একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার কি ডাকনাম আছে? উত্তর ‘না’ হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ, এই বঙ্গদেশে ডাকনাম অত্যন্ত সুলভ। মা–বাবা হয়তো আদর করে এক নামে ডাকেন, ওদিকে ভাই-বোনেরা আরেক নামে আপনার পরিচয় তৈরি করেন। আর বন্ধুবান্ধব তো আছেই। তাদের তৈরি নামে কখনো কখনো স্নেহের চেয়ে খ্যাপানোর মালমসলাই বেশি থাকে। বড় বড় সাহিত্যিকেরও থাকে ‘অন্য’ নাম। এসব নামে যেমন প্রিয়জনের অপত্য ভালোবাসার স্পর্শ পাওয়া যায়, তেমনি কখনো মেলে বিদ্বেষের কড়া ঝাঁজও।
আসুন, জেনে নেওয়া যাক এমনই কয়েকজন বিখ্যাত লেখকের ‘অন্য’ নাম। দেখুন তো চিনতে পারেন কি না!
টার্ডসওয়ার্থ
বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা করেছিলেন উইলিয়াম। তাঁকে ‘টার্ডসওয়ার্থ’ নামে ডাকতেন সমকালীন আরেক ডাকসাইটে কবি লর্ড বায়রন। শোনা যায়, মূলত ব্যঙ্গ করেই ওয়ার্ডসওয়ার্থকে ‘টার্ডসওয়ার্থ’ নামে ডাকতেন বায়রন। এই নাম শুনে উইলিয়াম যে খুব একটা খুশি হতেন না, তা অনুমান করা কঠিন কিছু নয়।
দ্য লেডি অব ক্রাইস্ট’স
‘প্যারাডাইস লস্ট’, ‘প্যারাডাইস রিগেইনড’ খ্যাত ব্রিটিশ কবি জন মিল্টন। ক্যামব্রিজের ক্রাইস্ট’স কলেজে পড়তে গিয়েই ওপরের নামটি তাঁর গায়ে সেঁটে যায়। আর এই নামের পেছনে জন মিল্টনের সুশ্রী চেহারার অবদান ছিল অনেকখানি। গাত্রবর্ণের দিক থেকে মাত্রাতিরিক্ত ধবধবে ছিলেন মিল্টন। মাথায় ছিল লালচে-বাদামি চুল। এই দেখে সহপাঠীরা তাঁকে ডাকতে শুরু করেছিলেন ‘লেডি অব ক্রাইস্ট’স’ নামে। কী, চেনা চেনা লাগছে? হ্যাঁ, আমাদের দেশেও স্কুল-কলেজে এমন তামাশা প্রায়ই দেখা যায়, যা মাত্রাতিরিক্ত হলে আর নিছক মজার বিষয় থাকে না। চলে যায় বুলিংয়ের পর্যায়ে।
ওল্ড পসাম
এজরা পাউন্ড এবং টি এস এলিয়ট দুজনেই কবি। একে অপরের সঙ্গে বেশ চিঠি–চালাচালি হতো তাঁদের। পত্রমিতালি যাকে বলে আরকি। সেসব চিঠি থেকেই জানা গেছে, এলিয়টকে মজা করে ‘ওল্ড পসাম’ নামে ডাকতেন এজরা পাউন্ড। পরবর্তী সময়ে এই নাম শুধু চিঠিতে আটকে থাকেনি, বেশ ছড়িয়ে পড়ে। এলিয়ট তাতে ক্ষুণ্নও হননি; বরং হাসিমুখেই মেনে নিয়েছিলেন বন্ধুর দেওয়া ডাকনাম। পরবর্তী সময়ে শিশুদের জন্য লেখা একটি বইয়ে এজরা পাউন্ডের দেওয়া এই নাম ব্যবহারও করেছিলেন এলিয়ট। সেই বইটির নাম ছিল ‘ওল্ড পসাম’স বুক অব প্র্যাকটিক্যাল ক্যাটস’।
দ্য গোট
বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক ঔপন্যাসিক ভার্জিনিয়া উলফ। তাঁর লেখা বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে ‘টু দ্য লাইটহাউস’, ‘দ্য ভয়েজ আউট’ ইত্যাদি। শৈশবে বেশ চঞ্চল ছিলেন উলফ। এই লেখিকার আত্মজীবনী লিখেছিলেন কুয়েন্টিন বেল। তা থেকে জানা যায়, ছোট্ট ভার্জিনিয়া মাঝেমধ্যে এমন সব কাণ্ড করতেন, যাতে বড়দের হেসে লুটোপুটি খাওয়া ছাড়া উপায় থাকত না। এমন সব মজার কাণ্ডকারখানার জন্যই শৈশবে ‘দ্য গোট’ নামটি পেয়েছিলেন ভার্জিনিয়া উলফ। কখনো কখনো পরিবারের লোকজন তাঁকে শুধু ‘গোট’ বলেই নাকি ডাকতেন।
ডিকশনারি
প্রথম উপন্যাস ‘থিংস ফল অ্যাপার্ট’ দিয়েই চিনুয়া আচেবে সাহিত্যের জগতে নিজের আলাদা স্থান তৈরি করে ফেলেছিলেন। নাইজেরিয়ার এই ঔপন্যাসিক ও কবি শৈশব ও কৈশোর থেকেই বেশ পড়ুয়া ছিলেন। প্রায় সময়ই ভারী ভারী বইয়ে নাক ডুবিয়ে থাকতেন তিনি। এরপর যা হয়! সহপাঠী ও বন্ধুদের কাছে চিনুয়া আচেবের মা–বাবার দেওয়া নাম আর পাত্তা পেল না। তিনি হয়ে গেলেন ‘ডিকশনারি’। তবে শৈশবে বই পড়ার জন্য বন্ধুদের কাছে হাসির পাত্র হলেও পরে তা ফিরিয়ে দিয়েছিলেন আচেবে। তাঁর ‘থিংস ফল অ্যাপার্ট’ কমপক্ষে ৫০টি ভাষায় অনূদিত হয়েছে। তাঁর সেই বন্ধুরা নিশ্চয়ই এখন আফসোস করেন! শেষ বয়সে অবশ্য আরেকটি নাম পেয়েছিলেন আচেবে। জ্ঞানগম্যির জন্য তাঁকে তখন সবাই ‘প্রফ’ (প্রফেসরের সংক্ষিপ্ত রূপ) নামেই বেশি ডাকত।
ডোডো
লুইস ক্যারলের প্রকৃত নাম ছিল চার্লস লুটউইজ ডজসন। অ্যালিসের রোমাঞ্চকর অভিযান দিয়ে শিশুদের জন্য এক দারুণ কল্পনার জগৎ সৃষ্টি করেছিলেন লুইস ক্যারল। বলা হয়ে থাকে, আঁকিয়ে হওয়ার সুপ্ত বাসনাও ছিল লুইসের। একটু তোতলা ছিলেন তিনি। নিজের পরিবারপ্রদত্ত নামের শেষাংশ উচ্চারণ করতে গিয়ে তাই মাঝেমধ্যে বলে ফেলতেন, ‘ডো-ডো-ডজসন’। আর তা থেকেই তৈরি হয়ে যায় ‘ডোডো’ নামটি। অবশ্য এই নামে খুব একটা আপত্তি ছিল না লুইস ক্যারলের। অ্যালিসের কল্পনার জগতে ডোডো নামে একটি পাখির চরিত্রে তৈরি করেছিলেন তিনি। ধারণা করা হয়, নিজের ক্যারিকেচার হিসেবেই এই নামে চরিত্র সৃষ্টি করেছিলেন লুইস ক্যারল।
দ্য পোয়েট
সহপাঠী ও বন্ধুদের কাছ থেকে এই নাম পেয়েছিলেন ফরাসি ঔপন্যাসিক ও নাট্য রচয়িতা বালজাক। এই নামে ডেকে অবশ্য বালজাকের প্রশংসা করা হতো না; বরং খোঁচানো হতো। শোনা যায়, বালজাক নাকি স্কুলের সবচেয়ে ‘ভয়ানক’ কবি ছিলেন! পুরো ক্লাসে তাঁর লেখা কবিতাই নাকি সবচেয়ে ‘উৎকট’ হতো। এ প্রসঙ্গে বালজাক এক লেখায় বলেছিলেন, ‘কবিতা লিখতে গিয়ে আমি পড়াশোনায় খুব অবহেলা করতাম। কিন্তু কবিতাগুলো খুব ভালো কিছু ছিল না। বিশাল বিশাল লাইনের সেই কবিতাগুলো আমার সঙ্গীদের মধ্যে বেশ বিখ্যাত হয়েছিল।’ আর তা থেকেই ‘দ্য পোয়েট’ নামের উদ্ভব।
মংক ফোটিয়াস
‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’ খ্যাত ফিওদর দস্তয়ভ্স্কির বাবা এক হাসপাতালে চাকরি করতেন। ওই হাসপাতালে দরিদ্রদের চিকিৎসাসেবা দেওয়া হতো। শৈশবে দরিদ্র রোগীদের সন্তানদের সঙ্গে খেলাধুলা করতেন দস্তয়ভ্স্কি। সেই মানসিকতা থেকেই ধীরে ধীরে একসময় ধর্মের প্রতি অনুরাগ জন্মে তাঁর। সামরিক বাহিনীতে যোগ দেওয়ার পর দস্তয়ভ্স্কির এই বিশেষ অনুরাগ নিয়েই সতীর্থরা খ্যাপানো শুরু করেছিল। দস্তয়ভ্স্কির নাম দেওয়া হয়েছিল ‘মংক ফোটিয়াস’। এ নিয়ে দস্তয়ভ্স্কি কেমন বোধ করতেন, তা অবশ্য জানা যায়নি।
তথ্যসূত্র: দ্য ইকোনমিস্ট, ওয়াশিংটন পোস্ট, স্ট্যানফোর্ড ডট এডু, ব্রিটানিকা ডট কম, ইন্ডিপেনডেন্ট ও দ্য নিউইয়র্ক টাইমস