যাপিত
কাজী নজরুল ইসলাম যদি ফেসবুক পেতেন
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। তারুণ্যে তিনি ছিলেন টগবগে, নামের আগে যুক্ত হয়েছিল ‘বিদ্রোহী’ বিশেষণ। তাঁর কবিতা ও গান মানুষকে উজ্জীবিত করেছে সব সময়। সেসবের প্রকাশমাধ্যম ছিল মূলত পত্রপত্রিকা ও বই। তবে তাঁর সময়ে ইন্টারনেট এবং ফেসবুক থাকলে কী হতো?
খুব ছোটবেলায় বাবা মারা গেলেন। ছোট্ট কাজী নজরুল ইসলাম পড়ে গেলেন দারিদ্র্যের সমুদ্রে। মনের দুঃখে ফেসবুকে নিজের আইডির নাম দিলেন ‘অবুঝ বালক দুখু মিয়া’।
একটা লেটো গানের পেজের জন্য পোস্ট লিখে তাঁর দিন চলতে লাগল কষ্টেসৃষ্টে। আরেকটু বড় হওয়ার পর বাড়ি থেকে পালিয়ে শহরে চলে এলেন নজরুল। চাকরি পেলেন একটা ছোটখাটো অনলাইন চায়ের দোকান ‘চা খোর ডট কমের’ অ্যাসিসট্যান্ট সেলসম্যান হিসেবে। অর্ডার অনুযায়ী ক্রেতার ঠিকানায় আধা ঘণ্টার মধ্যে চা পৌঁছে দেওয়ার দায়িত্ব তাঁর কাঁধে। পাশাপাশি ‘চা-খোর ডট কম’ পেজে স্ট্যাটাস লিখতে লাগলেন চা নিয়ে। সেখানকারই একটা স্ট্যাটাস দেখে মুগ্ধ হলেন বড় এক ট্রল পেজের অ্যাডমিন।
নজরুলকে ‘চা খোর ডট কম’ থেকে নিয়ে গিয়ে নিজের পেজে এডিটর হিসেবে নিয়োগ দিলেন তিনি। নজরুল খুব দ্রুতই নতুন নতুন ট্রলের আইডিয়া দিয়ে জনপ্রিয় হয়ে গেলেন। তাঁর বেশির ভাগ ট্রল পোস্টই ছিল ব্রিটিশ সরকারের বিরোধিতা করে।
তেমনই এক ট্রলের জন্য নজরুলকে কারাগারেও যেতে হলো। বন্ধ হয়ে গেল ট্রল পেজটাও। কিন্তু সেটাই যেন সোনায় সোহাগা হলো। কারাগারে যাওয়ার সুবাদে রাতারাতি ফেসবুক সেলিব্রিটিতে পরিণত হলেন নজরুল।