মেসির সঙ্গে আমার মিলটা ওখানেই, সে গোল দেয়, আমিও দিতাম। নেইমার কিংবা রোনালদো বলুন, আর পুরোনো সেই ম্যারাডোনা কিংবা পেলে, তাদের খেলা দেখে লোকে যেমন আনন্দ পেত, আমারটা দেখেও তা-ই। তারা একেকজন একেকটি ত্রাস, আমিও ফুটবল খেলায় সাংঘাতিক এক ত্রাসের নাম ছিলাম। পার্থক্য শুধু এই-ই যে ওরা গোল দেয় বিপক্ষ দলের জালে, ওরা ত্রাস বিপক্ষ দলের জন্য, অন্যদিকে আমি গোল দিতাম নিজের জালে, আমি আমার নিজের দলের জন্যই ছিলাম ভয়াবহ এক ত্রাস।
এত প্রতিভা নিয়ে বেশি দিন খেলা যায় না। কলম্বিয়ার এক খেলোয়াড় আত্মঘাতী গোল দিয়ে কলম্বিয়াকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছিল বলে সে দেশে ফেরার পর আততায়ী তাকে গুলি করে একদম মেরেই ফেলেছিল। আমি গুলি দূরে থাক, পচা ডিম খাওয়ার আগেই তাই ফুটবল থেকে অবসর নিয়ে ফেলেছি।
ভেবে দেখেছিলাম, স্ট্রাইকার হলে বেশ কষ্ট। বল নিয়ে দৌড়ে মাঠের সেএএএই মাথায় গিয়ে গোল দিতে হতো। অন্যদিকে, ডিফেন্ডার হলে খুবই মজা।
আমি যত দিন খেলেছি, আমার খেলা মানেই ছিল ‘পিওর বিনোদন’। আমি ছিলাম ডিফেন্ডার থেকে স্ট্রাইকার...সব। একদম সব। মাঠের এমাথা থেকে ওমাথা সর্বত্রই ছিল আমার অবাধ বিচরণ। খুব খেটে খেলতাম। কিন্তু বেশির ভাগ সময়ই পায়ে বল ছোঁয়াতে হয়নি আমাকে। লোকে বলত আমি নাকি বল পেতাম না। ব্যাপারটা আসলে তা না। আমি এত ভালো খেলতাম যে বিপক্ষ দল কিংবা নিজের দলের খেলোয়াড়েরাও আমার আশপাশে বল নিয়ে আসত না।
ফুটবলে কী সব ফরমেশন আছে, সারা মাঠে খেলাই দায়। ডিফেন্স, মিডফিল্ড বা স্ট্রাইক—পজিশন আগেই ঠিক করে নিতে হয়। আমি অনেক ভেবে ডিফেন্ডার হিসেবেই নিজের নাম দিয়েছিলাম। ভেবে দেখেছিলাম, স্ট্রাইকার হলে বেশ কষ্ট। বল নিয়ে দৌড়ে মাঠের সেএএএই মাথায় গিয়ে গোল দিতে হতো। অন্যদিকে, ডিফেন্ডার হলে খুবই মজা। বিপক্ষ দলই দেখি বল নিয়ে আমার দিকে ছুটে আসত, আমিও নিশ্চিন্তে নিজের জালে গোল দিয়ে দিতে পারতাম।
লোকে তাতে কেমন করে যেন তাকাত, আমি পাত্তা দিতাম না। কারণ, আমি জানতাম, কোন জালে বল জড়ালাম, সেটা বড় কথা না; গোল করাটাই বড় কথা। কারণ, গোলের খেলা ফুটবল। ফুটবল মানেই গোওওওল!