যুক্তরাজ্যের কেউ কেউ যুক্তরাষ্ট্রে রক্ত দিতে পারেন না কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: পেক্সেলস

স্বেচ্ছায় সেবামূলক কাজগুলোর মধ্যে রক্তদানকে অনেকেই দায়িত্ব মনে করেন। কারণ, এক ব্যাগ রক্ত একটি জীবন বাঁচাতে পারে। আর সে জন্যই ফেসবুকে ‘রক্ত প্রয়োজন’ শিরোনামে পোস্ট দেখলেই কেউ কেউ পুরোদস্তুর ঝাঁপিয়ে পড়েন। এখন এ রকম একজনকে রক্তদানের আগে যদি বলা হয়, আপনি রক্ত দিতে পারবেন না। এ কথা শোনার পর স্বাভাবিকভাবেই তিনি জানতে চাইবেন, কেন তিনি রক্তদানে অযোগ্য। মনে মনে হয়তো ভাববেন, তাহলে কি আমার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে? এমনকি রক্ত না দিতে পারায় অপরাধবোধও কাজ করতে পারে। দেখা গেল ব্লাড ব্যাংক বলছে, আপনি নির্দিষ্ট কিছু সময়ের জন্য নির্দিষ্ট কোনো এলাকায় ছিলেন বিধায় আপনার রক্ত আমরা নিতে পারছি না।

ঠিক এমনটাই ঘটেছে যুক্তরাজ্যে কিছু সময়ের জন্য অবস্থানকারী মানুষদের ক্ষেত্রে। ১৯৮০ থেকে ১৯৯৬ সালের মধ্যে ছয় মাস বা তার অধিক সময় যুক্তরাজ্যে অবস্থান করেছেন, এমন ব্যক্তিদের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন (এফডিএ) রক্তদানে নিষেধাজ্ঞা জারি করেছে বেশ আগে। এর মূলে আছে গবাদিপশুর একটি রোগ। রোগটি বেশি দেখা যায় গরুর মধ্যে, যা মানুষের মধ্যেও ছড়িয়েছিল। মানুষের শরীরে রোগটি দেখা দিলে এর নাম রাখা হয় ‘বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফ্যালোপ্যাথি’। এটি ‘ক্রুয়েটজফেল্ট জ্যাকব’ রোগের একটি ধরন হিসেবেও পরিচিত, যাকে সংক্ষেপে ‘ভিসিজেডি’ বলা হয়। এটি ‘ম্যাড কাউ’ রোগ হিসেবেও পরিচিত।

ছবি: পেক্সেলস

এই রোগ সাধারণত মস্তিষ্কে আক্রমণ করে। ধারণা করা হয়, যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় কেউ যদি এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে গরুর মাংস খেয়ে থাকেন, তাহলে তাদের শরীরে প্রিয়ন নামে এক বিকৃত প্রোটিন প্রবেশ করে এবং রোগটি হওয়ার আশঙ্কা থাকে। এ জন্যই যাঁরা ১৯৮০ থেকে ১৯৯৬ সালের মধ্যে কিছু সময়ের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় অবস্থান করেছিলেন, তাঁদের রক্ত গ্রহণের ওপর এফডিএ নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন ভিসিজেডি সম্পর্কে প্রথম পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেয় ১৯৯৯ সালে। প্রথম যখন রোগটি ধরা পড়ে তখন বিশেষজ্ঞরা দেশজুড়ে রক্তের জোগানে স্বল্পতা দেখা দেবে বলে ধারণা করেন। হয়েছিলও তা–ই। যুক্তরাষ্ট্রের রেডক্রসের তথ্য অনুযায়ী, এর ফলে রক্তদাতার পরিমাণ কমে যায় শতকরা ২ দশমিক ২ হারে।

সে সময় ৪০ জন ভিসিজেডিতে আক্রান্ত হন। যাঁদের মধ্যে ৩৯ জনই যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার। যদিও রোগটি তখন রক্ত গ্রহণের মাধ্যমে ছড়ায়নি। বরং ধারণা করা হয় মাংস বা গরুর দুধ খাওয়ার ফলেই তা ছড়িয়েছিল। বিজ্ঞানীরা পরীক্ষামূলকভাবে ইঁদুরের মস্তিষ্কে রোগটির জীবাণু প্রবেশ করিয়েছিলেন। তবু ঠিক কী কারণে রোগটি ছড়ায়, তা সুনির্দিষ্টভাবে জানতে পারেননি। সে জন্যই রক্তদানে প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এফডিএ তখন হিসাব করে দেখেছিল, এ জন্য প্রায় আড়াই লাখ রক্তদাতার রক্ত গ্রহণের অনুপযুক্ত ছিল।

শুধু যে যুক্তরাষ্ট্রই এমন সিদ্ধান্ত নিয়েছিল, বিষয়টি কিন্তু সে রকম না। সে সময় কানাডা ও জাপান সরকারের পক্ষ থেকেও একই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দীর্ঘ সময় চালু আছে যুক্তরাষ্ট্রে। যদিও যুক্তরাজ্যে ছয় মাস বা তার অধিক সময়ে কেউ থাকলে তিনি রক্ত দিতে পারবেন না বলা আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের রেডক্রস ওই নির্দিষ্ট সময়ে তিন মাস বা তার অধিক সময় থাকলেই রক্তদানে অযোগ্য হিসেবে গণ্য করে আসছে। তাদের ওয়েবসাইটে রক্তদানের দিকনির্দেশনা দেওয়া আছে। যেখানে যুক্তরাজ্যের কয়েকটি অঞ্চলের উল্লেখ আছে, যেখানে তিন মাস বা তার অধিক সময় থাকলে রক্ত দিতে পারবে না বলা হয়েছে।

কোলাজ: একটু থামুন

এখন প্রশ্ন জাগতে পারে, এ তো গেল যুক্তরাষ্ট্রের কথা, সেখানে না হয় এখন অনেককেই পাওয়া যাবে যাঁরা যুক্তরাজ্যে যাননি বা বেশি সময় ছিলেন না। একটু সমস্যা হলেও রক্তের ব্যবস্থা করা যাবে। কিন্তু যুক্তরাজ্যে বসবাসকারীদের ক্ষেত্রে রক্ত দেওয়া-নেওয়া করা হয় কীভাবে? এর উত্তর দিয়েছেন ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের ‘রক্ত এবং প্রতিস্থাপন’ বিভাগের পরিচালক লরনা উইলিয়ামসন। তিনি বলেন, রক্ত প্রতিস্থাপন করার সময় শ্বেতকণিকা পরিশোধন করা হয়। কারণ, ভিসিজেডি যে প্রিয়নের কারণে হয়ে থাকে তা শ্বেতকণিকায় পাওয়া যায়। তিনি আরও বলেন, ‘এই প্রিয়ন শরীরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গেই যে মানুষ রোগটিতে আক্রান্ত হবে, বিষয়টা কিন্তু সে রকম নয়। এর বেশ কিছু বছর পরও আক্রান্ত হতে পারে। তাই আমরা নিয়মিত পর্যবেক্ষণে রাখি।’

করোনাকালে অন্য সময়ের চেয়ে রক্তদাতার স্বল্পতা দেখা দিয়েছে। বিভিন্ন ধরনের অপারেশন তো আছেই, তা ছাড়া প্লাজমা চিকিৎসায় রক্তদাতার প্রয়োজন পড়ছে তুলনামূলক বেশি। ১৯৮০ থেকে ১৯৯৬ সালে ইউরোপের বিভিন্ন মিলিটারি ক্যাম্পে যেসব সেনাসদস্য কাজ করেছেন, তাঁরা এত দিন রক্ত দিতে পারেননি। কিন্তু ২০২০ সালে তাঁদের ওপর থেকে এফডিএ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ফলে তাঁরা এখন রক্ত দিতে পারছেন। এ ছাড়া নির্দিষ্ট কিছু এলাকায় অবস্থানকারী বাদে সাধারণ মানুষও রক্ত দিতে পারছেন। তবে রক্ত দেওয়ার আগে তাঁদের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন, ন্যাশনাল পাবলিক রেডিও, ডিপার্টমেন্ট অব ভেটারেন্স অ্যাফেয়ার্স, আমেরিকান রেডক্রস ব্লাড সার্ভিস

আরও পড়ুন