার দিকেও চাইতে বাধ্য হলাম। ভেবেছিলাম, দুর্দিনের বন্ধুই প্রকৃত বন্ধু হবে। কিন্তু না। এত দিনের বঞ্চনার হিসাব সুদে-আসলে তুলে নিল সে। কেজিতে ৭০ টাকা খসবে। অনুচ্চারে বললাম, ‘দেন।’ উচ্চারণের শাব্দিক প্রাবল্য এতটাই কম ছিল যে বিক্রেতা ফের জিজ্ঞেস করলেন। অনেকটা ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মতো, ‘লক কিয়া যায়ে?’ হিন্দিতে অশিক্ষিত আমি বলি, ‘যায়ে যায়ে’!

বেগুন আর চিচিঙ্গার দাম জিজ্ঞেস করে প্রবল দ্বিধায় পড়ে গেলাম। আমি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করার সময়ই দেখলাম, বিক্রেতা আমার প্রতি অখণ্ড মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত থেকে ততক্ষণে সরে গেছেন। অন্য ক্রেতার প্রতি তাঁর দৃষ্টি নিবদ্ধ হয়েছে। দরদাম শুরু হয়ে গেছে। নিজের প্রতি মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টায় বললাম, ‘আধা কেজি করে দেন।’ তবে ততক্ষণে বিক্রেতা বলে দিয়েছেন, ‘একটু দাঁড়ান।’ বুঝলাম, দুর্মূল্যের বাজারে আমার দাম পড়তে শুরু করেছে।

বাজারের ব্যাগে ততক্ষণে মরুর হাহাকার। ব্যাগের কোনা দিয়ে সবজিরা উঁকি দিচ্ছে না মোটেও। পড়শিরাও জিজ্ঞেস করছে না, কত দিয়ে কী নিলাম। হন্যে হয়ে ভাবলাম, একটু ডিম অন্তত কিনে নিই। তবে তার জন্য আমাকেও ‘ডিম’ নিতে হলো। কে দিল আর কীভাবে দিল—তা আর জিজ্ঞেস করে লজ্জা দেবেন না প্লিজ! আপাত নিঃস্ব আমার যে লাজটুকুই সম্বল।

টমেটো ও শসার দামে আমার হেঁচকি উঠল। তবে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম শোনার পর কিঞ্চিৎ উদাস হয়ে গেলাম। ভেবে ঠিক করলাম, পেঁয়াজ-মরিচ আর খাব না। কী হয় না খেলে? তার চেয়ে বরং শোকেসে শো করব! আর খাওয়ার সময় গন্ধ শুঁকে নেব। ওটাই ভালো, দামের সঙ্গে সংগতিপূর্ণ। এসব করতে তো আর বেশি দরকার নেই, তাই দুইয়ে মিলিয়ে ২০-৩০ টাকার নিয়ে নিলাম। শোপিস কি কেউ আর কেজি কেজি কেনে?

ক্যাপসিকামে চোখ গিয়েছিল এক সতীর্থ ক্রেতার সৌজন্যে। লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ তো আছেই। অন্যের দরাদরিতে বুঝলাম, চলচ্চিত্রে রঙিন যুগ কতটা দামি! রং যত অন্য রকম ও উজ্জ্বল, দাম ততই চোখ ব্রহ্মতালুতে তোলার মতো। মরিয়া হয়ে জিজ্ঞেস করলাম, ‘রং ছাড়া ক্যাপসিকাম নাই? ট্রান্সপারেন্ট হইলে দাম কম হবে?’ বিক্রেতা যেভাবে ‘কী কন?’ বললেন, বুঝলাম আমার বাজার করার যোগ্যতা নিয়েই তিনি সন্দিহান। আর ঘাঁটালাম না, ফেরার পথ ধরলাম।

বাজারের ব্যাগে ততক্ষণে মরুর হাহাকার। ব্যাগের কোনা দিয়ে সবজিরা উঁকি দিচ্ছে না মোটেও। পড়শিরাও জিজ্ঞেস করছে না, কত দিয়ে কী নিলাম। হন্যে হয়ে ভাবলাম, একটু ডিম অন্তত কিনে নিই। তবে তার জন্য আমাকেও ‘ডিম’ নিতে হলো। কে দিল আর কীভাবে দিল—তা আর জিজ্ঞেস করে লজ্জা দেবেন না প্লিজ! আপাত নিঃস্ব আমার যে লাজটুকুই সম্বল।

বাজার থেকে ফেরার সময় আগে ব্যাগের ভার সামলাতেই ব্যস্ত থাকতাম। তবে আজকের দিনটা অন্য রকম। ব্যাগের ভার যেমন, তাতে জোরে বাতাস বইলেও দোল খেতে পারে বলে মনে হলো! আমিও ভারাক্রান্ত মনে নিজের হৃদয়ের তোলপাড় শুনলাম। বুকটা বেশ ধড়ফড় করছে, ক্লান্তিও বোধ হলো। এর ওপর আছে মানিব্যাগের চাপ। ওটি প্যান্টের পেছনের পকেটে থাকলেও, তার সঙ্গে মস্তিষ্কের সরাসরি সংযোগ আছে। একদম চার লেনের এক্সপ্রেসওয়ে যেন। শাঁই করে প্যান্টের পেছন থেকে চাপ মাথায় উঠে গেল।

ভেবে ঠিক করলাম, জীবনের বিমা করানো খুবই প্রয়োজন। পেঁয়াজ বা কাঁচা মরিচেরা যেদিন ব্রায়ান লারার এক ইনিংসে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙে দেবে, সেদিনের জন্য প্রস্তুতি নিতেই হবে। এভাবে অরক্ষিত অবস্থায় আর বাজারে যাওয়া চলবে না। জীবনের বিমা করানোর পরই আবার যাব। একটু বেশি দিন বাঁচতে কে না চায়, বলুন?

তত দিন না হয় চিড়া-মুড়ি খেয়েই থাকি। বিমা করানোর আগ পর্যন্ত এ দুটোতে স্বস্তি থাকলেই হয়!