ফ্রকটার কী দোষ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুঙ্গিটা খুলে পড়ে গেল। তারের সঙ্গে ক্লিপ দিয়েই আটকানো ছিল। আচমকা উত্তর দিক থেকে ধেয়ে এল তুমুল বাতাস। ওতেই কাপড় শুকানোর তার এবং লুঙ্গির বন্ধন গেল ছিন্ন হয়ে। সূর্যটা এখন ঠিক মাথার ওপরে। সকাল থেকে রোদ পেয়ে এরই মধ্যে লুঙ্গিটার শরীরের পানি বাষ্পীভূত হয়ে গেছে। ফলে শুকনো লুঙ্গিটা উড়তে উড়তে ছাদের এক কোনায় গিয়ে পড়ে থাকল। দেখে মনে হতে লাগল, ঘর মোছার নোংরা একটা ন্যাকড়া পড়ে আছে।

লুঙ্গির উড়ে যাওয়া দেখে স্বস্তির নিশ্বাস ফেলল পাশেই ঝুলতে থাকা একজোড়া সালোয়ার–কামিজ। ওদের পাশের ফিমেল টি–শার্টটার মুখেও হাসি ফুটল। সেই সকাল থেকে বেহায়া লুঙ্গিটা ওদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে ছিল। চোখ তো নয় যেন স্ক্যানার। সালোয়ার–কামিজ তো প্রায়ই বলে, ‘লুঙ্গিটাকে এয়ারপোর্টে পাঠানো উচিত। ও আমাদের সবার দিকে যেভাবে তাকায়, তাতে করে ওখানকার স্ক্যানার হিসেবে ভালো কাজে আসত।’

কেবল তাকানোই তো নয়। আশপাশে থাকলে এবং একটু বাতাস বইলেই সালোয়ার–কামিজ, শাড়ি কিংবা ফিমেল টি–শার্টের শরীরে উড়ে এসে জুড়ে বসা তার স্বভাব। আর বালতির পানিতে সবাইকে চুবানোর সময় তো কথাই নেই...! বাকিটুকু আর ভাবতে পারে না ওরা।

পাশ থেকে খাঁটি চামচার মতো সায় জানায় রংচটা জিনসের প্যান্ট, ‘সহমত ভাই! ওগো দ্যাখলে তো আমারও মাথামুথা গরম হইয়া যায়।’ সালোয়ার–কামিজ আর চুপ থাকতে পারে না। দাঁতে দাঁত চেপে গালি দিয়ে বসে একটা। ভি নেকের টি–শার্ট পারলে উড়ে এসে ওদের টুঁটি চেপে ধরে।

লুঙ্গিটার বয়স কম নয়—রং জ্বলে গেছে, ফেঁসে গেছে কয়েক জায়গায়। তারপরও ওর স্বভাব বদলায় না। আরও দুটি লুঙ্গি আছে কাপড় শুকানোর তারে। ওদের স্বভাব কিন্তু বেশ ভালো। নিজেদের নিয়েই ব্যস্ত আছে। বাতাস পেলে ওরাও ওড়াউড়ি করে, তবে নিজেদের সীমানায়। শাড়ি, সালোয়ার–কামিজ কিংবা ফিমেল টি–শার্টের সঙ্গে স্বাভাবিক কথাবার্তাই বলে, সম্মান দেয়। আর ওদের চাহনিও স্বাভাবিক।

তবে কাপড় শুকানোর তারে নতুন এক চিজের আমদানি হয়েছে—ভি নেকের টি–শার্ট। প্রথম দেখাতেই সালোয়ার–কামিজ, শাড়ি আর ফিমেল টি–শার্ট বুঝে ফেলেছিল, এ হচ্ছে লুঙ্গির তরুণ সংস্করণ। লুঙ্গি মুখে কিছু না বলে বাজে আচরণ করে আর এই নতুন ভি নেকের টি–শার্ট প্রথম দিন থেকেই মুখে ও কাজে বাড়াবাড়ি আচরণ করছে। পাঞ্জাবি, হাফ হাতা শার্ট, ফুল হাতা শার্ট আর স্যান্ডো গেঞ্জি বেশ কবার প্রতিবাদ করেছিল মেয়েদের হয়ে। কিছুতেই কিছু হয়নি। উল্টো বাজে আচরণের মাত্রা বেড়েছে। ছেলেদের পোশাকগুলো এখন আর কিছু বলে না। ভি নেকের টি–শার্ট নাকি বাতাস নিয়ন্ত্রণ করতে পারে। বেশি প্রতিবাদ করলেই সবাইকে উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে। ফলে যে যার মতো মুখ বুজে সব দেখে। তবে মেয়েদের পোশাকগুলোকে যন্ত্রণা সয়ে যেতে হচ্ছে। ভুক্তভোগী বলে ওদের প্রতিবাদ থেমে নেই। কিন্তু কোনো লাভ হচ্ছে না। ভি নেকের টি–শার্টের মারাত্মক দাপট।

লুঙ্গি উড়ে যাওয়ার পর ফিমেল টি–শার্টের মুখে হাসি দেখে ভি নেকের টি–শার্ট বলল, ‘কী, অত খুশি কেন? চাচা গেছে, আমি তো আছি।’ ওর সঙ্গে যোগ দেয় রংচটা এক জিনসের প্যান্ট, ‘সহমত ভাই! চাচা গেছে আছে ভাই, ছাদে কুনো চিন্তা নাই!’

ফিমেল টি–শার্ট ভীষণ প্রতিবাদী। কথা মাটিতে পড়তে দেয় না, ‘তোরাও একদিন উড়ে যাবি, বদমাশের দল।’

শাড়িটা এসব ভীষণ ভয় পায়। আঁচল দিয়ে ফিমেল টি–শার্টের মুখ চেপে ধরে। ফিসফিস করে বলে, ‘অত কথা বলিস না তো। চুপ করে থাক।’

আঁচল সরিয়ে দেয় ফিমেল টি–শার্ট, ‘কেন চুপ করে থাকব? আমার কী দোষ?’

ওপাশ থেকে সব খেয়াল করছিল ভি নেকের টি–শার্ট। দুপাশের দুই হাতা উড়িয়ে খ্যাক খ্যাক করে হেসে ওঠে সে। মুহূর্তেই হাসি থামিয়ে মুখটা ভীষণ বিকৃত করে বলে, ‘ওই ছেমড়ি, তোর দোষ নাই মানে! তোরে দেইখা যে আমার মতো পোলাপান বিভ্রান্ত হয়, সেইটা বোঝোস না?’

পাশ থেকে খাঁটি চামচার মতো সায় জানায় রংচটা জিনসের প্যান্ট, ‘সহমত ভাই! ওগো দ্যাখলে তো আমারও মাথামুথা গরম হইয়া যায়।’

সালোয়ার–কামিজ আর চুপ থাকতে পারে না। দাঁতে দাঁত চেপে গালি দিয়ে বসে একটা।

ভি নেকের টি–শার্ট পারলে উড়ে এসে ওদের টুঁটি চেপে ধরে। মুখটা আরও বিকৃত করে ভয়ানক এক গালি দেয়, ‘...এহ্, আইছে আরেক...! তোমরা যখন রাস্তায় নামো, পোলাপান যে খাড়ায় খাড়ায় দেখে, এইটাই তো বেশি। দুই দিন পর সেই সুযোগও আর পাইবা না, খাড়াও।’

‘আসিস সামনে, তোর বারোটা যদি না বাজাই আমি!’ চেঁচিয়ে ওঠে ফিমেল টি–শার্ট।

আরও গলা চড়ায় ভি নেকের টি–শার্ট, ‘চুপ কর...! তুই সব নষ্টের গোড়া। তর কারণেই মাইয়াগো শরীল দেখা যায়, তর কারণেই এত ধর্ষণ। আর কোনো কারণ নাই, আমরা আলাভোলা পোলাপান খালি তর কারণেই বিপথে যাই...।’

ভি নেকের টি–শার্ট কথা শেষ করতে পারে না। ছাদের শেষ মাথা থেকে বাতাসের সঙ্গে শিশুকণ্ঠে এক ধমক ভেসে আসে, ‘চুপ! একদম চুপ!’

সবাই চুপ করে, মাথা ঘুরিয়ে তাকায়। ছাদের শেষ মাথায় কাপড় শুকানোর তারে ঝুলে আছে একটা মলিন ফ্রক। তিন বছর বয়সী এক শিশুর মলিন ফ্রক। ও হাওয়ায় উড়তে থাকে, যেন একটা ছোট্ট পতাকা। উড়তে উড়তে গলা যতটুকু উঁচু করা যায়, ততটুকু উঁচু করে বলে, ‘তাহলে আমার কী দোষ ছিল, বলতে পারেন? আমাকে যে গায়ে চড়াত, ওর বয়স তো মোটে তিন বছর হয়েছিল...।’

আরও পড়ুন