বাঘের খোঁজে কাচালং বনে

দেশের একদল বাঘ ও বন্য প্রাণী বিশেষজ্ঞ গিয়েছিলেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সংরক্ষিত বনে। তাঁরা বলছেন, সুন্দরবনের বাইরে পার্বত্যাঞ্চলের এই বনে ১০টি বাঘ থাকতে পারে। শুধু বাঘ নয়, দলটি দেখা পেয়েছে দেশের নতুন প্রজাতির আরও কিছু প্রাণী। গবেষক দলটির সঙ্গী হয়েছিলেন প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি। গহিন বনে তিন দিন থাকার অভিজ্ঞতা লিখেছেন তিনি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন আমরা এসেছিলাম রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং বাজারে। ২৪ জুলাই ভোর হতেই মাচালং বাজারের নৌকাঘাটে হাজির হই। একটি ইঞ্জিনচালিত নৌকা তিন দিনের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমাদের জন্য প্রস্তুতই ছিল, একে একে উঠে পড়ি সবাই। সকাল ছয়টার দিকে নৌকা কাচালং নদ ধরে যাত্রা করে গন্তব্যে।

কাচালং বনের উল্টাছড়ি এলাকায় যখন

আমাদের গন্তব্য অবশ্য অজানা। কারণ, কোথায় থাকব, বনের কত দূর পর্যন্ত যাব, তা নির্ধারিত নয়। যেতে যেতে যত দূর গিয়ে বেলা পড়ে যায়, সেখানেই রাত যাপন করার কথা। এমন অজানা গন্তব্য বলেই সবার মধ্যে কৌতূহল ও আগ্রহ প্রবল। যাত্রা শুরুর সময় তাই সবার চোখেমুখে ছিল চাপা উত্তেজনা।

তিন দিনের এই সফরের নেতৃত্বে ছিলেন বাঘ বিশেষজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দুই অধ্যাপক মনিরুল এইচ খান ও আবদুল আজিজ, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থার (আইইউসিএন) এদেশীয় প্রতিনিধি রাকিবুল আমিন, সংস্থাটির প্রধান বিজ্ঞানী এ বি এম সারোয়ার আলমসহ আরও কয়েক কর্মকর্তা, গাইড হিসেবে স্থানীয় ৩ অধিবাসীসহ মোট ১৮ জনের দল।

কাচালং বনের উল্টাছড়ি এলাকায় বন্য প্রাণী গবেষকেরা
ছবি: লেখক

টানা তিন ঘণ্টা যাত্রার পর লোকালয়ের শেষ গ্রাম ভুয়াছড়িতে পৌঁছালাম। গ্রামটি ছাড়ার পর লালু এলাকা থেকে শুরু সংরক্ষিত বন। এরই মধ্যে মোবাইল নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়লাম। ততক্ষণে দুপুরের খাবারের জন্য নৌকায় রান্নাও শুরু হয়েছে। লালু এলাকা থেকে একটু এগোতেই কাচালং নদের দুই ধারে দেখা গেল বনের গাছ, বাঁশ ও ঝোপঝাড়। শোনা গেল নানা জাতের পাখি ও পোকামাকড়ের ডাক। পাহাড়ি অরণ্যে দলের সদস্যরা সেই ডাক উপভোগ করছেন। সুনসান বনের মধ্যে নদের পাড়ে মাছশিকারি ও বাঁশ আহরণ করতে আসা স্থানীয় মানুষের দেখা মিলছিল কদাচিৎ। যত এগিয়ে যাচ্ছিলাম, ততই বাঁশগাছ আহরণকারীর সংখ্যা কমে যাচ্ছিল।

বেলা দুইটায় আমার বাংচেই নামে একটি জায়গায় যাত্রাবিরতি দিলাম। সেখানে একটি চরে দুপুরের খাবার খেয়ে এগিয়ে যাচ্ছি গভীর বনে। যতই এগিয়ে যাচ্ছি, ততই নদের দুই পাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হই সবাই। ঘণ্টাখানেক যাওয়ার পর আবার বিরতি। ঠিক করা হলো একটি ছড়ার ভেতরে গিয়ে বন্য প্রাণী চলাচলের স্থান চিহ্নিত করে ক্যামেরা বসানো হবে। বাঘছড়ি ছড়াটি ধরে কিছু দূর এগোতেই বাঘ বিশেষজ্ঞ মনিরুল এইচ খানের চোখে পড়ল বিপন্ন প্রজাতির একটি বাঁশ ভালুক। সবার দৃষ্টি তখন সেই ভালুকের ওপর।

কাচালং বন

কাচালং কড়চা

এই ফাঁকে কাচালং বন নিয়ে একটু তথ্য জানিয়ে রাখি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উত্তর বন বিভাগের আওতায় মাচালং লক্ষ্মীছড়ি ও নাড়াইছড়ি রেঞ্জের কাচালং বনের দেড় লাখ একরের বেশি এখনো টিকে আছে। দুর্গম ও জনবিচ্ছিন্ন এই বন পাহাড়িদের আঞ্চলিক ও সামাজিক সংগঠনগুলো টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পরিবেশবিদ ও বন্য প্রাণী বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সুন্দরবনের পর দ্বিতীয় এই বন, যেখানে বাঘ আছে, আছে বিপন্ন অনেক প্রজাতির প্রাণী। মৌসুমভিত্তিক মাছ, গাছ ও বাঁশ আহরণের জন্য অস্থায়ীভাবে আশপাশ থেকে যায় লোকজন কাচালং নদের পাড় ধরে।

সত্তাছড়িতে দিনের শেষ

কাচালং নদ ধরে পুরো দিন নৌকাযাত্রার পর বিকেল পাঁচটায় সত্তাছড়িতে পৌঁছালাম। কাচালং থেকে যে ছড়া তৈরি হয়েছে, চলে গেছে আরও গভীর বনে, সেসব ছড়ার নামানুসারে এসব এলাকা পরিচিত। সত্তাছড়ি তেমনই একটি ছড়া। ছড়ার মুখে নদের এক পাশে চর পড়েছে। আমরা সেখানে নৌকা দাঁড় করালাম। শুরু হয়ে গেল সবার ব্যস্ততা। বালু সমান করে তাঁবু টানানো হলো। এদিকে নৌকায় কেউ রান্না করছেন, কয়েকজন নেমে বাঁশ সংগ্রহে গেছেন, আবার কেউ নৌকায় ঘুমানোর ব্যবস্থা করছেন। পাহাড়ি এলাকা। ভরা বর্ষা মৌসুম যেকোনো সময় প্রাকৃতিক দুর্ঘটনার আশঙ্কা আছে। বর্ষায় বনে পোকামাকড়ের উপদ্রব বেশি। তাই ভয় ছিল সব সময়।

কাচালং সংরক্ষিত বনে বন্য প্রাণী বিশেষজ্ঞরা

আমরা বাঘের অস্তিত্ব থাকার প্রমাণ পেয়েছি

অনেক বছর হলো কাচালং বনে আসার ইচ্ছা ছিল। এবার তিন দিনের অভিযানে বনের মাঝামাঝি এসে ঘুরে দেখা সম্ভব হলো। বনটি এখনো অক্ষত রয়েছে। অন্তত ১৫ দিন সময় নিয়ে এলে বনের কিছু অংশ ঘোরা সম্ভব হতো। এখানে আমরা বাঘের অস্তিত্ব থাকার প্রমাণ পেয়েছি। কয়েকজন প্রত্যক্ষদর্শীকে পেয়েছি, যাঁরা মাসখানেক আগেও বাঘের কাচালং নদ পাড়ি দেওয়ার দৃশ্য দেখেছেন। বাঘের খাবার যেসব প্রাণী, তার বড় অংশ ওই বনভূমিতে রয়েছে। এ ছাড়া মাঠ গবেষণা বা অভিযানে আমরা নতুন দুই প্রাণী খুঁজে পেয়েছি। এর মধ্যে রয়েছে গোল্ডেন ক্রেস্টেড ময়না। পাহাড়ি ময়নার চেয়ে এটি ছোট। বাংলাদেশে এই প্রথম পাওয়া গেছে। অন্যদিকে ‘স্ট্রেইট পাইরট’ নামে একটি নতুন প্রজাপতি পাওয়া গেছে। এই প্রজাপতিটি বাংলাদেশে ছিল না বলে ভাবা হতো। এ ছাড়া তিন দিনে ছয় প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, পাঁচ প্রজাতির সরীসৃপজাতীয় প্রাণী, চার প্রজাতির উভচর প্রাণী ও ৪৪ প্রজাতির প্রজাপতি পাওয়া গেছে। এই বনে মহাবিপন্ন রাজ ধনেশ, পাতাটুঁটি ধনেশ, গয়াল, বাঁশ ভালুক, হলুদ পাহাড়ি কচ্ছপসহ বেশ কিছু বন্য প্রাণী রয়েছে। চারদিকে বন ধ্বংস হওয়ার পর এখন তাদের শেষ আশ্রয় হিসেবে কাচালং বন বেছে নিয়েছে।

মনিরুল এইচ খান, বাঘ বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান

বন্য প্রাণী চলাচলের স্থান চিহ্নিত করে ক্যামেরা বসানো হচ্ছে

উল্টাছড়ির পানে

ভোরে নাশতা সেরে নৌকায় চেপে যে চলতে শুরু করেছিলাম, যাত্রাবিরতি দেওয়া হলো দুপুরের দিকে, উল্টাছড়ি নামের এক স্থানে। এখানে তিন ভাগে ভাগ হলাম আমরা। একদল গভীর বনে ক্যামেরা বসাতে ঢুকে পড়ল। আরেকটি দল নৌকা দিয়ে বন দেখতে নেমে পড়ল। নৌকায় ভাত রান্না চলছে। দুপুরে উল্টাছড়ির একটি ছোট চরে খাবার খেয়ে নিলাম। কিন্তু গভীর বনে ক্যামেরা বসাতে যাওয়া দলটি তখনো ফিরে আসেনি। এল অনেকক্ষণ অপেক্ষার পর।

এবার বাংচেই

নৌকায় বসে সিদ্ধান্ত হলো বাংচেই ছড়ার মুখে রাত যাপন করব। সাড়ে চারটার দিকে বাংচেই পৌঁছালাম। পৌঁছার পর সেখানেও একটি দল বাংচেই ছড়া ধরে বনের আরও ভেতরে রওনা দেয়। অন্যরা কেউ রান্না করার কাজ শুরু করলেন, আবার কেউ মাছ ধরতে কাচালং নদে নেমে পড়লেন। আমাদের দলটি ছড়াটি ধরে কিছু দূর গিয়ে একটি বিরল পাখি উড়তে দেখে তড়িঘড়ি করে ক্যামেরা তাক করল। আরও কিছু দূর গিয়ে চোখে পড়ল বড় কোনো প্রাণীর পায়ের ছাপ।

সঙ্গে থাকা গাইড সুশীল চাকমা ও হিরো বিকাশ চাকমা ক্যামেরা বসাতে গভীর বনে ঢুকলেন। আমরা ফিরে আসি। ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলো। সবাই ভিজে গেলাম। রাতে ঘুমানোর জন্য তাঁবুতে ঢোকার পর বৃষ্টি শুরু হলো। বৃষ্টি একটু পর ভয় ও আতঙ্ক নিয়ে হাজির হলো। কারণ, ভারী বৃষ্টি হলে চর তলিয়ে যাবে। নৌকা ভেসে যাওয়ারও আশঙ্কা আছে। দ্বিতীয় রাত কাটল উৎকণ্ঠায়।

ফেরার পালা

তৃতীয় দিন ভোরে উঠে মাচালং বাজারের উদ্দেশে রওনা দিলাম। কিছু দূর এগোনোর পর মনিরুল এইচ খান প্রস্তাব দিলেন, ইঞ্জিন বন্ধ করে বন ও বন্য প্রাণীর ছবি তুলতে যাবেন। কিছুক্ষণ পরপর পাখি ও নানা জাতের প্রাণী দেখে মনিরুল খান সতর্কসংকেত দিচ্ছিলেন। তখন চুপ হয়ে কেউ কেউ ক্যামেরা তাক করে ছবি তুলছিল। পথে পথে কাচালং নদে মাছ শিকার ও বাঁশগাছ আহরণকারীদের সঙ্গে দেখা হলে কথা বলেন গবেষকেরা। কাচালং বনে বাঘ, ভালুক, গয়াল, হাতিসহ বিপন্ন বন্য প্রাণীর অবস্থান বিষয়ে জানতে চান তাঁরা। চমকপ্রদ তথ্য পেয়ে উজ্জীবিত হন গবেষকেরা। এভাবে টানা ৬ ঘণ্টা পর ১১টার দিকে বনের ভুয়াছড়িতে পৌঁছালাম আমরা। বিকেল নাগাদ মাচালং বাজারে পৌঁছে শেষ হয় বন্য প্রাণীর খোঁজে তিন দিনের অভিযান।