বেশ কিছু দেশে এরই মধ্যে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে শুরু হবে ২৭ ডিসেম্বর থেকে। এদিকে প্রস্তুত হচ্ছে বাংলাদেশও।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগপ্রতিরোধক এই ভ্যাকসিনগুলো তৈরির প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠা গেছে বলা যেতে পারে। মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না এরই মধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেয়ে গেছে। এ মাসেই যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন পাবে বলে শোনা যাচ্ছে। এগিয়ে যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশের ভ্যাকসিনগুলোও। তবে এখন বড় প্রতিবন্ধকতা হলো, সেগুলো দেশে দেশে পৌঁছে দেওয়া।
কীভাবে পৌঁছাবে দেশে দেশে
আকাশপথে পৌঁছাবে ভ্যাকসিন। অর্থাৎ বিমানযোগে। ইউপিএস, ডিএইচএল, ফেডেক্সের মতো পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এখানে বড় ভূমিকা রাখবে। আবার যেসব যাত্রীবাহী এয়ারলাইনস পণ্য পরিবহনের সুবিধা দেয়, তারাও এতে যুক্ত থাকবে। তবে ভ্যাকসিন পরিবহনে বড় সমস্যা প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখা।
ভ্যাকসিন সংরক্ষণে প্রয়োজনীয় তাপমাত্রা
ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণ করতে হয় শূন্যের কমপক্ষে ৭০ ডিগ্রি সেলসিয়াস নিচে, অর্থাৎ আলট্রা কোল্ড স্টোরেজে। সাধারণ রেফ্রিজারেটরে তা পাঁচ দিনের বেশি রাখা যায় না বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লেখা আছে। আর মডার্নার ভ্যাকসিন শূন্যের ২০ ডিগ্রি সেলসিয়াস নিচে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। রেফ্রিজারেটরে রাখা যায় বড়জোর এক মাস। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অবশ্য ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যাবে বলে জানা গেছে।
ভ্যাকসিন পরিবহন হবে কীভাবে
ভ্যাকসিন পরিবহনের সময় এমন কনটেইনার ব্যবহার করতে হবে, যেটি প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখতে এবং প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে পারবে। আর সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যাপার তো আছেই।
পশ্চিমা দেশগুলোতে ইদানীং বিশেষায়িত ফ্রিজ এবং ড্রাই আইসের চাহিদা বেড়েছে বলে সংবাদ প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে। এর কারণ মূলত ভ্যাকসিন পরিবহনের সময় প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখতে ড্রাই আইস ব্যবহার করা হয়। আর হাসপাতাল কিংবা যে কেন্দ্রগুলো থেকে ভ্যাকসিন দেওয়া হবে, সেখানে স্বল্প সময়ের জন্য হলেও ভ্যাকসিন সংরক্ষণে বিশেষায়িত ফ্রিজগুলো ব্যবহার করা হবে। ফাইজারের তুলনায় মডার্নার ভ্যাকসিন পরিবহন অবশ্য কিছুটা সহজ।
ভ্যাকসিন শীতল রাখায় এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন
শুধু ২০১৯ সালে পরিবহনের সময় তাপমাত্রার তারতম্যের জন্য ৩ হাজার ৪০০ কোটি ডলার মূল্যের বিভিন্ন রোগের ভ্যাকসিন নষ্ট হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বব্যাপী যত ভ্যাকসিন সরবরাহ করা হয়, তার প্রায় অর্ধেকই নষ্ট হয়। এর বড় কারণ হলো, প্রয়োজনীয় শীতল তাপমাত্রায় সংরক্ষণ করার ব্যর্থতা। করোনার মতো মহামারিতে দুই ডোজ ভ্যাকসিন নষ্ট হওয়া মানে একজন মানুষ তা পাবে না। সুতরাং বুঝতেই পারছেন।
করোনাভাইরাস প্রতিরোধে মডার্না এবং ফাইজারের ভ্যাকসিন ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকরী বলে প্রতিষ্ঠান দুটি দাবি করেছে। ভ্যাকসিনগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে জেনেটিক উপাদান। এমআরএনএ নামের তুলনামূলক নতুন এ পদ্ধতিতে আমাদের শরীরের কোষগুলোকে রোগপ্রতিরোধী প্রোটিন তৈরি করতে শেখানো হয়। আর তা মানুষের শরীরে প্রয়োগ পর্যন্ত কার্যকরী রাখতেই সেগুলোকে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় সংরক্ষণ করা জরুরি।
সূত্র: সিনেট, ভক্স, দ্য কনভারসেশন