শখের দুনিয়া
দেবব্রত দাসের সংগ্রহে আছে আড়াই শ ক্যামেরা
খুলনার দেবব্রত দাসের সংগ্রহে আছে প্রায় ২০০ বছরের পুরোনো ধাতব মুদ্রাসহ নানা জিনিস। তবে সবাই তাঁকে ক্যামেরা সংগ্রাহক হিসেবেই চেনে বেশি। তাঁর সংগ্রহ দেখে এসেছেন উত্তম মণ্ডল
খুলনা শহরের নিরালা এলাকায় বাড়িটি চারতলা। ওই ভবনের চিলেকোঠায় দেবব্রত দাসের শোবার ঘর। তবে সাজানো-গোছানো সে ঘরকে বরং জাদুঘর বলেই মনে হলো বেশি। ঘরজুড়ে দুর্লভ সব জিনিস। যার মধ্যে নজর কাড়ে তাকে সাজানো বিভিন্ন মডেলের ক্যামেরা। ওই ক্যামেরাগুলোর বেশির ভাগ ষাটের দশকের।
প্রাকটিকার মডেলের একটি ক্যামেরা আছে দেবব্রতর কাছে। এটিই তাঁর সংগ্রহে থাকা সবচেয়ে পুরোনো ক্যামেরা। এ ছাড়া ৫৫ বছর আগের মডেলের কয়েকটি ক্যামেরাও তাঁর সংগ্রহে আছে। এর বাইরে আছে জাপানি ব্র্যান্ডের ইয়াসিকা, ক্যানন, কোসিনা, নিকন, ফুজি ফিল্ম, পেনট্যাক্সসহ নানা দেশের বিভিন্ন সময়ের নামীদামি ব্র্যান্ডের ক্যামেরা। আছে ১৯৬৮ সালের পর থেকে ইয়াসিকার প্রায় সব মডেলের ক্যামেরা। আট-নয়টা বাদে বাকি সবই ফিল্ম ক্যামেরা। সব মিলে আড়াই শ ক্যামেরা। যার মধ্যে এক শর বেশি ক্যামেরা এখনো সচল।
সময়ের সঙ্গে সঙ্গে ক্যামেরার আকার-আকৃতি যে পরিবর্তন হয়েছে, দেবব্রতের সংগ্রহ দেখলেও তা স্পষ্ট হয়। বক্স আকৃতির দুই লেন্সের টিএলআর (টুইন লেন্স রিফ্লেকটিভ) আর বিভিন্ন পুরোনো মডেলের এসএলআর ক্যামেরাগুলো নজর কাড়ে। তাঁর কাছে আছে কোসিনার ভিডিও ক্যামেরা; যেটাতে প্রথমবারের মতো ভিডিওর পাশাপাশি একই সঙ্গে ভয়েস রেকর্ড হতো। অ্যানালগ ফিল্ম ক্যামেরার ওপর অ্যানালগ ডিসপ্লেযুক্ত ক্যামেরা, ফিল্মের পকেট ক্যামেরা, তাৎক্ষণিক প্রিন্ট বের করার পোলারয়েড ক্যামেরাসহ নানা আকর্ষণীয় ক্যামেরা দর্শককে অতীতে নিয়ে যায়। ক্যামেরার রংয়েও রয়েছে বৈচিত্র্য। কোনোটা লাল, কোনোটা কালো, হলুদ, নীল।
দেবব্রতর সঙ্গে আলাপে জানা গেল, ১৯৭০ সালের দিকে তৈরি ইয়াসিকার ম্যাট ১২৪জি একসময়ের দাপুটে ক্যামেরা ছিল। এই ক্যামেরাতে এত ফিচার ছিল, যা কল্পনা করা যেত না। একই ধরনের সিগাল ক্যামেরাও ওই সময়ে স্টুডিও দাপিয়ে বেড়াত। সংগ্রহের ওই ধরনের কয়েকটি ক্যামেরা এখনো সচল আছে।
দেবব্রত দাস কাছের মানুষের কাছে দীপ্র নামে পরিচিত। পেশায় আলোকচিত্রী। বাড়ি পাশের জেলা বাগেরহাট সদরের উৎকুল গ্রামে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে বস্ত্রকৌশলে স্নাতক শেষে ঢাকায় চাকরি নিয়েছিলেন। তবে মন না টেকায় ফিরে আসেন খুলনায়। আগ্রহের বিষয় ‘ছবি তোলা’য় ফের মন দেন। বর্তমানে একটি আলোকচিত্র প্রতিষ্ঠানে ব্যবস্থাপক ও প্রধান আলোকচিত্রী হিসেবে কাজ করছেন।
২০০৫ সালে নতুন করে তাঁদের বাড়ি করার সময় মাটি খুঁড়ে ১১টা মুদ্রা পাওয়া যায়। কোনো কিছু মনে করে না, এমনিতেই দেখে ভালো লাগায় তা রেখে দেন। সংগ্রাহক জীবনের ওটাই ছিল শুরু। ক্যামেরা ছাড়াও এখন তাঁর সংগ্রহে রয়েছে নানা আকার–আকৃতির তামা আর ব্রোঞ্জের অসাধারণ কারুকাজের জুতা। তামার তৈরি পতঙ্গ ও মাছ। তবে সেগুলো সবই ছাইদানি। রয়েছে ২০০ বছরের পুরোনো নানা ধরনের ধাতব মুদ্রা, কাগজের টাকা, ঝরনা কলম, ব্যাটারিবিহীন চাবি দেওয়া হাতঘড়ি, দেয়াল ঘড়ি, পুরোনো রেডিও, টেলিফোন, গ্রামোফোন, টাইপরাইটার মেশিন, হুক্কা, গড়গড়া, হ্যাজাক লাইট, টর্চলাইট, হারিকেন, নানা ধরনের পিতলের তৈজস।
দেবব্রতর ভাষায়, অনেকে আমাকে ক্যামেরার সংগ্রাহক হিসেবে চেনে। তবে আমি মূলত অ্যান্টিকস সংগ্রহ করি। ক্যামেরা সংগ্রহ তারই একটা অংশ। যদিও ক্যামেরাগুলোকে এখনই ঠিক অ্যান্টিক অভিধা দেওয়া যাচ্ছে না।