চলতি রম্য
পরীক্ষার আগে সালামি আর পাওয়া হলো না
২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা না হওয়ার ঘোষণায় পরীক্ষার্থীদের ‘আহা কী আনন্দ’ হলেও তারা মিস করবে অনেক কিছুই। একটু থামুনের গবেষণায় উঠে এসেছে বিস্তারিত...
পরীক্ষার্থী পরীক্ষার্থী ভাব
কেতাদুরস্ত হয়ে, হাতে পানির বোতল, স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে প্রবেশপত্র, কলম, পেনসিল, রুলার, ইরেজারসহ যাবতীয় জিনিসপত্র নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে শরীরের মধ্যে বেশ একটা ‘পরীক্ষার্থী পরীক্ষার্থী’ ভাব আসত। একটা টান টান উত্তেজনা হতো। অথচ এবারের পরীক্ষার্থীরা এই ভাবের বড় অভাব বোধ করবে।
এক্সট্রা খাতির
বছরের অন্যান্য সময়ে বড়দের ‘লাথি-ঝাঁটা’ খেয়ে, অনাদরে–অবহেলায় থাকলেও পরীক্ষার সিজনে পরীক্ষার্থী পরিবারের সবার কাছেই বেশ আদর–সোহাগের পাত্রে পরিণত হয়। পরিবারের সবারই কড়া নজর থাকে পরীক্ষার্থী সোনামণির যাতে একটুখানি কষ্ট না হয়। এবারের পরীক্ষার্থীরা এই বাড়তি খাতির থেকে বঞ্চিত হলো।
‘পরীক্ষা কেমন হলো?’
আপনি পরীক্ষা দিয়ে এলেন, আর কেউ আপনাকে জিজ্ঞেস করবে না ‘পরীক্ষা কেমন হলো?’—এ ধরাধামে এমনটা হওয়ার নয়! অথচ এবার আত্মীয়স্বজন, পাড়া–প্রতিবেশী, পাশের বাসার আন্টি—সবাই এই প্রশ্ন করার অপার্থিব আনন্দ থেকে বঞ্চিত হবেন। আর ‘এই তো হলো মোটামুটি’ বলে একটা লাজুক হাসি দেওয়ার রোমাঞ্চকর মুহূর্ত থেকে বঞ্চিত হলো কোমলমতি পরীক্ষার্থী।
সালামি
করোনা আরও অনেকের মতোই শিক্ষার্থীদেরও ‘জীবন-জীবিকার’ ওপর ব্যাপক আঘাত হেনেছে। স্কুল–কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা তাদের পকেট মানি নিয়ে বেশ টানাপোড়েনেই ছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা এই ক্ষতি কাটানোর একটা সুযোগ পেত পরীক্ষা হলে। মুরব্বিদের আশীর্বাদস্বরূপ ‘এই নাও, এটা দিয়ে তুমি কিছু খেয়ো’ বলে বাড়িয়ে দেওয়া ঐতিহ্যবাহী পরীক্ষা–সালামি তথা ‘পরীক্ষী’ থেকে বঞ্চিত হতে হলো।
স্মৃতিচারণা
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা কখনোই পরবর্তী প্রজন্ম, অর্থাৎ তাদের নাতিপুতিদের কাছে ‘এখন আর কী এমন প্রশ্ন হয়, প্রশ্ন ছিল আমাদের এইচএসসিরটাতে। ওরে বাপ! প্রশ্ন কারে কয়!’–টাইপের স্মৃতিচারণা করতে পারবে না।