বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর তালিকায় দক্ষিণ কোরিয়া ১২তম। এশিয়ায় চতুর্থ। প্রথম সারির বিত্তশালীই বলতে হয়। অতি উৎসুকদের হয়ে একটা প্রশ্ন তো করাই যায়: খাওয়ার লোক না থাকলে এত সম্পদ দিয়ে ওরা করবেটা কী?
ঘটনা হলো, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো জনসংখ্যা কমেছে ২০২০ সালে। দ্য গার্ডিয়ান, আল জাজিরাসহ বেশ কিছু সংবাদমাধ্যমের খবরে এর দুটি কারণের উল্লেখ পাওয়া যায়। এক. বয়স্ক মানুষের সংখ্যা বেশি। দুই. জন্মহার অত্যন্ত কম।
সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী ডিসেম্বরের শেষে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা ছিল ৫ কোটি ১৮ লাখ ২৯ হাজার ২৩ জন। গত বছরের একই সময়ের চেয়ে ২০ হাজার ৮৩৮ জন কম।
গেল দশকের বছরগুলোতে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা ক্রমাগত বেড়েছে। তবে বৃদ্ধির হার কমেছে ক্রমাগত। ২০১০ সালে ১.৪৯ শতাংশ থেকে ২০১৯ সালে কমে দাঁড়ায় ০.০৫ শতাংশে। বার্তা সংস্থা ইওনহাপের তথ্যে আরও বলা হয়, ২০২০ সালে দেশটিতে ৩ লাখ ৭ হাজার ৭৬৪ জন মানুষের মৃত্যু হয়েছে। আর জন্মেছে ২ লাখ ৭৫ হাজার ৮১৫ জন। জাপানেও একই ধারা দেখা যাচ্ছে।
২০১৮ সালে করা এক জরিপে দক্ষিণ কোরিয়ার ২২ শতাংশ অবিবাহিত নারী জানিয়েছেন, তাঁরা মনে করেন বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। এক দশক আগেও ৪৭ শতাংশ অবিবাহিত নারী একই ধরনের মত পোষণ করতেন। এদিকে দক্ষিণ কোরিয়ায় বেড়েছে বয়স্ক মানুষের সংখ্যা। দেশটিতে ৬০ বা তার বেশি বয়সী মানুষের পরিমাণ এখন মোট জনসংখ্যার ২৪ শতাংশ।
জন্মহার বাড়ানোর জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের প্রশাসন বেশ কিছু উদ্যোগের ঘোষণা দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, অন্তঃসত্ত্বা নারীদের এককালীন ৭৮ হাজার টাকার কিছু বেশি দেওয়া হবে। আর ১২ মাসের কম বয়সী শিশুদের জন্য থাকবে মাসিক ভাতা। এমন উদ্যোগের ‘পার্শ্বপ্রতিক্রিয়া’ও আছে। যেমন সন্তান বেশি হলে তাদের শিক্ষা ও বাসস্থানের জন্য খরচও বেশি হবে। তাতে কোনো ধরনের অর্থনৈতিক সংকট দেখা দেবে কি না, তা-ও ভেবে দেখার আহ্বান জানাচ্ছেন অনেকেই।
দক্ষিণ কোরীয় সরকারের ধারণা, জন্মহার কমার এই ধারা চলতে থাকলে, ২০৬৭ সালে দেশটির জনসংখ্যা কমে ৩ কোটি ৯০ লাখে দাঁড়াবে। সে সময় ৪৬ শতাংশ মানুষের বয়স হবে ৬৪ বা তার বেশি।
সূত্র: দ্য গার্ডিয়ান