এমন ঘটনা বারবার ঘটে না
লিও তলস্তয় একবার বক্তৃতা করছিলেন। বক্তৃতায় সব প্রাণীর প্রতি অহিংস ও সহানুভূতিশীল হওয়ার কথা বলছিলেন তিনি। এমন সময় একজন প্রশ্ন করল, ‘বনের ভেতর একটা বাঘ যদি আমাকে আক্রমণ করে, কী করব বলুন তো?’
তলস্তয় বললেন, ‘নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। এমন ঘটনা জীবনে বারবার ঘটে না!’
নাপিত আর মার্ক টোয়েন
মার্ক টোয়েন একবার শেভ করতে স্যালনে গেছেন। শেভ করার ফাঁকে ফাঁকে নাপিতের সঙ্গে আলাপ করছিলেন তিনি।
‘আপনাদের শহরে এবারই প্রথম বেড়াতে এলাম।’
‘ভালো সময়ে এসেছেন। আজ রাতে আমাদের এখানে মার্ক টোয়েন বক্তৃতা করবেন। আপনি সেখানে যাচ্ছেন তো?’
‘হুম... আশা করছি যাব।’
‘টিকিট কিনেছেন?’
‘না তো!’
‘মনে হয় আর টিকিট পাবেন না। পেলেও আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে।’
‘আমার ভাগ্যটাই আসলে খারাপ। ভদ্রলোক যখনই বক্তৃতা করেন, তখনই আমাকে সব সময় দাঁড়িয়ে থাকতে হয়!’ বললেন মার্ক টোয়েন।
বিদ্যাসাগর খেলেন তেলাপোকা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতায় থাকতেন বাবা আর ভাইসহ। সঙ্গে আরও অনেকেই থাকতেন। সেই বাসায় ভোরবেলা উঠে ঈশ্বরচন্দ্র সবার জন্য রান্না করতেন। তাঁকেই বাজার করতে হতো। তারপর তিনি ১০টার মধ্যে কলেজে হাজির হতেন।
একদিন রেঁধে সবার সামনে খাবার পরিবেশন করছেন ঈশ্বরচন্দ্র। নিচতলার আধো অন্ধকার ঘর। স্যাঁতসেঁতে মেঝে। পোকা কিলবিল করে। ঈশ্বরচন্দ্র দেখলেন, তরকারির হাঁড়িতে একটা তেলাপোকা। এখন এতগুলো মানুষের খাবার নষ্ট করা যাবে না। তাই তিনি তেলাপোকাটা ধরে নিজের মুখে চালান করে দিলেন।