মা মুরগিদের প্রতিবাদ ও মুরগিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই রং মাখিয়ে বাজারে বিক্রি হচ্ছে মুরগির বাচ্চা
ছবি: জয়দেব সরকার

ইদানীং বাজারসহ পাড়া–মহল্লার অলিগলিতে মুরগির বাচ্চার গায়ে বিভিন্ন রং স্প্রে করে ‘বার্মার মুরগি’ নামে বিক্রি হচ্ছে, যা মুরগিসমাজের নজরে এসেছে। এর প্রতিবাদে বাচ্চা মুরগিদের মায়েরা গতকাল কারওয়ান বাজারের মুরগিপট্টিতে এক দীর্ঘ মুরগিবন্ধনে অংশ নেন। প্রতিবাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে প্রতিবাদী মুরগিসমাজের (প্রমুস) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আমরা আমাদের বাচ্চাদের গায়ে রং মাখিয়ে এভাবে যত্রতত্র বিক্রি করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ছোটবেলা থেকেই যদি আমাদের বাচ্চাগুলোর গায়ের আসল রং ঢেকে দিয়ে বাজারে বিক্রি করা হয়, তাহলে ওদের মনে কী রকম বিরূপ প্রভাব পড়তে পারে, একবার ভাবুন! একসময় বড় হয়ে ওরা তো স্বকীয়তাই হারিয়ে ফেলবে। সমাজেও তার প্রভাব পড়বে।
ফুলি, মুরগিবন্ধনে অংশ নেওয়া মা মুরগি

মুরগিবন্ধন চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মা ফুলি মুরগি বলেন, ‘আমরা আমাদের বাচ্চাদের গায়ে রং মাখিয়ে এভাবে যত্রতত্র বিক্রি করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ছোটবেলা থেকেই যদি আমাদের বাচ্চাগুলোর গায়ের আসল রং ঢেকে দিয়ে বাজারে বিক্রি করা হয়, তাহলে ওদের মনে কী রকম বিরূপ প্রভাব পড়তে পারে, একবার ভাবুন! একসময় বড় হয়ে ওরা তো স্বকীয়তাই হারিয়ে ফেলবে। সমাজেও তার প্রভাব পড়বে।’

আরেক প্রশ্নের জবাবে মা মুরগি কুককুরু বলেন, ‘ভাবা যায়, কী স্পর্ধা! কারা, কেন, কোথায়, কীভাবে এগুলো করছে? কে দেখবে? আসলে দেখার কেউ নেই! অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। কেন তারা আমাদের বাচ্চা ও আমাদের হেয় করছে? শুধু তা-ই নয়, কিছু অসাধু ব্যবসায়ী বাচ্চাদের রং করে বিদেশি “খাসি মুরগি” বলে বাজারে বেশি দামে বিক্রি করছে। এতে ক্রেতাদেরও ঠকানো হচ্ছে বলে আমরা মনে করি।’

ছবি: জয়দেব সরকার

প্রমুসের পক্ষ থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক লালি বলেন, ‘এটা চলতে দেওয়া যায় না। এভাবে চলতে পারে না। যথাযথ কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। অনতিবিলম্বে এর প্রতিকার না হলে আমরা মুরগিসমাজ তথা দেশি, ব্রয়লার, সোনালি, কক, খাসি ও লেয়ার মুরগিরা সারা দেশে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’

উল্লেখ্য, এ সময় বাবা মোরগেরা মুরগিবন্ধনের কাছেই মারমুখী পজিশন নিয়ে অবস্থান করছিলেন। মোরগদের কণ্ঠে ‘মানুষ তুমি মানুষ হও’, ‘সোনামণিদের গায়ে রং, মানি না মানব না’, ‘অসাধু ব্যবসায়ীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।