ট্রাম্পের আগে এমন কাণ্ড তাঁরাও করেছিলেন

২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ নেওয়ার কথা। বাইডেনের শপথ নেওয়ার পর থেকেই ‘সাবেক’ হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। গাল ফুলিয়ে এর মধ্যে তিনি বলেও দিয়েছেন যে উত্তরসূরির শপথ অনুষ্ঠানেই তিনি থাকবেন না। এ নিয়ে মার্কিন মুলুকে বেশ হইচই হয়েছে এবং হচ্ছে। ভাবী প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্টের উপস্থিত থাকাটা যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী একটি প্রথা। ট্রাম্প এ প্রথা রক্ষা করতে না চাওয়াতেই নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে ট্রাম্পই প্রথম এমন কাণ্ড করলেন, বিষয়টা কিন্তু তেমন নয়। এর আগে অন্তত পাঁচজন মার্কিন প্রেসিডেন্ট এমন কাজ করেছেন। উত্তরসূরির শপথ অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকেননি। উত্তরসূরিকে হোয়াইট হাউসে সশরীর অভ্যর্থনাও জানাননি। আসুন, জেনে নেওয়া যাক, উত্তরসূরির শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার কাণ্ডে ট্রাম্পের পূর্বসূরিদের কীর্তি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. জন অ্যাডামস

১৮০১ সালে থমাস জেফারসন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভের পর ওই বারই ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী নির্বাচনে জিতেছিলেন। থমাসের পূর্বসূরি ও বিদায়ী প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস। শপথ অনুষ্ঠানের দিন ভোর ৪টার দিকে হোয়াইট হাউস ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। থমাস জেফারসনও তাঁকে অনুষ্ঠানে থাকতে অনুরোধ করেননি। ধারণা করা হয়, দুই রাজনৈতিক দলের সদস্যদের মধ্যকার হানাহানি বা সহিংসতা ঠেকাতেই এমন পদক্ষেপ নিয়েছিলেন জন অ্যাডামস।

২. জন কুইন্সি অ্যাডামস

তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের ষষ্ঠতম প্রেসিডেন্ট। ঠিক ওপরে যাঁর কথা পড়লেন, সেই জন অ্যাডামসের ছেলে এই জন কুইন্সি অ্যাডামস। বাবার মতো তাঁর বেলাতেও একই ঘটনা ঘটেছিল। ঘটেছিল বলার চেয়ে ঘটিয়েছিলেন বলাটাই যুক্তিযুক্ত হবে। ১৮২৯ সালে প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়েছিল। সেবার নির্বাচনে জিতেছিলেন অ্যান্ড্রু জ্যাকসন। ভাবী প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানাননি জন কুইন্সি অ্যাডামস। জ্যাকসনও কম যান না। শপথগ্রহণ অনুষ্ঠানে তিনিও আমন্ত্রণ জানাননি অ্যাডামসকে। ফলে শপথ অনুষ্ঠানে আর বিদায়ী প্রেসিডেন্টের থাকা হয়নি।

৩. মার্টিন ফন ব্যুঁরে

মার্টিন ছিলেন অষ্টম মার্কিন প্রেসিডেন্ট। ১৮৩৭ থেকে ১৮৪১—এই চার বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। উত্তরসূরি উইলিয়াম হেনরি হ্যারিসনের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেননি। এর কারণ সম্পর্কে অবশ্য সবিস্তার জানা যায়নি। তবে তৎকালীন পত্রপত্রিকার বরাতে জানা যায়, মার্টিন ফন ব্যুঁরের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড মেন্টর জনসন উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে।

৪. অ্যান্ড্রু জনসন

১৮৬৯ সালে নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন উলিসিস এস গ্রান্ট। বিদায়ী প্রেসিডেন্ট ছিলেন অ্যান্ড্রু জনসন। কিন্তু জনসনের সঙ্গে একই গাড়িতে উঠতে রাজি হননি গ্রান্ট। তাঁদের মধ্যে এতটাই বৈরী সম্পর্ক ছিল! শেষে বাধ্য হয়ে জনসনকে ফিরে আসতে হয়। হোয়াইট হাউসের শেষ দিনে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে আর তাঁর থাকা হয়নি। বরং বিভিন্ন দাপ্তরিক কাজেই শেষ দিনটি কেটেছিল। জনসন ও গ্রান্টের বৈরী সম্পর্কের ছোট্ট একটি ইতিহাসও আছে। জনসন তাঁর যুদ্ধবিষয়ক মন্ত্রী এডউইন স্ট্যানটনকে সরিয়ে সে জায়গায় গ্রান্টকে বসাতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস এতে বাদ সাধে। ফলে স্ট্যানটন আবার তাঁর পদ ফিরে পেয়েছিলেন। আর এর পর থেকেই গ্রান্টের শত্রু হয়ে যান জনসন। মজার বিষয় হলো, জনসনকে অভিশংসন করার পদক্ষেপও নিয়েছিল তৎকালীন কংগ্রেস। আর তা আনুষ্ঠানিকভাবে সমর্থনও করেছিলেন উলিসিস এস গ্রান্ট। অ্যান্ড্রু জনসন অবশ্য সে দফায় বেঁচে গিয়েছিলেন অভিশংসিত হওয়া থেকে। তবে শোধ ঠিকই নিয়েছিলেন গ্রান্ট। আর সেটি ছিল, একই গাড়িতে সহযাত্রী না করে!

৫. রিচার্ড নিক্সন

নিক্সন ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট। তিনি বেশি বিখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারির জন্য। এর জন্যই যুক্তরাষ্ট্রের প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট হিসেবে তাঁকে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে হয়েছিল। অভিশংসিত হওয়ার নিশ্চিত হুমকির মুখে ১৯৭৪ সালের ৯ আগস্ট তিনি পদত্যাগ করেছিলেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড। তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছিলেন, তার অনেকক্ষণ আগেই হোয়াইট হাউস ছেড়ে চলে গিয়েছিলেন রিচার্ড নিক্সন। নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে আর তাঁর থাকা হয়নি।

তথ্যসূত্র: হোয়াইট হাউস ডট গভ, ওয়াশিংটন পোস্ট, মিলার সেন্টার ডট অর্গ, ব্রিটানিকা ডট কম, সিনেট ডট গভ, নিউজপেপারস ডট কম, মেন্টাল ফ্লস ও হিস্ট্রি ডট কম