রক্ত বেচে খেলা দেখা, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম বেকার

পৃথিবীজুড়ে ফুটবল নিয়ে ভক্তদের নানা রকম পাগলামো দেখা যায়। মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার জন্য অদ্ভুত সব কাণ্ডও করে থাকেন ভক্তরা। কিন্তু আমেরিকান ফুটবল ক্লাব গ্রিন বে প্যাকার্সের পাঁড় ভক্ত জিম বেকারের গল্পটা অন্য রকমই বলতে হবে। ব্যাপারটা একটু খোলাসা করেই বলা যাক।

জিম যুক্তরাষ্ট্রের উইসকনসিনের অধিবাসী। গ্রিন বে প্যাকার্সের খেলা দেখার জন্য টিকিটের টাকা জোগাড় করতে বছরের পর বছর নিজের শরীরের রক্ত বিক্রি করেছেন। ১৯৪১ সালে প্রথম এই দলের খেলা দেখেন তিনি। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ১৯৫২ সাল থেকে শুরু করেন রক্ত বেচে খেলা দেখা। ১১ সন্তানের জনক জিম বেকারের জন্য সংসারের খরচ বহন করাই ছিল কঠিন।

স্বাভাবিকভাবেই টাকা খরচ করে খেলা দেখার মতো বিলাসিতা করার সুযোগ ছিল না। কিন্তু তা বলে তো খেলা দেখা বন্ধ থাকতে পারে না! অগত্যা বেছে নিয়েছিলেন রক্ত বিক্রি করে অর্থ জোগাড়ের এই পথ। ১৯৫২ থেকে ২০০৮—৫৬ বছর ধরে তিনি প্রিয় দলের প্রতি এই মুগ্ধতা দেখিয়ে গেছেন। দলের জন্য এই পাগলামোর ঘটনাটুকু না হয় হজম করা গেল, কিন্তু আসল বিস্ময়কর ঘটনা তো বলাই হয়নি!

১৯৭৫ সালে জিম বেকারের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানালেন, তিনি হিমোক্রোমাটোসিস নামে এক বিরল রক্তরোগে আক্রান্ত। যাকে সেলটিক ডিজিজও বলে থাকেন অনেকে। এই রোগের একমাত্র চিকিৎসাই নিয়মিত রক্তদান। নির্দিষ্ট সময় পরপর রক্ত ফেলে না দিলে খুব কম বয়সেই মারা যেতে পারতেন তিনি। এটি একটি বংশগত রোগ।

জিম বেকার

জিম বেকারের বাবা ৪৩ বছর বয়সে মারা গিয়েছিলেন। রোগটির কোনো উপসর্গও সে অর্থে দৃশ্যমান থাকে না। ফলে যেকোনো সময় ঘটে যেতে পারত দুর্ঘটনা। জিম বেকার তাঁর রোগের ব্যাপারে কিছুই জানতেন না। সুতরাং বলা যায়, নিজের অজান্তেই নিজের চিকিৎসা করে এসেছেন এত দিন। ব্যাপারটি নিতান্তই কাকতালীয়। আর কাকতালীয় বলেই বিস্ময়কর।

২০১০ সালে ফুটবল দল গ্রিন বে প্যাকার্স তাদের ফ্যান হল অব ফেমে জিম বেকারের নাম যুক্ত করে তাঁর প্রতি সম্মান জানায়। সে সময় তাঁর বয়স ছিল ৭৯ বছর। বিশ্বজুড়ে প্রচুর ফুটবল ক্লাব আছে, অগণিত ভক্তও আছে তাদের। কিন্তু সম্ভবত প্যাকার্সই একমাত্র ক্লাব যারা তাদের খেলার মুগ্ধতায় জড়িয়ে একজনের জীবন বাঁচিয়ে দিতে পেরেছে বলে দাবি করতেই পারে।

সূত্র: এবিসি নিউজ