চিন্তা করার স্বাধীনতা মানুষের মৌলিক গুণ। কিন্তু অধিকাংশ মানুষই যুগ যুগ ধরে গুণটি তেমন করে কাজে লাগায়নি। বলা ভালো, আনন্দের সঙ্গেই উপেক্ষা করেছেন। যেসব ভিত্তিহীন, আজগুবি বিশ্বাস চলে আসছে দিনের পর দিন, তাতে ঘাই দিয়ে নতুন বিশ্বাস স্থাপনের আগ্রহ খুব কম মানুষের মধ্যেই দেখা যায়।
‘এমনি করেই যায় যদি দিন যাক না’ বলে চিন্তার বদ্ধতা আর স্থবিরতাকে উপভোগ করাই যায়; তবে তাতে সভ্যতার উন্নয়নও হয়ে পড়ে স্থবির। তাহলে পৃথিবী যে এত দূর এল! বিজ্ঞানের জয়জয়কার, তথ্যপ্রযুক্তির প্রবল প্রতাপ আর সভ্যতার সব নতুন নতুন দিগন্ত! কী করে হলো এত সব? হ্যাঁ, পৃথিবীর সমুদয় মানুষ তো আর একসঙ্গে আবদ্ধ চিন্তার হতে পারে না। যুগে যুগে কিছু মানুষ হেঁটেছেন বিপরীত পথে। প্রথাগত ভুল বিশ্বাসে আঘাত করেছেন। মুক্তচিন্তার অনুশীলন নিজেরা করেছেন, ছড়িয়েছেন মানুষের মধ্যে। ফলে পৃথিবী হাঁটতে পেরেছে প্রগতির পথে।
তবে এই মুক্তচিন্তক মানুষেরা নিগৃহীতও হয়েছেন অনেক। প্রচলিত চিন্তার সঙ্গে উদার ও স্বাধীন চিন্তার বিরোধ ঘটলেই নেমে এসেছে নিগ্রহ, নির্যাতন। নিজের সত্য বিশ্বাস প্রতিষ্ঠায় কেউ কেউ জীবন দিয়েছেন, সহাস্য পান করেছেন হেমলক। আবার কেউ কাটিয়েছেন আড়াল জীবন। সক্রেটিস থেকে আরজ আলী মাতুব্বর—ইতিহাসে উদাহরণ রয়েছে প্রচুর।
টমাস পেইন, এক বিখ্যাত মুক্তচিন্তক, যাঁর স্বাধীন চিন্তা ও দর্শন গভীর ফরাসি ও আমেরিকান বিপ্লবে প্রভাব ফেলেছিল। ২৯ জানুয়ারি, অর্থাৎ আজকের এই দিনে ১৭৩৭ সালে ইংল্যান্ডে জন্মেছিলেন তিনি। দিনটির প্রতি সম্মান জানাতে ১৯৯০–এর দশকে দ্য ট্রুথ সিকার ম্যাগাজিন ‘ফ্রি থিঙ্কারস ডে’ নামে একটি দিবস চালু করে।
আজ ২৯ জানুয়ারি, মুক্তচিন্তক দিবস। টমাস পেইনের কিছু লেখাজোকা পড়তে পারেন আজ। নেড়ে–ঘেঁটে দেখতে পারেন আরজ আলীর দর্শন। আপনার স্বাধীন চিন্তার খোরাক হতে পারে, এমন কিছু সিনেমাও দেখতে পারেন।
ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে