ঢেউয়ের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছিলাম সেদিন

২০১৭ সালের ২ এপ্রিল সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে নৌকা ডুবে মারা যান ১৮ জন। উপকূলে উন্মত্ত ঢেউয়ের সঙ্গে সেদিন দুই ঘণ্টা লড়াই করেছিলেন নুরুল হুদা। সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই মানুষ শোনালেন সেই রুদ্ধশ্বাস গল্প। শুনলেন কৃষ্ণচন্দ্র দাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢেউয়ের কারণে লাল বোটটিকে জাহাজের কাছে ভেড়ানো কঠিন হচ্ছিল
ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডের কুমিরা ঘাটে এসে দেখি, জাহাজ (সি-ট্রাক) তখনো ছাড়েনি। আবহাওয়া খারাপ বলে উত্তাল সন্দ্বীপ চ্যানেল। অনিশ্চয়তা নিয়ে ঘাটে অপেক্ষা করছে যাত্রীরা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এল। ওই বিরূপ আবহাওয়ার মধ্যেও হঠাৎ জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

নাব্যতা–সংকটের কারণে জাহাজটি সন্দ্বীপের উপকূল থেকে দেড় কিলোমিটার দূরে নোঙর করে। লাইফ বোটে (স্থানীয় ভাষায় লাল বোট) করে জাহাজে ওঠানামা করে যাত্রীরা। সেদিনও ঝুঁকি নিয়ে লাইফ বোটে করে জাহাজে উঠলাম। ঠিক পাঁচটায় জাহাজ ছাড়ল।

শিক্ষক নুরুল হুদা
ছবি: সংগৃহীত

জাহাজে অনেককে বমি করতে দেখলাম। লাইফ বোটে আসার সময় উত্তাল ঢেউয়ে তাদের অবস্থা নাকাল। অনেকের মুখে কষ্টের কথা শুনলাম, সে অভিজ্ঞতা আমারও হয়েছে।

সন্ধ্যা সাতটার দিকে সন্দ্বীপ উপকূলে পৌঁছাল জাহাজ। গুপ্তছড়া ঘাট থেকে কিছুটা দূরে নোঙর করল। একমাত্র লাল বোটে যাত্রীদের তুলে পাড়ে পৌঁছে দিতে শুরু করল। ঢেউয়ের কারণে লাল বোটটিকে জাহাজের কাছে ভেড়াতে মাঝির বেশ বেগ পেতে হচ্ছিল। বারবার ধাক্কা লাগছিল।

সারি ধরে আমার সামনের মানুষগুলো নামল। এবার আমার পালা। চেয়ে দেখি, লাল বোটে অর্ধশত যাত্রী নেমে পড়েছে। এত যাত্রী দেখে আমি নামতে চাইলাম না। কিন্তু আমাকে নামতে বাধ্য করল মাঝি।

যাত্রী বেশি হওয়ায় কেউ ভালোভাবে বসতেও পারছিল না। সেই অবস্থাতেই নৌকাটি ছেড়ে দিল। নৌকা ছাড়ার পর জাহাজের আলোও নিভে গেল। চারপাশটা অন্ধকার হয়ে গেল। এর মধ্যেই আচমকা একটা ঢেউয়ে জাহাজের সঙ্গে ধাক্কা খেল নৌকা। প্রথম ধাক্কায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো নৌকার এক পাশ থেকে অন্য পাশে ঝুঁকে পড়ল। এক পাশে ওজন বেড়ে বোট উল্টে যাওয়ার উপক্রম হলো, তখনই আরেকটি ঢেউ এল। উল্টে গেল নৌকা।

নৌকা আঁকড়ে ধরে থাকলাম। মনে হলো অনেক পানির গভীরে চলে গেছি। নৌকাটাও ভেসে উঠছিল না। একসময় নৌকা ছেড়ে দিলাম। ভেসে উঠে শ্বাস নিলাম। ঢেউয়ের তোড়ে কয়েক দফা নোনাপানি খেলাম। ভাটার স্রোত আমাকে বঙ্গোপসাগরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। ভেসে থাকা ছাড়া আমার কিছুই করার থাকল না। প্রায় দুই ঘণ্টা ভাসার পর একটা গাছের শিকড় হাতে পেলাম। শিকড় ধরে ওপরে উঠলাম। প্রায় আধা ঘণ্টা কাদামাটিতে শুয়ে থাকলাম। উঠে বসার শক্তি পর্যন্ত ছিল না।

সেই সময়ে হাসপাতালের বিছানায় বেঁচে ফেরার বর্ণনা দিচ্ছেন শিক্ষক নুরুল হুদা
ছবি: সংগৃহীত

কিছুক্ষণ এভাবে থাকার পর হাঁটার চেষ্টা করলাম। কিন্তু পা আর চলছিল না। তারপরও মনের জোরে হাঁটতে থাকলাম। একটু পরে দূরে ইটভাটার আলো দেখতে পেলাম। সে আলো যেন নতুন জীবনের সন্ধান দিল।

সেই থেকে বর্ষাকালে আমি আর নৌপথে যাতায়াত করি না। দুর্ঘটনার পাঁচ বছর পর আজও একই কায়দায় যাত্রী পারাপার হতে দেখে দুঃখ লাগে। এতগুলো প্রাণহানি থেকেও আমরা কোনো শিক্ষা নিতে পারলাম না।