স্টার্টিং স্যালারি
ব্যক্তিগত গাড়ির চালক পদে নিয়োগের জন্য একজনের সাক্ষাৎকার নিচ্ছিলেন দবির সাহেব।
লোকটার সঙ্গে কথাটথা বলেই তার ভালোই লাগল। তাই বললেন, ‘তোমার স্টার্টিং স্যালারি ৮ হাজার টাকা। চলবে তো?’
চালক বলল, ‘ধন্যবাদ, স্যার। স্টার্টিং স্যালারি একদম ঠিক আছে। কিন্তু স্যার, ড্রাইভিং স্যালারিটা কত, সেটা তো বললেন না।’
বিরক্তিকর বই
হাবু লাইব্রেরিতে একটা বই ফেরত দিতে গিয়ে লাইব্রেরিয়ানকে বলল, ‘গত সপ্তাহে এই বই নিয়ে গিয়েছিলাম। কিন্তু যতবারই বইটা পড়ি, ততবারই বিরক্ত লাগে। বলুন তো, কে লিখেছে এ বই? বইয়ে কোনো কাহিনিই নেই, পাতাজুড়ে শুধু হাজারো চরিত্রের নাম। মেজাজটাই খারাপ হয়ে গেছে আমার!’
লাইব্রেরিয়ান বললেন, ‘ও আচ্ছা, তাহলে তুমিই সেই পণ্ডিত, যে আমাদের টেলিফোন ইনডেক্সটা নিয়ে গেছ!’
নষ্ট দোরঘণ্টি
মজনু সাহেবের বাসার দোরঘণ্টি নষ্ট হয়ে গেছে। এক ইলেকট্রিশিয়ানকে ফোন করেছেন। সারা দিন চলে যাওয়ার পরও ইলেকট্রিশিয়ানের কোনো নামগন্ধ নেই।
মজনু সাহেব রেগেমেগে আবার ফোন করলেন, ‘আপনাকে না সেই সকালে আসতে বললাম। আসতে না পারলে সোজা বলে দেন!’
ইলেকট্রিশিয়ান বললেন, ‘আমি গেছিলাম তো, স্যার! অনেকক্ষণ ধরে বাসার কলবেল চেপে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে ফিরে এসেছি।’
ফোন যখন বাজল
চিকিৎসক জিজ্ঞেস করলেন, ‘আপনার কানে কী হয়েছে?’
রোগী বললেন, ‘শার্ট ইস্তিরি করার সময় ফোন এসেছিল। ভুলে ইস্তিরিটাকে ফোন ভেবে কানে লাগিয়েছিলাম।’
বিস্মিত চিকিৎসক বললেন, ‘কিন্তু ওই কানে তাহলে কী হয়েছে? ওটাও তো দেখছি লাল!’
রোগী বললেন, ‘ফোন তো একবার বাজেনি। ওই বদমাশটা আবারও ফোন করেছিল!’