বাঘটা যে কারণে মানুষের চড় খেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ

অজ্ঞান ছেলের কাণ্ড

হালিম সাহেব ভীষণ বিরক্ত হয়ে বললেন, ‘আসার পথে দেখি, রাস্তায় একটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে!’

তসলিম সাহেব বললেন, ‘তারপর কী করলেন?’

হালিম সাহেব বললেন, ‘দৌড়ে কাছে গেলাম।’

তসলিম সাহেবের প্রশ্ন, ‘তারপর?’

হালিম সাহেব মুখটা বিকৃত করে বললেন, ‘আর বলবেন না, কাছে গিয়ে দেখি, ব্যাটা ফাজিল টিকটক না কী যেন বানাচ্ছে!’

ভুল তো মানুষেরই হয়

ওই যে গল্পের সেই দুই বন্ধুর মতো বিলু আর টুলু গেছে জঙ্গলে বেড়াতে।

হঠাৎ এক বাঘ আসতে দেখে বিলুকে রেখে দৌড়ে পালিয়ে গেল টুলু।

বিলু কোনো উপায় না পেয়ে পুরোনো গল্পের মতোই মরার ভান করে শুয়ে পড়ল।

কিন্তু বাঘটি কাছে এসে রাগে বিলুকে কষে এক থাপড় দিয়ে বলল, ‘ভালুক এলে এসব ভান করবি!’

বিলুও বাঘটিকে কষে এক থাপড় মেরে বলল, ‘ভুল তো মানুষেরই হয়। এর জন্য থাপড় মারা লাগবে নাকি!’

আঁকা: জুনায়েদ

পড়তে না বসার বুদ্ধি

ছেলেটা কিছুতেই পড়তে বসছে না। উপায় না পেয়ে বাবা একটা কয়েন দিয়ে বললেন, ‘এটা দিয়ে টস করো। টসভাগ্য তোমার দিকে না গেলে পড়তে বসতে হবে।’

ছেলে কয়েনটা হাতে নিয়ে বলল, ‘ঠিক আছে, কয়েনটা আমি ওপরে ছুড়ে দিচ্ছি। শাপলা উঠলে ইউটিউব দেখব। সেতু উঠলে গেমস খেলতে যাব। আর কয়েনটা ওপর থেকে নিচে না ফিরলে পড়তে বসব!’

নব্য ধনীর প্রশ্ন

এক নব্য ধনী বাবা স্কুলে গেলেন ছেলের পরীক্ষার ফল দেখবেন বলে।

গিয়ে দেখেন, তার ছেলে সব পরীক্ষায় লাড্ডাগাড্ডা করেছে।

নব্য ধনী রেগে গেলেন, ‘আমার ছেলে কয় সাবজেক্টে ফেল করেছে?’

শিক্ষক বললেন, ‘এই দেখুন, বাংলা, গণিত, বিজ্ঞান, সমাজ—অল সাবজেক্টে ফেল।’

নব্য ধনীর মেজাজ সপ্তমে, ‘এই অল সাবজেক্টটা কে পড়ায়? হু? আমাকে তার কাছে নিয়ে যান।’

আরও পড়ুন