ধরে আনতে বললে পেয়াদারা বেঁধেই আনে

বাংলা অঞ্চলের প্রবল প্রতাপশালী চরিত্র নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র (১৭১০-৮৩)। পণ্ডিতদের মতে, তাঁর সভার অনেক রত্নের এক রত্ন ছিলেন গোপাল ভাঁড়। এ বিষয়ে পণ্ডিতেরা স্থির সিদ্ধান্তে না এলেও এই মতের পক্ষেই রয়েছে অধিকাংশের সায়। যেমন বঙ্গসাহিত্যে হাস্যরসের ধারা বইয়ে অজিতকুমার ঘোষ লিখেছেন, ‘গোপাল রসিক-চূড়ামণি মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার ভাঁড় ছিলেন।’ সে যাহোক, গোপাল ভাঁড় বললেই গোলগাল এক চরিত্র আমাদের চোখের সামনে ভাসে। আর তাঁর গল্প? শোনেনি এমন কেউ আছে! আসুন, আবার পড়া যাক গোপাল ভাঁড়ের গল্প...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে গেল

রসিকতা এমন একটি ব্যাপার, অনেক সময় যা অপমানের পর্যায়ে চলে যায়। গোপালের এমনই কিছু রসিকতায় মহারাজা অপমানিত বোধ করে চলেছেন। এক ঘটনায় মহারাজ এতই অপমানিত বোধ করলেন যে তিনি ঠিক করলেন গোপালকে আর কোনো দিন প্রশ্রয় দেবেন না। তার সঙ্গে সম্পর্ক রাখা দূরের কথা, তার মুখদর্শন পর্যন্ত করবেন না।

এ কথা শুনে গোপাল একটুও বিচলিত হলো না।

পরদিন রাজসভায় উপস্থিত হলো গোপাল। দূর থেকে মহারাজকে আসতে দেখেই গোপাল পেছন ফিরে রইল। গোপালকে ওই অবস্থায় দেখে বিরক্ত হয়ে মহারাজ বললেন, ‘তোমাকে তো আমার সামনে আসতে নিষেধ করে দিয়েছি। তোমার মুখ আমি আর কোনো দিন দেখতে চাই না।’

গোপাল পেছন-ফেরা অবস্থাতেই বলল, ‘মহারাজ, আপনি আমার মুখ দেখবেন না বলেছেন কিন্তু রাজসভায় আসতে তো নিষেধ করেননি। তাই আমি আপনার দিকে পেছন ফিরে রয়েছি, যাতে আপনার কথা ঠিক থাকে। আর আমার মুখও আপনাকে না দেখতে হয়।’

মহারাজ বুঝলেন, গোপালের হাত থেকে রেহাই পাওয়া সহজ কথা নয়। গোপালের সঙ্গে মহারাজের সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে এল।

ধরে আনতে বললে পেয়াদারা বেঁধেই আনে

মহারাজ কৃষ্ণচন্দ্র একবার পেয়াদাকে ডেকে বললেন, ‘হরি-মুদিকে একবার আমার কাছে আনবি তো।’

পেয়াদা হরি-মুদিকে একেবারে দড়ি দিয়ে বেঁধে রাজসভায় হাজির করল। হরি-মুদি গোপালকে ধারে মাল দিত না, তাই তার ওপর গোপাল চটে ছিল। পেয়াদা হরি-মুদিকে একেবারে রাজসভায় এনেছে বলে গোপাল বেশ খুশিই হলো।

রাজা কিন্তু পেয়াদার ওপর চটে গিয়ে বললেন, ‘আমি হরি-মুদিকে ডেকে আনতে বললাম আর তুই কিনা একেবারে বেঁধে নিয়ে এলি? তোকে আমি বরখাস্ত করব।’

গোপাল পেয়াদার পক্ষ নিয়ে ওকালতি করে বলল, ‘হুজুর, ওকে বরখাস্ত করবেন না। এ হচ্ছে জাত পেয়াদা। পেয়াদারা ধরে আনতে বললে বেঁধেই আনে। এ প্রকৃত পেয়াদার মতোই কাজ করেছে।’

গোপালের কথা শুনে রাজা হেসে ফেললেন এবং পেয়াদাকে ক্ষমা করে দিলেন।

(আখতার হুসেনের সংকলন ও সম্পাদনায় প্রথমা প্রকাশনের গোপাল ভাঁড়ের ৫ ডজন গল্প বই থেকে)

আরও পড়ুন