দ্বীপ
ভূগোল ক্লাস চলছে—
শিক্ষক: বলো তো, দ্বীপ কাকে বলে?
ছাত্র: স্যার, এক দিক বাদে সব দিকে পানিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে।
শিক্ষক: কেন, এক দিক বাদ কেন?
ছাত্র: ওপরের দিকে কি কখনো পানি থাকে, স্যার?
আকাশচারী
এক ব্যস্ত বাবা তার ছেলের গৃহশিক্ষককে সামনে পেয়ে জিজ্ঞেস করলেন, ‘ছেলেটা কেমন পড়ছে? বড় হয়ে সে কী হবে মনে হয়?’
গৃহশিক্ষক খানিক আমতা আমতা করে বললেন, ‘আমার তো মনে হয় সে আকাশচারীই হবে।’
ভীষণ অবাক বাবা, ‘কী দেখে আপনি এমন ভবিষ্যদ্বাণী করলেন?’
গৃহশিক্ষক বললেন, ‘বারবার পড়ানোর পরও যখন আপনার ছেলেকে কিছু জিজ্ঞেস করি, তখন ওকে দেখলে মনে হয় যেন এইমাত্র আকাশ থেকে পড়ল!’
ভবিষ্যদ্বাণী
শিক্ষক ক্লাসে ঢুকেই সঞ্জুকে বললেন, ‘আচ্ছা সঞ্জু, বলো তো মানুষ কি কখনো ভবিষ্যতের কথা বলতে পারে?’
সঞ্জু বলল, ‘হ্যাঁ স্যার, আমার মা-ই তো পারেন।’
শিক্ষক অবাক, ‘বলো কী! তাই নাকি?’
সঞ্জু বলল, ‘হ্যাঁ, স্যার! আমার রেজাল্ট শিট দেখলেই তো মা বলতে পারেন, বাবা বাসায় এলে আমার কী হবে!’
প্রথম
শিক্ষক বললেন, ‘হাবলু, এবারও কিন্তু তোকে পরীক্ষায় প্রথম হতে হবে।’
হাবলু বলল, ‘চেষ্টা করব, স্যার। প্রশ্ন তো স্যার, এবারও আগের ছাপাখানাতেই ছাপতে দেবেন, তাই না?’
শিক্ষক অবাক, ‘এ কথা বলছিস কেন? তোর বাবা নির্ঘাত তোকে প্রশ্ন দেখান।’
হাবলু বলল, ‘না, স্যার, বাবা প্রশ্ন দেখান না। তবে বাবার চোখের সমস্যা তো, তাই তার ছাপাখানার প্রুফটা আমিই দেখে দিই।’